Published : 04 Sep 2026, 10:42 AM
প্রয়াত দুই অভিনেতা এ টি এম শামসুজ্জামান ও মাসুদ আলী খানের শেষ অভিনয়ের স্মৃতি নিয়ে শুক্রবার প্রচার হতে যাচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র বিশেষ সংকলিত পর্ব।
প্রতি মাসের ধারাবাহিকতার বাইরে এসে এবারের পর্বটি সাজানো হয়েছে পুরনো কিছু পর্বের অংশ নিয়ে।
বাংলাদেশ টেলিভিশনের পর্দায় দেখা যাবে এই পর্বটি। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।
ফাগুন অডিও ভিশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে থাকছে ২০১৯ সালের নভেম্বরে বান্দরবানের নীলাচলের ‘টাইগার পাহাড়’ চূড়ায় ধারণ করা পর্বের অংশবিশেষ।
পাহাড়, জলপ্রপাত ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতির আবহ তুলে ধরা সেই পর্বের পাশাপাশি অন্যান্য দশকপ্রিয় অংশ দিয়ে পুরো অনুষ্ঠানটি সাজানো হয়েছে।
এই পর্বেই দেখা যাবে প্রয়াত দুই বরেণ্য অভিনেতা এ টি এম শামসুজ্জামান ও মাসুদ আলী খানের শেষ অভিনয়। দীর্ঘদিন অসুস্থ থাকার পর ইত্যাদির বান্দরবান পর্বের একটি নাট্যাংশের মাধ্যমেই প্রথম ক্যামেরার সামনে এসেছিলেন এ টি এম শামসুজ্জামান। এটিই ছিল এই দুই প্রবীণ অভিনেতার জীবনের শেষ অভিনয়।
বিটিভি প্রাঙ্গন ও বান্দরবানের বাইরেও বেশ কিছু প্রতিবেদন থাকছে এতে। এর মধ্যে রয়েছে পাহাড়ি এলাকার চঞ্চল কান্তি চাকমার ‘ব্যক্তি উদ্যোগে’ বয়স্ক ভাতা চালু, গাইবান্ধার ফুলছড়ির একটি শিক্ষক পরিবারের শিক্ষা বিস্তার এবং সমুদ্র সৈকতের পরিবেশ বিষয়ক সচেতনতামূলক প্রতিবেদন।
সঙ্গীতাংশে রয়েছে গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামানের কথায় ও হানিফ সংকেতের সুরে গান। গানটি গেয়েছেন আঁখি আলমগীর ও মারমা শিল্পী মান মান সিং।
গানটির সংগীতায়োজন করেছেন মেহেদী। এছাড়া পাহাড়ের ১১টি নৃগোষ্ঠী ও স্থানীয় বাঙালি মিলে শতাধিক নৃত্যশিল্পীর পরিবেশনায় একটি দলীয় নৃত্য দেখানো হবে।
সামাজিক অসঙ্গতি নিয়ে বিদ্রূপাত্মক নাট্যাংশের পাশাপাশি বরাবরের মতো থাকছে নানি-নাতি, মামা-ভাগ্নে, দর্শক পর্ব ও চিঠিপত্র বিভাগ।