Published : 24 Dec 2025, 04:36 PM
শাস্ত্রীয় সংগীত, লোকগান, নজরুল ও রবীন্দ্রসংগীতসহ আরও কিছু পরিবেশনা নিয়ে বিজয়ের মাস ঘিরে চার দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের আয়োজন করেছে বেঙ্গল ফাউন্ডেশন।
‘প্রাণে আনো গান’ শিরোনামের এই উৎসবে জীবনমুখী গান, পাঠ ও আবৃত্তিও থাকছে।
বুধবার থেকে শুরু হতে চলা এই উৎসব চলবে শনিবার পর্যন্ত; আয়োজনের উদ্বোধন হবে এদিন সন্ধ্যা ৬টায় ধানমন্ডিতে বেঙ্গল শিল্পালয়ে।
ফেইসবুকে এই আয়োজনের খবর দিয়ে বেঙ্গল ফাউন্ডেশন লিখেছে, "ঢাকা ব্যাংকের সহযোগিতায় আয়োজিত এই উৎসবে আমরা বাংলাদেশের বিজয়ের মাস উদযাপন উপলক্ষে সংগীত, কারুশিল্প ও চিত্রকলায় সংস্কৃতির এবং সমকালীন জীবনধারার নানা কৌণিক দিক প্রতিফলিত করতে প্রয়াসী। বাংলাদেশের সংস্কৃতিচর্চা এবং সাধনাকে গতিময় ও বহুমাত্রিক করার লক্ষ্যে আমাদের চর্চা ও প্রয়াসের অব্যাহত ধারার অংশ এই আয়োজন। ‘প্রাণে আনো গানে’ আপনাকে সবান্ধব আমন্ত্রণ।"
উৎসবের মূল সংগীতানুষ্ঠান শুরু হবে প্রতিদিন বিকেল ৫টা ৪৫ মিনিটে ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে।
প্রথম দিন দেশের গান ও দেশের কবিতা আবৃত্তি করবেন মোস্তাফিজুর রহমান, মানসী সাধু, মাইনুর রহমান খান, মহিউদ্দিন শামীম। এদিন কাজী নজরুল ইসলামের ভক্তিগীতি শোনাবেন বিটু কুমার শীল, লোকগান গাইবেন কিরণ চন্দ্র রায়।
দ্বিতীয় দিন বৃহস্পতিবার বাংলা ঠুমরি পরিবেশন করবেন সুপ্রিয়া দাস। জসীম উদ্দীনের 'নকশী কাঁথার জমিন' পাঠ করবেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশের সিনেমার গান গাইবেন চম্পা বণিক, লোকগান শোনাবেন লাবিক কামাল।
শুক্রবার উৎসবের তৃতীয় দিন তিন কবির গান পরিবেশন করবেন আজিজুর রহমান, নজরুলের আধুনিক গানে শোনাবেন সুস্মিতা দেবনাথ। পাঠে রায়হানুল আমিন কল্লোল এবং রবীন্দ্রসংগীতে অদিতি মহসিন।
চতুর্থ ও শেষ দিন শনিবার রবীন্দ্রনাথের ভাঙা গান পরিবেশন করবেন মহুয়া মঞ্জরী সুনন্দা। জীবনমুখী গান শোনাবেন ফারজানা ওয়াহিদ সায়ান, লোকগান গাইবেন টুনটুন বাউল।
উৎসবকে ঘিরে থাকছে ‘কারুকথা’ নির্বাচিত গ্রামীণ হস্তশিল্প ও কারুপণ্যের মেলা। এটি মঙ্গলবার থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে বেঙ্গল শিল্পালয়ের নিচতলায় সুবীর চৌধুরী চত্বরে চলবে।
এ ছাড়া ‘অন্যস্বর’ শীর্ষক দলীয় শিল্পকর্ম প্রদর্শনীতে নারীর জীবনোপলব্ধি, ইতিহাস ও চর্চার গতিপথ অন্বেষণে ৩৫ জন শিল্পীর শিল্পকর্ম প্রদর্শিত হবে। শিশু-কিশোরদের জন্য থাকছে ‘আকাশ-কুসুম’ শীর্ষক কারু কর্মশালা। আয়োজনটি সবার জন্য উন্মুক্ত রেখেছে বেঙ্গল ফাউন্ডেশন।