Published : 21 Nov 2025, 09:26 PM
তাবাস্কো থেকে উঠে আসা মেক্সিকোর প্রথম ‘মিস ইউনিভার্স’ ফাতিমা বশ। ২৫ বছর বয়সী মডেল ফাতিমা মেক্সিকোতে ফ্যাশন ডিজাইন নিয়ে পড়াশোনা করেছেন। ইতালির মিলান ও যুক্তরাষ্ট্রের ভারমন্টেও থেকেছেন কিছুদিন।
সিএনএন লিখেছে, ফাতিমার এই জয় মোটেও সহজ ছিল না। নানা বিতর্ক আর আলোচনা পার করে জয় হয়েছে ফাতিমার আত্মবিশ্বাসের।
শুক্রবার থাইল্যান্ডের ব্যাংকক শহরে ঘোষণা করা হয় ৭৪তম মিস ইউনিভার্স বিজয়ীর নাম। বিভিন্ন দেশের ১২০ জন প্রতিযোগীকে পেছনে ফেলে জয়ের হাসি হেসেছেন ফাতিমা।
‘মিস ইউনিভার্স’ হিসেবে নাম ঘোষণার পর গত বছরের বিজয়ী ডেনমার্কের ভিক্টোরিয়া কিয়ের থিলভিগ ফাতিমার মাথায় মুকুট পরিয়ে দেন।
মেক্সিকোর তাবাস্কো অঙ্গরাজ্যের সান্তিয়াগো দে তেয়াপায় ফাতিমার জন্ম। স্কুলজীবনে ডিসলেক্সিয়ায় ভুগেছেন তিনি। ২০১৮ সালে তাবাস্কোতে ‘ফ্লোর ডি ওরো’ খেতাব জয়ের মধ্য দিয়ে শুরু হয় তার এ ধরনের প্রতিযোগিতার পথচলা। গত ৯ বছর ধরে ক্যানসারে আক্রান্ত শিশুদের সঙ্গে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন এই তরুণী।
নভেম্বরের শুরুতে এক আয়োজনে এক থাই কর্মকর্তা অন্য প্রতিযোগীদের সামনে প্রকাশ্যেই ২৫ বছর বয়সী ফাতিমাকে তিরস্কার করেছিলেন এবং যারা তাকে সমর্থন দেবে তাদেরকে অযোগ্য ঘোষণার হুমকি দিয়েছিলেন।
এর প্রতিবাদে ফাতিমা এবং ডজনের বেশি প্রতিযোগী ওয়াকআউট করেন। পরে ওই থাই কর্মকর্তা ক্ষমা চাইলেও এ নিয়ে আলোচনা-সমালোচনা প্রতিযোগিতার শেষ পর্যন্ত ছিল।
কয়েকদিন আগে দুই বিচারক পদত্যাগ করলে বিতর্ক তুঙ্গে ওঠে। পদত্যাগী বিচারকদের একজন পরে অভিযোগ তুলে বলেন, আয়োজকরা নির্বাচনী প্রক্রিয়ায় প্রভাব খাটাচ্ছেন।
ফাতিমাকে বিজয়ী হিসেবে মেনে নিতে প্রস্তুত ছিলেন না অনেকেই। কেউ কেউ ধারণা করেছিলেন, ‘মিস জালিস্কো’ ইয়োয়ানা গুতিয়েরেস 'মিস ইউনিভার্স’ হবেন।
ফাতিমার নাম ঘোষণা করা হলে অনুষ্ঠানস্থলেই দর্শকদের একটি বড় অংশ তীব্র প্রতিবাদ করে ওঠেন।
ফাতিমাকে জয়ী ঘোষণা করার পর এ নিয়েও অনলাইনজুড়ে তুমুল বিতর্ক চলে।
চারজন প্রতিযোগী লোরেনা লোপেজ, ফের্নান্দা পুমা, এমিরে আরেয়ানো ও এলেনা রোলদান ফাতিমাকে কাছে এসে অভিনন্দন জানান।
ফাতিমা বলেন, “সত্যিই আমাকে ভালোবাসেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। লোরেনা, ফের্নান্দা পুমা, এমিরে আর এলেনা-তারা সবাই প্রত্যেকেই প্রকৃত অর্থে রানি।”
নিয়ম অনুযায়ী যে দেশে মিস ইউনিভার্স অনুষ্ঠিত হয়, সে দেশের একটি প্রমোশনাল ভিডিও করতে হয় প্রতিযোগীদের। আনুষ্ঠানিক ফটোশুটের বাইরেও কিছু ছবি তোলা হয়। কিন্তু ফাতিমা তা সময়মত সোশাল মিডিয়ায় প্রচার করতে পারেননি।
সে জন্য অনুষ্ঠানে আয়োজকদের মধ্যে এক কর্মকর্তা নাওয়াত ইতসারাগ্রিসিল অভিযোগ তোলেন, ফাতিমা থাইল্যান্ডকে সামাজিক যোগাযোগামাধ্যমে যথেষ্ঠমাত্রায় তুলে ধরেননি।
কথা বলার সময় তিনি ফাতিমাকে 'বোকা' বলেও কটূক্তি করেন।
এ ঘটনার প্রতিবাদে কয়েকজন প্রতিযোগী অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে শেষ পর্যন্ত নিরাপত্তা বাহিনীকে ডাকতে হয়।
পরে সাংবাদিকদের ফাতিমা বলেন, “আপনি আমাকে একজন নারী হিসেবে যথাযথ সম্মান দিচ্ছেন না। আমাকে বোকা বলে কোনো লাভ নেই। তিনি অন্যায় করেছেন। কেউ আমাদের চুপ করাতে পারবে না।”
প্রতিক্রিয়া জানিয়েছে ‘মিস ইউনিভার্স অর্গানাইজেশন’। সংস্থার সভাপতি রাউল রোচা নাওয়াত ইতসারাগ্রিসিলের আচরণের নিন্দা জানিয়েছেন।
ফাতিমা তার ভক্তদের উদ্দেশে তিনি বলেন, “আমি কথা বলতে ভীত নই। আগের চেয়ে আমার কণ্ঠ এখস শক্তিশালী। আমার বলার মত অনেক কিছু আছে।
“মনে রাখতে হবে আমি সাজানো পুতুল নই। সেই পুতুল নাই যার পোশাক বদলানো হবে। সেই সব নারী ও মেয়েদের কণ্ঠস্বর হতে আমি এখানে এসেছি, যারা তাদের অধিকার ও স্বপ্নের জন্য নিরন্তর লড়াই করছে।”
প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন মিস থাইল্যান্ড প্রাভিনার সিং। মিস ভেনেজুয়েলা স্টেফানি আবাসালি হয়েছেন তৃতীয়। তাদের ঠিক পরে জায়গা হয়েছে মিস ফিলিপিন্স মা আহতিসা মানালো ও মিস আইভরি কোস্ট অলিভিয়া ইয়াস।
আরও পড়ুন