১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কোন বিষয়টি গানে মনোযোগ নষ্ট করে, বললেন শ্রেয়া

একটি গান গাওয়ার জন্য তিনি প্রায় ২৫ লাখ রুপি পারিশ্রমিক নেন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2026, 11:21 AM

Updated : 26 Aug 2026, 03:37 PM

সঙ্গীতশিল্পীদের একটি বড় সমস্যা সামনে এনেছেন ভারতীয় গায়িকা শ্রেয়া ঘোষাল। সোশালমিডিয়া নির্ভর এই যুগে এসে শিল্পীদের ধারণা রাখতে হয়, সমাজমাধ্যমের কোন কোন পাতায় তাদের কত অনুসারী আছেন। এই হিসেব নিকেশ করতে গেলে গানের দিকে সম্পূর্ণ মনোযোগ দেওয়া অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায় বলে মন্তব্য করেছেন শ্রেয়া।

আনন্দবাজার লিখেছে এক সাক্ষাৎকারে এ বিষয়টি সামনে আনেন এই গায়িকা। 

তিনি বলেন, “অ্যালগরিদম নিয়েও ভাবতে হয়। এর ফলে মূল শিল্পীসত্তার উপরে প্রভাব পড়ে।”

চার বছর বয়স থেকে সংগীত চর্চা শুরু করা শ্রেয়া ঘোষালকে গানের বড় পরিসরে প্রথম পাওয়া যায় ঠিক দুই দশক আগে ২০০৩ সালে। নির্মাতা সঞ্জয় লীলা বানসালীর ‘দেবদাস’ সিনেমায় প্লেব্যাক করেছিলেন তিনি। ব্যাপক জনপ্রিয়তা পায় শ্রেয়ার ‘ব্যারি পিয়া’ গানটি, যেখানে বিলাত ফেরত দেবদাসের সঙ্গে পার্বতীর উচ্ছ্বল প্রেম দেখানো হয়। আর এই গানের জন্য প্রথম জাতীয় পুরস্কার পান শ্রেয়া।

ওই সময়ে ক্যারিয়ার শুরু করার কারণে নিজেকে সৌভাগ্যবান বলে মনে করেন শ্রেয়া। তার কথায়, তখন এই ধরনের ডিজিটাল মাধ্যমের চাপ ছিল না। সেই সময় মানুষ শুধুমাত্র গানের প্রতি ভালবাসা থেকেই শিল্পীদের গ্রহণ করতেন। 

তবে বর্তমান প্রজন্মের শিল্পীদের প্রশংসাও করেছেন শ্রেয়া। তিনি বলেন, “আজকের তরুণ গায়ক ও সুরকারেরা এক দিকে ভালো গান তৈরি করছেন। অন্য দিকে শ্রোতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। একই সঙ্গে নিজেদের শিল্পচর্চাও চালিয়ে যাচ্ছেন, যা মোটেই সহজ কাজ নয়।”

শ্রেয়া বলেছেন, শিল্পীর শেখার কোনো শেষ নেই। তিনি এখনও তার সমসাময়িক, প্রবীণ এবং নবীন শিল্পীদের কাছ থেকে নতুন কিছু শিখে চলেছেন। 

পাঁচবারের জাতীয় পুরস্কার জয়ী শ্রেয়া রাজ্য চলচ্চিত্র পুরস্কার, ফিল্মফেয়ারসহ বহু পুরস্কার ও সম্মাননা পেয়েছেন।

হিন্দি সিনেমার গানই শ্রেয়াকে মূলত খ্যাতি এনে দেয়। তবে বাংলা, নেপালি, তামিল, ভোজপুরি, তেলেগু, উড়িয়া, গুজরাতি, মালয়ালম, মারাঠি, কন্নড়, পাঞ্জাবি ও অসমীয়া ভাষায় গান গেয়েছেন তিনি।

শ্রেয়া বর্তমানে বছরে প্রায় ১০ থেকে ১২ কোটি রুপি আয় করেন। একটি গান গাওয়ার জন্য তিনি প্রায় ২৫ লাখ রুপি পারিশ্রমিক নেন।