১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিভ্রান্তির অবসান, ‘তু ঝুঠি ম্যায় মক্কর’ আসছে দোল উৎসবেই

ভারতে দোল উৎসবের তারিখ নির্ধারণ জটিলতায় তু ঝুঠি ম্যায় মক্কর’ সিনেমার মুক্তির তারিখ নিয়ে দ্বিধাদ্বন্দে পড়েছিলেন নির্মাতা লাভ রঞ্জন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2023, 12:35 PM

Updated : 26 Feb 2023, 12:50 PM

বলিউড তারকা রণবীর কাপুরের নতুন সিনেমা ‘তু ঝুঠি ম্যায় মক্কর’র মুক্তির তারিখ নিয়ে বিভ্রান্তির অবসান হয়েছে। ভারতজুড়ে আগামী ৮ মার্চ দোল উৎসবের তারিখ ঠিক হওয়ায় ওই দিনেই মুক্তি পাচ্ছে রণবীর-শ্রদ্ধা কাপুরের রোমান্টিক-কমেডি ঘরানার সিনেমা ‘তু ঝুঠি ম্যায় মক্কর’।

নির্মাতা লাভ রঞ্জন টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছেন, এটা সত্যি যে গত কয়েকদিন ধরে সিনেমা মুক্তির তারিখ অদলবদল করা নিয়ে তিনি কিছুটা দ্বিধাদ্বন্দ্বে পড়েছিলেন। কারণ আগে থেকেই ঠিক করা ছিল দোল উৎসবে নতুন সিনেমাটি মুক্তি দেবেন তিনি।

কিন্তু সমস্যা বাঁধে দোলের তারিখ নিয়ে। দেশের বেশিরভাগ রাজ্যে মার্চের ৮ তারিখ দোল উৎসব উদযাপন করা হলেও কিছু রাজ্যে এ উৎসব আবার ৭ তারিখে করা হচ্ছে বলে জানা যায়। তখন রঞ্জন সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, এমনও হতে পারে একদিন এগিয়ে ‘তু ঝুঠি ম্যায় মক্কর’ প্রেক্ষাগৃহে আসতে পারে। তবে পরে আবার সিদ্ধান্ত বদলান এই নির্মাতা।

“পরে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নেয়, তিথি মেনে প্রতিটি রাজ্যে ৮ মার্চই দোল উৎসব হবে। তাই উৎসবের দিনটি ধরতে আমাদের ‘তু ঝুঠি ম্যায় মক্কর’ আগের তারিখেই মুক্তি পাচ্ছে। আমরা ৮ মার্চ আসছি।“ 

এদিকে লাভ রঞ্জন তার এই সিনেমায় যে জুটিকে নিয়ে আসছেন তারা ব্যক্তি জীবনেও ছেলেবেলার বন্ধু। তাদের বাবা ঋষি কাপুর ও শক্তি কাপুরও ছিলেন ঘনিষ্ঠ বন্ধু।

নায়িকা শ্রদ্ধাকে নিয়ে ইতোমধ্যো প্রংশসায় পঞ্চমুখ হয়েছেন রণবীর।

“ছোট থেকেই শ্রদ্ধাকে চিনি। পারিবারিক সূত্রে আমাদের সম্পর্কটা সহজ। শ্রদ্ধার সঙ্গে কাজ করতে গিয়ে বুঝেছি সৃষ্টিশীল চিন্তাভাবনায় আমরা এক ধরনের মানুষ।“

কিছুদিন আগে সিনেমার ট্রেইলার আসে ইউটিউবে, পরে মুক্তি পায় সিনেমার গান ‘তেরে পেয়ার ম্যায়’।

সুরেলা কণ্ঠ, নাচ আর ফ্যাশনে শক্তি কাপুর কন্যা শ্রদ্ধা কাপুর প্রযোজকদের নজরে থাকলেও, ‘স্ত্রী’, ‘ওকে জানু’সহ বিভিন্ন সিনেমায় এই নায়িকার দেখা মিলেছে যেন পাশের বাড়ির মেয়েটির চরিত্রে। নতুন সিনেমার ট্রেইলার আর গান প্রকাশের পর শ্রদ্ধার প্রশংসা করেছেন ভক্তরা।

গতবছর ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় একসঙ্গে জুটি বেঁধে আসেন রণবীর কাপুর ও তার স্ত্রী নায়িকা আলিয়া ভাট।এছাড়া আগামীতে ক্রাইম থ্রিলার ‘আ্যানিমেল’ সিনেমাতেও আসছেন রণবীর।

আপাতত রণবীর ও শ্রদ্ধা ‘তু ঝুঠি ম্যায় মক্কর’ সিনেমার প্রচারে ব্যস্ত সময় পার করছেন।