০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

আজীবন সম্মাননা পেলেন এডি মার্ফি

“আমার চোখে পানি চলে এসেছে। স্টেজের পেছনে গিয়ে আমি কাঁদবো।”

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2026, 02:51 PM

Updated : 26 Aug 2026, 03:27 PM

হলিউডের কমেডি আইকন এডি মার্ফিকে আজীবন সম্মাননা দিয়েছে অ্যামেরিকান ফিল্ম ইনস্টইটিউট (এএফআই)। 

চলচ্চিত্র জগতে এই অভিনেতার প্রায় পাঁচ দশকের ক্যারিয়ারের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাকে এই সম্মাননা দেওয়া হয়।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, শনিবার রাতে লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে আয়োজিত হয় এএফআইয়ের এই অনুষ্ঠান। 

৬৪ বছর বয়সী মার্ফি আশির দশকে স্ট্যান্ড আপ কমেডি দিয়ে ক্যারিয়ার শুরু করেন। এরপর চলে আসেন টিভির বিখ্যাত স্কেচ কমেডি সিরিজ ‘স্যাটারডে নাইট লাইভ’-এ। দুই ক্ষেত্রেই দারুণ সফল হওয়ার পর তার অভিষেক ঘটে বড় পর্দায়। 

১৯৮৪ সালে মুক্তি পাওয়া কমেডি-অ্যাকশন সিনেমা ‘বেভারলি হিলস কপ’ দিয়ে হলিউড সুপারস্টারদের তালিকায় নাম লেখান তিনি।

সাফল্য ধরে রাখেন ‘কামিং টু অ্যামেরিকা’, ‘নাটি প্রফেসর’ ও ‘শ্রেক’ এর মত জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিগুলো দিয়ে।

সম্মাননা গ্রহণের পর মঞ্চে মার্ফি ধন্যবাদ জানিয়েচেন তার পরিবারের সদস্যদের প্রতি।

তিনি বলেন “আমার পরিবারের সদস্যদের, আমার সন্তানদের, আমার সুন্দরী স্ত্রী, যাদের সঙ্গে কাজ করেছি সেই সব সহকর্মীকে একসঙ্গে দেখে আমার মন ভরে গেছে।”

আবেগাপ্লুত মার্ফি আরও বলেন, “এটা খুব বিশেষ একটা মুহূর্ত। আমার ইচ্ছা হচ্ছে আমি যেমনটা অনুভব করছি ও যা দেখছি সেটা যদি আপনারা অনুভব করতে পারতেন ও দেখতে পেতেন! আমার চোখে পানি চলে এসেছে। ব্যাকস্টেজে গিয়ে আমি কাঁদবো।”

মার্ফিকে সম্মান জানাতে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন হলিউডের জনপ্রিয় কিছু অভিনেতা ও কমেডিয়ান। মার্ফির দীর্ঘদিনের বন্ধু পরিচালক স্পাইক লি, কমেডিয়ান মার্টিন লরেন্স ও ক্রিস রক বক্তব্য দেন অনুষ্ঠানে।

এছাড়া ‘শ্রেক’ সিনেমায়  মার্ফির সহ-অভিনেতা মাইক মায়ার্স, কিংবদন্তি সঙ্গীতশিল্পী স্টিভি ওয়ান্ডার, কমেডিয়ান কেভিন হার্ট, সঞ্চালক ও অভিনেতা আর্সেনিও হলসহ আরও অনেকে বক্তব্য রাখেন। 

বিশেষ এই সম্মাননা পুরস্কার অনুষ্ঠানটি  নেটফ্লিক্সে দেখা যাবে আগামী ৩১ মে।