Published : 21 Mar 2026, 12:22 PM
ঈদে টেলিভিশনের পর্দাজুড়ে সাজানো হয়েছে একের পর এক সংগীতানুষ্ঠান।
ব্যান্ড মিউজিক থেকে শুরু করে ফোক, বাউল কিংবা আধুনিক বিভিন্ন ধারার শিল্পীদের অংশগ্রহণে দর্শকদের জন্য তৈরি হয়েছে এই আয়োজন।
বাংলাদেশ টেলিভিশন, এটিএন বাংলা, এনটিভি, নাগরিক টিভি, আরটিভি ও বৈশাখী টিভি প্রতিটি স্টেশনে ঈদের দিন থেকে টানা কয়েকদিন ধরে দর্শকদের জন্য নিয়ে আসছে ব্যান্ড পারফরম্যান্স আর তরুণ শিল্পীদের নিয়ে গানের অনুষ্ঠান।
সেসব আয়োজনের খবর তুলে ধরা হল এই প্রতিবেদনে।
বিটিভিতে ঈদের দিন সন্ধ্যা ৭টায় দেখা যাবে ‘ব্যান্ড শো’। দুই পর্বে সাজানো এই প্রোগ্রামে পারফর্ম করবে 'ওয়ারফেইজ', 'আর্ক', 'শুভযাত্রা', 'অবসকিওর' ও 'তরুণ'।
এটিএন বাংলায় দেখা যাবে ‘মিউজিক ভাইবস’। ঈদের দিন রাত সাড়ে ১০টায় প্রচার হবে অনুষ্ঠানটি। এতে গান শোনাবেন মনির খান ও আঁখি আলমগীর।
একই চ্যানেলে ঈদের তৃতীয় দিন রাত সাড়ে ১০টায় প্রচার হবে অনুষ্ঠান ‘ইমরান শো: বকুল ও চন্দনে গানের বন্ধনে’। এতে গান শোনাবেন ইমরান মাহমুদুল, চন্দন সিনহা, দিলশাদ নাহার কনা, আতিয়া আনিসা ও সানিয়া সুলতানা লিজা।
এনটিভিতে শোনা যাবে ‘তারুণ্যের গান’ শিরোনামের অনুষ্ঠান। এটি প্রচার হবে ঈদের সাতদিন সকাল সাড়ে ৮টায়। এতে গান শোনাবেন 'পারসা অ্যান্ড ফ্রেন্ডস', ব্যান্ড 'মাদল', 'পেনোয়া', 'মাভৈ' ও 'দ্য কমরেড', 'সহজিয়া' ও 'গানপোকা'।
নাগরিক টিভিতেও ঈদের সাত দিন প্রচার হবে ‘বাংলা বাউল’ শিরোনামের অনুষ্ঠান। এতে গান শোনাবেন দীপ্র বড়ুয়া, দুর্জয়, আকাশ মাহমুদ, লায়লা, পারভেজ খান, সাদিয়া লিজা, সাগর বাউল, পুষ্পিতা মিত্র, খাইরুল ওয়াসি, কানিজ খন্দকার মিতু, আশিক, আয়েশা জেবিন, শফি মণ্ডল ও শারমিন।
আরটিভিতে প্রচার হবে ‘ফোক স্টেশন’। এই অনুষ্ঠানটি দেখা যাবে ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিন বিকেল সাড়ে ৫টায়। সেখানে গান শোনাবেন অঙ্কন, হুমায়রা ইশিকা, সুফিয়ানা টিম, শফি মণ্ডল, সুমি মির্জা ও ইউসুফ আহমেদ খান।
একই স্টেশনে প্রচার হবে ‘মিউজিক লাউঞ্জ’, যেটি দেখা যাবে ঈদের চতুর্থ দিন বিকেল সাড়ে ৫টায়। এতে গান শোনাবেন নদী, রোমিও ব্রাদার্স ও সুফিয়ানা টিম।
বৈশাখী টিভিতে ‘গানে গানে ঈদ আনন্দ’ প্রচার হবে ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত। এতে গান শোনাবেন আঁখি আলমগীর, সাব্বির, লুইপা, আশিক, কানিজ খন্দকার মিতু, তাসনিম আনিকা, নিশি শ্রাবণী, লিটা সরকার, রাজিব, আতিয়া আনিসা, কামরুজ্জামান রাব্বী ও ইসরাত জাহান জুঁই। অনুষ্ঠানটি দেখা যাবে বেলা ১১টায়।