Published : 11 Sep 2026, 12:39 AM
ভারতীয অভিনেতা রাজেশ শর্মা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ছিলেন মাস দুয়েক আগে। তখন খবর এসেছিল হায়দরাবাদে একটি জঙ্গলের মধ্যে সিনেমার শুটিং করতে গিয়ে ‘বিষাক্ত মাকড়সার কামড়ে’ অসুস্থ হন তিনি।
‘দ্য ওয়াল’ জানিয়েছে সেই খবর এবার নাকচ করেছেন অভিনেতা নিজে। রাজেশ বলেন, এমন কোনো কারণে তিনি অসুস্থ হননি। বরং দীর্ঘদিনের একটি ত্বকের সমস্যার সঙ্গে তার অনিয়ন্ত্রিত ডায়াবেটিসই পরিস্থিতিকে জটিল করে তুলেছিল।
অভিনেতার ডান পায়ে আগে থেকেই একটি ত্বকের সমস্যা ছিল। তার কথায়, সেই সমস্যাই ধীরে ধীরে সংক্রমণের দিকে যায়। একই সময়ে রক্তে শর্করার মাত্রাও অত্যন্ত বেড়ে যায়। শুরুতে বিষয়টির গুরুত্ব বুঝতে পারেননি তিনি।
ফলে কলকাতায় ফেরার পর পরিস্থিতি দ্রুত খারাপ হতে শুরু করে এবং শেষ পর্যন্ত হাসপাতালে ভর্তি হতে হয় তাকে।
অভিনেতার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর সঞ্চালক, অভিনেত্রীর সুদীপা চট্টোপাধ্যায়ের একটি ইনস্টাগ্রাম পোস্ট থেকেই মূলত বিষাক্ত মাকড়সার কামড়ানোর গল্প সামনে আসে।
সেই পোস্টে দাবি করা হয়েছিল, হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে শুটিং শেষ হওয়ার পর স্থানীয় কয়েকজন টেকনিশিয়ানের সঙ্গে কথা বলছিলেন রাজেশ। চারপাশে ছিল ঘন গাছপালা। সেই সময় বিষাক্ত মাকড়সা তাকে কামড়াতে পারে বলে সন্দেহ করা হয়। প্রথমে বিষয়টি গুরুতর মনে না হওয়ায় রাজেশ চিকিৎসা না করিয়েই কাজ চালিয়ে যান বলেও ওই পোস্টে বলা হয়েছিল। পরে অবশ্য পোস্টটি সরিয়ে দেওয়া হয়।
সুদীপার সেই বক্তব্যে আরও বলা হয়েছিল, শারীরিক অবস্থার অবনতি সত্ত্বেও রাজেশ বিমানে কলকাতায় ফেরেন। যাত্রাপথেই তার জ্বর বাড়তে থাকে, অস্থিরতা দেখা দেয় এবং শারীরিক অবস্থার আরও অবনতি হয়।
বেশ কিছুদিন চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকার পর জুলাইয়ের মাঝামাঝি হাসপাতাল থেকে ছাড়া পান অভিনেতা।
কিন্তু রাজেশ শর্মার নিজের বক্তব্য সম্পূর্ণ অন্য।
এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, পোকা কামড়ানোর খবরটি সম্পূর্ণ ভুল। হায়দরাবাদে শুটিং করার সময়ও তার সঙ্গে এমন কিছু ঘটেনি।
সুদীপা কেন এমন তথ্য দিয়েছিলেন, সেই ব্যাখ্যাও দিয়েছেন রাজেশ। তার কথায়, সুদীপা খুব কাছের বন্ধু এবং উদ্বেগ থেকেই তিনি ওই পোস্ট করেছিলেন। এছাড়া সুদীপাকে ভুল তথ্য দেওয়া হয়েছিল। তাই সেই ভুল তথ্যের ভিত্তিতেই পোকা কামড়ানোর কথা সোশাল মিডিয়ায় প্রকাশ্যে চলে আসে।
অসুস্থতার ধাক্কা সামলে এখন অবশ্য সুস্থতার পথে রাজেশ শর্মা। তিনি জানিয়েছেন, তার চিকিৎসা শেষ হয়েছে এবং আপাতত চলছে সেরে ওঠার পর্যায়।
সব ঠিক থাকলে সপ্তাহখানেকের মধ্যেই কাজে ফিরতে চান তিনি।
আরও পড়ুন: