Published : 17 Nov 2025, 02:47 PM
চলতি বছরের এপ্রিলে ‘রঙ্গনা’ নামের একটি সিনেমা দিয়ে নয় বছর পর ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন ঢাকাই সিনেমার একসময়ের ব্যস্ত নায়িকা শাবনূর। বেশ ঘটা করেই এসেছিলে সিনেমায় ফেরার সেই ঘোষণা।
প্রথম ধাপের শুটিংও শেষ করেছিলেন শাবনূর। সেই শুটিং করা সিনেমার সেসব ভিডিও পাওয়া যাচ্ছে ইউটিউবের একটি চ্যানেলে।
সে সব ভিডিওর ক্যাপশনে লেখা রয়েছে, 'শাবনুরের নতুন সিনেমার টাকা নিয়ে পালালেন ডিরেক্টর'; আরও একটির ক্যাপশনে লেখা, 'চিত্রনায়িকা শাবনূরের বোনের নতুন প্রেমের সম্পর্ক ফাঁস! পুরো মিডিয়ায় হইচই’।
সাতটি পর্বে সব মিলিয়ে ঘণ্টাখানেকের ভিডিও প্রকাশ্যে এসেছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন শাবনূর।
নির্মাতা আরাফাত হোসাইনের বিরুদ্ধে তুলেছেন অপেশাদারত্বের অভিযোগ, পাশাপাশিও পেশাগত মর্যাদা ক্ষুণ্ন হয়েছে বলেও মন্তব্য করেছেন এই অভিনেত্রী।

ফেইসবুকে এক পোস্টে শাবনূর লিখেছেন, "এ সিনেমার প্রযোজনা ও পরিচালনার সঙ্গে যুক্ত সংশ্লিষ্টরা শুরু থেকেই অপেশাদারসুলভ আচরণ করেছে। কাজ শুরুর আগেই তারা একটি নিম্নমানের পোস্টার প্রকাশ করে, যা সোশাল মিডিয়ায় ব্যাপক সমালোচিত হয়। শুটিং চলাকালেও ইউনিটে ছিল অগোছালো ভাব ও অব্যবস্থাপনা। আমাকে শুরুতে বলা হয়েছিল, কিছু দৃশ্য ও গান বিদেশে শুট হবে এবং এডিটিংও হবে দেশের বাইরে, কিন্তু বাস্তবে তাদের কথার কোনো প্রতিফলন দেখিনি।"
শাবনূর জানিয়েছেন, 'রঙ্গনা' সিনেমার ভিডিও ইউটিউবে প্রকাশ হবে জানলে তিনি এই কাজের সঙ্গে কখনো যুক্ত হতেন না।
“আমি আমার প্রতিশ্রুতি রাখতে চেয়েছিলাম। ডিসেম্বরে বাকি শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু হঠাৎ দেখি, সিনেমার অসম্পূর্ণ ফুটেজ ইউটিউবে প্রকাশ করা হয়েছে। যে সিনেমা বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা, সেটি এখন বিনা মূল্যে অনলাইনে ছড়িয়ে পড়েছে। আমি বড় পর্দার অভিনেত্রী। আমার কাজ ইউটিউবে বিনা মূল্যে দেখানোর জন্য নয়। যদি আগে জানতাম, এই প্রজেক্টটি সিনেমা হলের বদলে ইউটিউব কনটেন্ট হিসেবে প্রকাশ হবে, তাহলে কখনো এতে অংশ নিতাম না।”
এমন ঘটনায় শাবনূরের পেশাগত মর্যাদা ক্ষুণ্ন হয়েছে মন্তব্য করে এই অভিনেত্রী আরও লিখেছেন, “এই ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত ও হতাশ। আমার দীর্ঘদিনের অর্জিত সুনাম ও পেশাগত মর্যাদা এতে মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে। এটি শুধু আমার ব্যক্তিগত ক্ষতি নয়, পুরো বাংলা চলচ্চিত্রশিল্পের জন্যও এক দুঃখজনক ও হতাশাব্যঞ্জক ঘটনা।"
'রঙ্গনা' সিনেমার পরিচালক আরাফাত হোসাইন বিজ্ঞাপন ও নাটক নির্মাণ করে নিজের পরিচয় তৈরি করেছেন। ‘রঙ্গনা’ তার প্রথম সিনেমা।
বিষয়টি নিয়ে জানতে পরিচালকের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।
এর আগে গত এপ্রিলে সিনেমার শুটিং চলাকালীন গ্লিটজের কথা হয় পরিচালকের সঙ্গে।
সে সময় শুটিংয়ে শাবনূরের সহযোগিতা কেমন পাচ্ছেন প্রশ্নে আরাফাত বলেন, “সিনিয়র শিল্পী হিসেবে সবদিক থেকেই সহযোগিতা করছেন তিনি। কাজের ক্ষেত্রে ঠিক সময়ে সেটে আসা, বারবার শট নিতে হচ্ছে তাতে বিরক্তি প্রকাশ না করা, আমরা খুব সুন্দর করে শুটিং করছি। আর ছয়সাত দিনের শুটিংয়ে সবচেয়ে ভালো লাগার বিষয় হলো গল্পের ডিমান্ড অনুযায়ী আপুকে যেভাবে প্রয়োজন সেভাবেই পাচ্ছি। শাবনূর আপু ছাড়া অন্য কেউ হলে হয়তো এটা পেতাম না।”
সিনেমাটির নির্মাণ কাজ একটু লম্বা সময় ধরে চলবে বলে জানিয়েছিলেন নির্মাতা।
দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ায় থাকেন শাবনূর। ২০২৩ সালের শেষ দিকে দেশে ফিরেছিলেন। তখন তাকে নিয়ে দুইটি সিনেমার ঘোষণা আসে। প্রথম ধাপের শুটিং শেষ করে, দ্বিতীয় ধাপের প্রস্তুতি নিতে অস্ট্রেলিয়ায় ফিরে যান শাবনূর।