১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বর্ষবরণে প্রস্তুত ছায়ানট: নির্বিঘ্নে সংস্কৃতি চর্চার আহ্বান

রমনা উদ্যান থেকে দুই ঘণ্টার এই আয়োজন সরাসরি সম্প্রচার করবে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2026, 06:21 PM

Updated : 10 Sep 2026, 12:48 PM

বিগত দিনের সব ‘প্রতিকূল আবর্জনা’ দূর করে আরো মানবমুখী হওয়ার প্রত্যয় নিয়ে এবারও বর্ষবরণে প্রস্তুত সাংস্কৃতিক সংগঠন ছায়ানট।

আজন্ম বাংলা সংস্কৃতির চর্চা ও প্রসারে নিয়োজিত ছায়ানটের আহ্বান, "আমরা নির্বিঘ্নে সংস্কৃতি চর্চা করতে চাই'।"

১৪৩৩ বঙ্গাব্দের প্রথম দিন মঙ্গলবার ভোর সোয়া ৬টায়, রমনা বটমূলে নবীন আলোর সাথে ছায়ানটের সুরবাণীছন্দের সূচনা হবে।

রোববার এক সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের অনুষ্ঠান গাঁথা হয়েছে ৮টি সম্মেলক ও ১৪টি একক গান এবং দুটি পাঠ দিয়ে। এ আয়োজনে অংশ নেবেন প্রায় দুইশ শিল্পী।

ছায়ানটের লিখিত বক্তব্যে বলা হয়, "চলে এলো ১৪৩৩ বঙ্গাব্দ। বরাবরের মতোই সংস্কৃতিবিরোধী অপশক্তিকে তুচ্ছ করে ধর্ম-বর্ণ-শ্রেণি নির্বিশেষে বাঙালি তার সর্ববৃহৎ উৎসব, নতুন বছর বরণ করতে প্রস্তুত।

"ছায়ানটের বর্ষবরণের আয়োজনে বলতে চাই, 'চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির', সেখানেই বাঙালির জয়। বিগত বছরের সব প্রতিকূল আবর্জনা দূর করে আমরা হতে চাই, আরো মানবমুখী। নতুন বছর বাঙালিকে সে শক্তি জোগাক।"

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান ছায়ানটের সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা। উপস্থিত ছিলেন ছায়ানটের সভাপতি ডা. সারওয়ার আলী, সহ-সভাপতি খায়রুল আনাম শাকিল ও পার্থ তানভীর নভেদ এবং যুগ্ম সম্পাদক জয়ন্ত রায়।

লাইসা আহমদ লিসা বলেন, "বাঙালি যখন আপন বর্ষবরণের আয়োজন করছে, তখন মার্কিন-ইসরাইলি যুদ্ধবাজরা হাজার বছরের পারস্য সভ্যতার ধ্বংসলীলায় মত্ত, বিশ্ব জনজীবন বিপর্যয়ের সম্মুখীন। সব শঙ্কা-অনিশ্চয়তা-আতঙ্কের অবসান চায় ছায়ানট, কামনা করে মানবজাতির শান্তি-কল্যাণ-স্বস্তি। স্বপ্ন দেখে, পৃথিবী জুড়েই মানবতা-সংহতি-সাম্য-সম্প্রীতির ফুল ফুটবে। সংকল্প হোক, মিলিত পথের সাথী হয়ে অন্ধকারের অর্গল খুলে, আলোর ভুবনে যাত্রা।

"এবারের আয়োজনে সকালের স্নিগ্ধ প্রকৃতি এবং মানব ও দেশপ্রেমের গানের পাশাপাশি থাকছে লোক জনজীবনের সুর। বিশেষ সংযোজন, বৃটিশবিরোধী আন্দোলনের প্রখ্যাত গণসংগীতজ্ঞ সলিল চৌধুরী ও পাকিস্তানবিরোধী আন্দোলনের দুর্দম গীতিকার-সুরকার মতলুব আলীর প্রতি শ্রদ্ধাঞ্জলি।"

রমনা উদ্যান থেকে দুই ঘণ্টার এই আয়োজন একযোগে সম্প্রচার করবে বিটিভি ও দীপ্ত টেলিভিশন এবং বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও প্রথম আলোর ওয়েব পোর্টাল। 

অনুষ্ঠান সরাসরি দেখা যাবে ছায়ানটের ইউটিউব চ্যানেল (youtube.com/@chhayanautbdও ফেইসবুক পেইজে (facebook.com/chhayanautbd)। বিলম্বিত সম্প্রচার করবে চ্যানেল আই টেলিভিশন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ছায়ানটের পহেলা বৈশাখ উদযাপন সুষ্ঠু রাখতে বরাবরের মতই অক্লান্ত সেবা দিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী ও গণপূর্ত অধিদপ্তর। 

ছায়ানট কর্মীদের সঙ্গে সেবায় যুক্ত হয়েছে থার্টিনথ হুসার্স ওপেন রোভার গ্রুপ ও এজিস সার্ভিসেস লিমিটেড। 

মঞ্চসজ্জায় আছেন দুই শিল্পী, ছায়ানটেরই প্রাক্তনী, মমিনুল হক দুলু ও রণজিত রায়।