Published : 25 Jun 2026, 08:50 PM
গত বছরের ডিসেম্বরে ঢাকায় পাকিস্তানি গায়ক আতিফ আসলামের যে কনসার্টটি স্থগিত হয়েছিল, সেটি হতে যাচ্ছে আগামী ২৪ জুলাই।
আয়োজক প্রতিষ্ঠান ‘মেইন স্টেজ ইনক’ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগেরবার যারা এ কনসার্ট দেখার জন্য টিকেট কিনেছিলেন, প্রতিশ্রুতি অনুযায়ী তাদের কাছে নতুন টিকেট পৌঁছে যাবে।
মেইন স্টেজ এর কাজী রাফসান বলেন, "গত বছর অনুষ্ঠানটি স্থগিত হওয়ার পর আমরা হাজারো দর্শকের কাছ থেকে একটি প্রশ্ন শুনেছি 'শোটি কি আবার হবে?' আমরা এখন আনন্দের সঙ্গে বলতে পারি, সেই প্রতিশ্রুতি আমরা রক্ষা করেছি। দীর্ঘ সময় ধরে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সঙ্গে কাজ করে আমরা প্রয়োজনীয় সব অনুমোদন ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছি।
"যারা আমাদের ওপর আস্থা রেখেছেন, অপেক্ষা করেছেন এবং বিশ্বাস করেছেন যে আমরা আমাদের কথা রাখব, তাদের প্রত্যেকের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। গত বছরের অসমাপ্ত একটি অধ্যায়কে পূর্ণতা দিতেই আমরা আবারও এ আয়োজন নিয়ে ফিরছি। আমরা বিশ্বাস করি, এই কনসার্ট শুধু একটি সংগীতানুষ্ঠান নয়, বরং হাজারো দর্শকের আবেগ, প্রত্যাশা এবং ভালোবাসার এক মিলনমেলা হয়ে উঠবে।”
গত বছরের ১৩ ডিসেম্বর ‘মেইন স্টেজ ফিচারিং আতিফ আসলাম’ শিরোনামের কনসার্টটি হওয়ার কথা ছিল। আয়োজক প্রতিষ্ঠান সব প্রস্তুতিও সম্পন্ন করেছিল, তবে শেষ মুহূর্তে ‘নিরাপত্তার কারণে’ অনুমতি পায়নি তারা।
প্রতিষ্ঠানটি সেসময় জানিয়েছিল, অনুষ্ঠানটি বাতিল নয়, বরং ‘উপযুক্ত সময়ে’ আবার আয়োজন করা হবে।
মেইন স্টেজ জানিয়েছে, আগের টিকেটধারীদের অগ্রাধিকার নিশ্চিত করার পাশাপাশি সীমিতসংখ্যক নতুন টিকেটও বিক্রির জন্য উন্মুক্ত করা হবে, যাতে নতুন দর্শকেরাও এই বিশেষ আয়োজনের অংশ হতে পারেন। টিকেট বিক্রির তারিখ, ক্যাটাগরি, দাম এবং অন্যান্য বিস্তারিত তথ্য শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
গত বছর যারা এ কনসার্টের টিকেট কিনেছিলেন এবং রিফান্ড করেননি, তাদের টিকেট নতুন এই আয়োজনের জন্য সম্পূর্ণ বৈধ থাকবে। কোনো অতিরিক্ত দাম ছাড়াই তারা অনুষ্ঠানে প্রবেশ করতে পারবেন।
অন্যদিকে, যারা আগে রিফান্ডের জন্য আবেদন করেছিলেন, তারা চাইলে নির্ধারিত সময়ের মধ্যে তাদের রিফান্ড আবেদন প্রত্যাহার করতে পারবেন। আবেদন যাচাই সাপেক্ষে তাদের জন্য পুনরায় টিকিট সক্রিয় করা হবে এবং টিকিট–সংক্রান্ত তথ্য পাঠিয়ে দেওয়া হবে।
২০২৪ সালে ঢাকায় আয়োজিত দুই কনসার্টে গান গেয়েছিলেন আতিফ আসলাম। এপ্রিলে ‘লেটস ভাইভ আর্ট অ্যান্ড মিউজিক ফেস্টিভাল’ শিরোনামের কনসার্টে এবং ডিসেম্বরে 'ম্যাজিকাল নাইট ২.০' নামের আরেকটি আরেকটি কনসার্টে পাওয়া যায় এই শিল্পীকে।
২০০৩ সালে ব্যান্ড 'জলের' সঙ্গে আতিফের সংগীত ক্যারিয়ার শুরু হয়। মূলত উর্দু ভাষায় গাইলেও হিন্দি, পঞ্জাবি, বাংলা ও পশতু ভাষার গানেও দক্ষতা দেখিয়েছেন তিনি।
‘ও লামহে ও বাতে’, ‘আদাত’, ‘তেরে বিন’, ‘তু জানে না’ থেকে ‘পেহলি দফা’র বেশ কিছু জনপ্রিয় গান উপহার দিয়েছেন আতিফ। গানের পাশাপাশি পাকিস্তানে একাধিক সিনেমায় অভিনয় করেছেন এই গায়ক।