Published : 02 Nov 2025, 02:19 PM
সেপ্টেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া অভিনেত্রী জয়া আহসানের সিনেমা ‘ফেরেশতে’ এবার দেখা যাচ্ছে ঘরে বসে।
ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে চলছে সিনেমাটি। প্ল্যাটফর্মটি তাদের ফেইসবুকে জানিয়েছে, “ভালোভাবে বেঁচে থাকার জন্য এক সাধারণ পরিবারের কঠোর সংগ্রামের গল্প আসছে।
“জয়া আহসানের অভিনয়ে, ইরান-বাংলাদেশ যৌথ প্রযোজনায় আন্তর্জাতিক পুরষ্কারপ্রাপ্ত চলচ্চিত্র 'ফেরেশতে' বঙ্গতে চলবে রোববার থেকে।
ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম পরিচালিত এই সিনেমার চিত্রনাট্যে সমাজের প্রান্তিক মানুষের জীবনের গল্প বলা হয়েছে। যেখানে ঢাকা শহরের এক রিকশাচালক স্বামী ও গার্মেন্টসে চাকরি করা তার স্ত্রীর কাহিনী ঘিরে এগিয়েছে সিনেমাটি।
সিনেমায় দেখাচ্ছে, ফেরেশতে একজন গার্মেন্টস কর্মী, আর তার স্বামী আমজাদ রিকশাচালক। তারা নিঃসন্তান, কিন্তু প্রতিবেশী এক বধির শিশুর দায়িত্ব নিজেদের কাধে তুলে নেন। জীবনের নুন আনতে পান্তা ফুরানো অবস্থাতেও তারা অন্যের জন্য ত্যাগ স্বীকার করে।
ফেরেশতের স্বপ্ন নিজের একটি দোকান দেওয়া, আমজাদের ইচ্ছা রিকশা ছেড়ে সিএনজি চালিত অটোরিকশা চালানো। তবে তাদের ছোট ছোট এই স্বপ্নগুলো পূরণের পথে বাধা আসে নানা রকম। তবু তাদের সম্পর্কের মজবুত বন্ধন ও মানবিকতার শক্তিই সিনেমার গল্পকে এগিয়ে নিয়ে যায়।
ফেরেশতে চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। কঠিন পরিস্থিতিতেও নীরবে লড়াই করে সংসার ও সম্মান দুটোই রক্ষা করা এক
সাহসী নারীর চরিত্রে দেখা গেছে জয়াকে।
সুমন ফারুকের আমজাদ চরিত্রে উঠে এসেছে সৎ, পরিশ্রমী কিন্তু সীমাবদ্ধতায় ঘেরা একজন সাধারণ মানুষের চিত্র।
সিনেমার বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, শাহীন মৃধা ও শিশুশিল্পী সাথী। ছবির চিত্রনাট্য লিখেছেন ড. মুমিত আল রশিদ।

২০২২ সালে নির্মাণ শেষে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ও প্রশংসিত হয়েছে ফেরেশতে।
সিনেমায় রয়েছে ‘প্রেমের হাওয়া একবার যদি গায়ে লাগে রে’ শিরোনামের একটি গান। গানের কথা লিখেছেন কবি পিয়াস মজিদ। গানটি গেয়েছেন সংগীতশিল্পী বেলাল খান ও ইরানি গায়িকা মোনা আসকারি।
'ফেরশতে' সিনেমার চিত্রনাট্য লিখেছেন বাংলাদেশের মুমিত আল-রশিদ। ফারসি ও বাংলা অনুবাদ করেছেন মুমিত আল-রশিদ ও ফয়সাল ইফরান।
গেল ১৯ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সিনেমাটি।
এদিকে, আরেক ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে দেখা যাচ্ছে জয়া অভিনীত আরেক সিনেমা ‘নকশীকাঁথার জমিন’। ১৯ অক্টোবর থেকে দেখা যাচ্ছে সিনেমাটি। হাসান আজিজুল হকের ‘বিধবাদের কথা’ গল্প অবলম্বনে মুক্তিযুদ্ধের দিনগুলোর কথা তুলে আনা হয়েছে এই সিনেমায়। বানিয়েছেন আকরাম খান।