মনস্তাত্ত্বিক থ্রিলার ‘বিনোদিনী’, চলছে ওটিটিতে
বিনোদিনীর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক, ইমতিয়াজ বর্ষণ, প্রিয়ন্তী উর্বী।
মনস্তাত্ত্বিক থ্রিলার গল্পে ওটিটিতে চলছে ওয়েব ড্রামা ‘বিনোদিনী’।
সৈয়দ ফরহাদের পরিচালনায় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পেয়েছে নাটকটি।
'বিনোদিনী' নাটকের চিত্রনাট্যে দেখা যাবে, একটি গেস্টহাউসে অভিনেত্রী এশার হাতে খুন হয় তার এক বন্ধু, নিজেকে বাঁচাতে পিস্তল হাতে তুলে নেন এশা। আর সেই ঘটনার সাক্ষী হয়ে উঠে সেখান কর্মী পলাশ। দুইজনেই ভয়ানক এক পরিস্থিতির মুখোমুখি হয়। এই পথ থেকে ফেরার উপায় খুঁজতে গিয়ে একের পর এক ঘটতে থাকে লোমহর্ষক সব ঘটনা। এভাবেই এগিয়ে যাবে নাটকটি।
বিজ্ঞপ্তিতে নির্মাতা সৈয়দ ফরহাদ বলেন, নাটকটির গল্প দর্শকদের শিকার ও শিকারির মধ্যকার পার্থক্য দেখিয়ে দেয়। না জেনে, না বুঝে অচেনা কাউকে বিশ্বাসের পরিণাম যে কতটা ভয়ংকর হতে পারে, দেখা যাবে তাও।
“ধীরে ধীরে গভীর এক রহস্যের বেড়াজালে আটকা পড়বে নাটকের প্রধান দুই চরিত্র এশা ও পলাশ। আশা করি বিনোদিনীর শেষ দৃশ্য পর্যন্ত উপভোগ করবে দর্শক।"
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক, ইমতিয়াজ বর্ষণ, প্রিয়ন্তী উর্বীসহ অনেকে।
