Published : 11 Jul 2026, 10:58 PM
চলতি মাসের শেষে ফের ঢাকা শ্রোতাদের গান শোনাতে আসছেন পাকিস্তানের সংগীতশিল্পী আতিফ আসলাম।
‘মেইন স্টেজ ফিচারিং আতিফ আসলাম’ শিরোনামের কনসার্টটি আয়োজন করছে প্রতিষ্ঠান মেইন স্টেজ।
এই কনসার্টটি হওয়ার কথা ছিল গত বছরের ১৩ ডিসেম্বরে। আয়োজক কর্তৃপক্ষ সব প্রস্তুতিও সম্পন্ন করলেও, শেষ মুহূর্তে ‘নিরাপত্তার কারণে’ অনুমতি মেলেনি বলে ভাষ্য ছিল তাদের।
সে সময় তারা জানিয়েছিল, অনুষ্ঠানটি বাতিল নয়, বরং ‘উপযুক্ত সময়ে’ আবার আয়োজন করা হবে।
গেল মাসে প্রতিষ্ঠানটি কেবল আতিফ আসলামের পারফর্ম করার খবর দিয়েছিল। এবার তারা জানিয়েছে, এ কনসার্টে আরও পারফর্ম করবে বাংলাদেশের 'মেঘদল' ও 'লেভেল ফাইভ'।
আয়োজকরা বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী ২৪ জুলাই 'মেইন স্টেজ ফিচারিং আতিফ আসলাম’ শিরোনামের কনসার্টটি হচ্ছে ৩০০ ফুটের ক্রিকেটারস একাডেমিতে।
কনসার্টের টিকেট পাওয়া যাচ্ছে ‘গেটমাই টিকেট ওয়েবসাইটে’। টিকেব রাখা হয়েছে তিন শাখায়। এগুলোর দাম ল ২ হাজার ৯৯৯ টাকা (দুরি এরিয়া), ৫ হাজার ৯৯৯ টাকা (আদাত এরিয়া) এবং ১০ হাজার ৯৯৯ টাকা (পেহলি নাজার এরিয়া)।
কনসার্টের দিন অনুষ্ঠানস্থলের দুয়ার খুলবে বেলা ২টায়; আর বন্ধ হবে সন্ধ্যা ৬টা নাগাদ।
আর গানের আয়োজন বিকেল ৫টায় শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলবে বলে জানিয়েছে আয়োজক কোম্পানি ‘মেইন স্টেজ’।
‘মেইন স্টেজের’ পক্ষ থেকে কাজী রাফসান বলেন, "চলতি বছরের সবচেয়ে বড় আয়োজনের দ্বারপ্রান্তে আমরা। আমার পুরো টিম, শিল্পী থেকে দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, আমরা আমাদের কথা রাখতে পেরেছি।”
এই আয়োজনকে একটি ‘মিলনমেলা’ বর্ণনা করে রাফসান বলেন, “আমরা বিশ্বাস করি, এই কনসার্ট শুধু একটি সংগীতানুষ্ঠান নয়, বরং হাজারো দর্শকের আবেগ, প্রত্যাশা এবং ভালোবাসার এক মিলনমেলা হয়ে উঠবে। কারণ কনসার্টে আতিফের সঙ্গে আরও পারফর্ম করবে দেশের দুই ব্যান্ড মেঘদল ও লেভেল ফাইভ।"
‘মেইন স্টেজ’ জানিয়েছে, আগের টিকেটধারীদের অগ্রাধিকার নিশ্চিত করার পাশাপাশি সীমিতসংখ্যক নতুন টিকেটও বিক্রির জন্য উন্মুক্ত করা হবে। যাতে নতুন দর্শকেরাও এই বিশেষ আয়োজনের অংশ হতে পারেন।
গত বছর যারা এ কনসার্টের টিকেট কিনেছিলেন এবং রিফান্ড সুবিধা নেননি, তাদের টিকেট নতুন এই আয়োজনের জন্য সম্পূর্ণ বৈধ থাকবে। কোনো অতিরিক্ত দাম ছাড়াই তারা অনুষ্ঠানে প্রবেশ করতে পারবেন।
২০০৩ সালে ব্যান্ড 'জলের' সঙ্গে আতিফের সংগীত ক্যারিয়ার শুরু হয়। মূলত উর্দু ভাষায় গাইলেও হিন্দি, পঞ্জাবি, বাংলা ও পশতু ভাষার গানেও দক্ষতা দেখিয়েছেন তিনি।
‘ও লামহে ও বাতে’, ‘আদাত’, ‘তেরে বিন’, ‘তু জানে না’ থেকে ‘পেহলি দফা’র বেশ কিছু জনপ্রিয় গান উপহার দিয়েছেন আতিফ। গানের পাশাপাশি পাকিস্তানে একাধিক সিনেমায় অভিনয় করেছেন এই গায়ক।
আরও পড়ুন: