১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

‘আন্ধার’ চঞ্চলের ‘প্রিয় কাজ’, কেন?

‘আন্ধার মুক্তি পাচ্ছে দুর্গাপূজার সময়ে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2026, 11:03 PM

Updated : 11 Sep 2026, 03:51 PM

পরিচালক রায়হান রাফীর ‘আন্ধার’ সিনেমায় নিজের লুক প্রকাশ করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। পাশাপাশি জানিয়েছেন যে চরিত্রটা তিনি পেয়েছেন, সেটি তার আকাঙ্খা পূরণ করেছে।

সোশাল মিডিয়ায় লুকের ছবি প্রকাশ করে সিনেমায় নিয়ে কিছু কথাও বলেছেন অভিনেতা। অক্টোবরে দুর্গাপূজার সময় প্রেক্ষাগৃহে 'আন্ধার'মুক্তি পাবে বলে গ্লিটজকে জানিয়েছেন রাফী। অর্থহীন ব্যান্ডের বেজবাবা সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর ভৌতিক গল্পে 'আন্ধার' নামের একটি সিনেমার তৈরির কথা শোনা যায় গত বছর। এখন সেই সিনেমাটি মুক্তির প্রস্তুতি চলছে।

‘আন্ধার’ সিনেমায় অভিনয় করার বিষয়টি চঞ্চল বর্ণনা করেছেন ‘অনন্য অভিজ্ঞতা’ হিসেবে। তার চরিত্রের নাম শমসের। এ ধরনের চরিত্র তার কাছে নতুন।

ফেইসবুকে চঞ্চল লিখেছেন, “অনেক ধন‍্যবাদ এবং ভালোবাসা রায়হান রাফী। শুধু রাফীর জন‍্য নয়, পুরো ‘আন্ধার’ টিমের জন‍্য।”

এটি কেন তার প্রিয় কাজ তাও ব্যাখ্যা দিয়েছেন তিনি। 

“ভিন্ন ভিন্ন পছন্দের গল্পে ও চরিত্রে অভিনয়ের আমার যে আকাংখা বা তাড়না, সে হিসেবেই “আন্ধার” আমার প্রিয় কাজ।

আশা করি দর্শক নতুন কিছু এবং ভালো কিছু পেতে যাচ্ছে।

“বিশেষ ধন‍্যবাদ আমার সকল দূর্দান্ত সহশিল্পীদের এবং বিশেষ ভাবে সাকিব চৌধুরী এবং আদনান আদিব খানকে। প্রিয় দর্শক, খুব তাড়াতাড়িই সিনেমা হলে মুক্তি পাবে ‘আন্ধার’।

রাফী জানিয়েছেন, গাজীপুর ও ময়মনসিংহের বিভিন্ন জায়গায় দৃশ্যধারণ শেষে বর্তমানে আন্তর্জাতিক মানের ভিএফএক্স ও গ্রাফিক্স অ্যানিমেশনের কাজ চলছে ভারতের মুম্বাইয়ের একটি স্টুডিওতে।

সিনেমাটি আগামী সেপ্টেম্বরে সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়ার পরিকল্পনা রয়েছে নির্মাতার। এরপর ধাপে ধাপে পোস্টার, টিজার ও ট্রেইলার প্রকাশ করা হবে।

রাফী বলেন, “কয়েক বছর ধরে ঈদে সিনেমা মুক্তি পেলে উৎসবের একটা আবহ তৈরি হয়। আমরা চাই পূজাতেও সেই উৎসবমুখর পরিবেশটা ফিরে আসুক। পূজার ছুটি আমেজে মানুষ প্রেক্ষাগৃহে আসুক, সিনেমা দেখুক এই প্রত্যাশা নিয়ে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করছি।”

সিনেমার কেন্দ্রীয় চরিত্র ‘নাদিয়া’ হয়ে পর্দায় আসবেন অভিনেত্রী নাজিফা তুষি। সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র ‘হিমেল’ এ অভিনয় করেছেন ফররুখ আহমেদ রেহান। আরও কাজ করেছেন আফসানা মিমি, সিয়াম আহমেদ, গাজী রাকায়েত, মোস্তফা মনওয়ার ও তানজিকা আমিন।

‘আন্ধার’ সিনেমার গল্প লিখেছেন শাকিব, সুমন ও আদনান আদিব খান।

সিনেমার গল্প ভাবনা ২০১১ সালের ওই রিয়েলিটি শো ‘ভৌতিস্ট’ থেকে এসে এসেছে বলে জানিয়েছেন শাকিব।