Published : 26 Jul 2025, 07:14 PM
ফেইসবুকে শাবনূরের নামের বহু পেইজ দেখা গেলেও সেগুলো ‘ভেরিফায়েড নয়’ বলে জানিয়েছেন ঢাকাই সিনেমার নায়িকা শাবনূর।
এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নিজের আসল আইডি থেকে লাইভে এসে ভক্তদের সতর্ক করেছেন তিনি। পাশাপাশি তার আসল ফেইসবুক পেইজ ও আইডির ঠিকানাও জানিয়ে দিয়েছেন।
শনিবার দুপুরে একটি গাড়ির সিটে বসে ফেইসবুক লাইভে এসে শাবনূর ভক্তদের উদ্দেশে বলেন, "তোমরা অনেক বলছ যে তোমরা বুঝতে পারছ না এটা ফেইক আইডি না অরিজিনাল আইডি। আসলে এটাই আমার পেইজ। এজন্য এই পেইজ থেকে তোমাদের সামনে এসেছি।

“আর তোমরা তো জানোই অরিজিলিন পেইজ ছাড়া কখনো লাইভে আসা যায় না। তো এটা আমারই পেইজ, সবকিছুই আমার। আমি নিজেই আমার আইডি ও পেইজ চালাই। আমার একটাই আইডি ও পেইজ।”
লাইভে নিজের পেইজ ও আইডির নাম তুলে ধরে শাবনূর বলেন, "কে বা কারা কোন উদ্দেশ্য আমার নামে এত এত ফেইসবুক আইডি খুলে, আবার পেইজ ভেরিফাইড করেছে আমি জানি না। আমার সঙ্গে শত্রুতা করছে কে, আমার সবকিছু হ্যাকিং করে শাবনূর সেজে এই কাজ করছে আমি জানি না। এর মানে কি আমি জানিনা। এই কাজ করা উচিত নয়।”
শাবনূর বলেন, "আমার একটা ফেইসবুক আইডি, পেইজ, ইন্সটাগ্রাম ও ইউটিউব চ্যানেল রয়েছে। আমি আপনাদের ভালোবাসায় এত সিক্ত ছিলাম যে কখনো এটা ভেরিফাইড করতে হবে এই চিন্তা করিনি। মনে হয়েছে ভেরিফাইড করে কী হবে, আমিতো ইনকাম করি না এটা নিয়ে। নিজের আইডি, পেইজ ছাড়া লাইভে আসা যায় না বলে আপনাদের সতর্ক করতে লাইভে আসা।”
শাবনূর বলেছেন, তার ফেইসবুক পেইজের নাম ‘Shabnoor’; আর ফেইসবুক আইডি ‘Shabnoor Shabnoor’।
ইংরেজিতে এই বানান ছাড়া অন্য যত বানানে শাবনূরের সেসব ফেইসবুক আইডি বা পেইজ পাওয়া যাবে সেগুলো ‘তার নয়’ বলে দাবি করেছেন শাবনূর।
দর্শক-ভক্তদের ভালোবাসায় সারাজীবন কাজ করেছেন মন্তব্য করে শাবনূর বলেছেন, আগামীতে তিনি আরো কাজ নিয়ে সবার সামনে আসবেন।
অস্ট্রেলিয়ার সিডনি থেকে ২০২৩ সালের শেষ নাগাদ দেশে ফিরে ঘটা করে সিনেমায় ফেরার কথা জানিয়েছিলেন শাবনূর। এরপর গেল বছরের এপ্রিলে নয় বছরের বিরতি ভেঙে পরিচালক আরাফাত হোসাইনের 'রঙ্গনা' সিনেমায় শুটিংও করেন তিনি।
ওই সিনেমার প্রথম পর্বের শুটিং শেষ করে অস্ট্রেলিয়ায় চলে যান অভিনেত্রী। দ্বিতীয় অংশের প্রস্তুতি নিয়ে গেল বছরের ডিসেম্বরে শুটিং শুরুর কথা থাকলেও সেটা হয়নি।
শাবনূরের আসল নাম কাজী শারমিন নাহিদ নূপুর। নির্মাতা এহতেশাম চলচ্চিত্রের জন্য তাকে শাবনূর নামটি দিয়েছিলেন।
১৯৯৩ সালে ‘চাঁদনি রাতে’ সিনেমা দিয়ে ঢালিউডে আত্মপ্রকাশ হয় শাবনূরের। চলচ্চিত্রটি ব্যবসায়িকভাবে ব্যর্থ হলেও পরে সালমান শাহের সঙ্গে জুটি বেঁধে এই নায়িকা হয়ে যান বিখ্যাত।

সালমান শাহ ছাড়াও নায়ক মান্না, রিয়াজ, ফেরদৌস, শাকিল খান, শাকিব খানসহ ওই সময়ের জনপ্রিয় সব নায়কের সঙ্গেও সিনেমায় দেখা গেছে শাবনূরকে।
‘তোমাকে চাই’, ‘আনন্দ অশ্রু’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘বিয়ের ফুল’, ‘ভালোবাসি তোমাকে’, ‘নারীর মন’, ‘ফুল নেবে না অশ্রু নেবে’, ‘প্রেমের তাজমহল’, ‘হৃদয়ের বন্ধন’, ‘মাটির ফুল’, ‘ব্যাচেলর’সহ প্রায় দুইশ সিনেমায় শাবনূর অভিনয় করেছেন।
২০০৫ সালে মোস্তাফিজুর রহমান মানিকের ‘দুই নয়নের আলো’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান শাবনূর।
সিনেমা থেকে অনেক বছর দূরে সরে থাকা শাবনূর ছেলেকে নিয়ে স্থায়ীভাবে বসবাস করছেন অস্ট্রেলিয়ায় সিডনিতে।
২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘পাগল মানুষ’ সিনেমার পর আর কোনো সিনেমায় দেখা যায়নি তাকে। তবে মাঝে-মধ্যে দেশে ফিরেছেন, দুয়েকটি বিজ্ঞাপনচিত্রেও তাকে দেখা গেছে। কিন্তু বড় পর্দায় শাবনূরকে এতদিন পায়নি দর্শক।