১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘মোটরহেড’ ব্যান্ডের গিটারিস্ট ফিল ক্যাম্পবেল আর নেই

মোটরহেডের সঙ্গে ক্যাম্পবেল ১৬টি স্টুডিও অ্যালবাম রেকর্ড করেন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2026, 07:45 PM

Updated : 26 Aug 2026, 03:10 PM

আইকনিক হেভি মেটাল ব্যান্ড মোটরহেডের দীর্ঘদিনের গিটারিস্ট ফিলিপ অ্যান্থনি ক্যাম্পবেল মারা গেছেন।

রোলিং স্টোন ম্যাগাজিন জানিয়েছে, শনিবার ক্যাম্পবেল ও তার তিন ছেলেকে নিয়ে গড়া ব্যান্ড ‘ফিল ক্যাম্পবেল অ্যান্ড দ্য বাস্টার্ড সন্স’-এর সোশাল মিডিয়া অ্যাকাউন্টে তার মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়; ক্যাম্পবেলের বয়স হয়েছিল ৬৪ বছর। 

বিবৃতিতে ব্যান্ডটি বলা হয়, “অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা ঘোষণা করছি যে আমাদের বাবা ফিলিপ অ্যান্থনি ক্যাম্পবেল মারা গেছেন। একটি জটিল বড় অস্ত্রোপচারের পর দীর্ঘদিন আইসিইউতে সাহসী লড়াইয়ের পর তিনি গত রাতে শান্তিতে পরপারে পাড়ি দিয়েছেন।”

বিবৃতিতে আরও বলা হয়, “ফিল ছিলেন নিবেদিতপ্রাণ স্বামী, অসাধারণ বাবা ও গর্বিত দাদু। পরিবারে তাকে স্নেহভরে ‘বাম্পি’ বলে ডাকা হত। যারা তাকে চিনতেন, সবাই তাকে গভীরভাবে ভালোবাসতেন। তার সংগীত, স্মৃতি ও লিগ্যাসি চিরকাল বেঁচে থাকবে।”

ওয়েলসে জন্ম নেওয়া ক্যাম্পবেল সত্তর দশকের শেষের দিকে ব্রিটিশ হেভি মেটাল ব্যান্ড ‘পার্শিয়ান রিস্ক’ গঠন করেন। পাঁচ বছর সেখানে কাটানোর পর ১৯৮৪ সালে লেমি কিলমিস্টারের ডাকে মোটরহেডে যোগ দেন তিনি। 

ক্যাম্পবেল ব্যান্ডের সপ্তম অ্যালবাম ‘অর্গাসম্যাট্রন’ (১৯৮৬) থেকে শুরু করে লেমির মৃত্যুর (২০১৫) পর ব্যান্ড ভেঙে যাওয়া পর্যন্ত ৩১ বছর মোটরহেডের সঙ্গে ছিলেন। মোটরহেডের সঙ্গে তিনি ১৬টি স্টুডিও অ্যালবাম রেকর্ড করেন।

‘ডেফ ফরএভার’, ‘ইট দ্য রিচ’ এবং ‘বর্ন টু রেইজ হেল’-এর মত জনপ্রিয় গানের রিফ তিনিই তৈরি করেন। মোটরহেড ভেঙে যাওয়ার পর ২০১৯ সালে তার প্রথম একক অ্যালবাম ‘ওল্ড লায়নস স্টিল রোর’ প্রকাশিত হয়। এরপর ‘ফিল ক্যাম্পবেল অ্যান্ড দ্য বাস্টার্ড সন্স’ ব্যান্ডের তিনটি অ্যালবাম বের করেন। ব্যান্ডটি এ বছর ইউরোপ সফরের পরিকল্পনা করেছিল, কিন্তু ক্যাম্পবেলের চিকিৎসকের পরামর্শে তা বাতিল করা হয়।

২০২০ সালে মোটরহেডকে রক অ্যান্ড রোল হল অব ফেমে মনোনয়ন দেওয়া হলেও শুরুতে ক্যাম্পবেলকে অন্তর্ভুক্ত করা হয়নি। 

কেবল লেমি, ‘ফাস্ট’ এডি ক্লার্ক ও ড্রামার ফিল ‘ফিলথি অ্যানিমাল’ টেলরকে মনোনয়ন দেওয়া হয়। পরে ফ্যানদের তীব্র প্রতিক্রিয়ার কারণে ক্যাম্পবেল ও ড্রামার মিকি ডি-কে যোগ করা হয়।

১৯৯২ সাল থেকে মোটরহেডের ড্রামারের দায়িত্ব পালন করা মিকি ডি শনিবার সোশাল মিডিয়ায় এক শোকবার্তায় বলেন, “তিনি আমার জীবনে দেখা সবচেয়ে মজার মানুষ এবং সেরা রক গিটারিস্ট। আমরা একসঙ্গে ১২টি স্টুডিও অ্যালবামে কাজ করেছি লিখেছি। তার অসম্ভব প্রতিভা আমাকে সবসময় অবাক করত। সবচেয়ে বড় কথা, তিনি ছিলেন পৃথিবীর সবচেয়ে সুন্দর মনের মানুষ। আমি তাকে খুব মিস করব।”