Published : 25 Jul 2024, 08:20 PM
কিছুদিন আগেও শাফিন আহমেদের সঙ্গে গানসহ নানা বিষয়ে আলাপ করেছিলেন প্রিন্স মাহমুদ; কিন্তু সেটাই যে শেষ আলাপ হবে, তা মানতে পারছেন না এ গীতিকার।
প্রিন্স মাহমুদ বলেছেন, “আমার সঙ্গে যখন কথা হল সুস্থ একটা মানুষ। হুট করে একটা মানুষ নাই, ভাবা যাচ্ছে না। উনি খুব গোছানো মানুষ ছিলেন। তার মৃত্যুর খবর আমাকে খুব পীড়া দিচ্ছে।”
আশি-নব্বই দশকের কিশোর-তরুণ শ্রোতাদের মনে জায়গা করে নেওয়া জনপ্রিয় কণ্ঠশিল্পী শাফিন আহমেদের মৃত্যুতে এভাবেই স্মৃতিচারণ আর শোক জানালেন প্রিন্স মাহমুদ।
গ্লিটজকে তিনি বলেন, “যে সংবাদ পেলাম তা বিশালরকম অপ্রত্যাশিত। তার মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। উনি কাজের মধ্যে ছিলেন, নিজেকে গানের মধ্যেই ব্যস্ত রাখতেন।
“দেশের বাইরে যাওয়ার আগেও কথা হল ফোনে অনেকটা সময় ধরে। অনেকদিন দেখা হয় না তাই অডিও কল থেকে ভিডিও কলে কথা বললাম। অনেক বিষয় নিয়ে কথা হয়েছে। শাফিন প্রথমেই জিজ্ঞেস করলেন, 'নতুন কি গান লিখলেন সেটা বলেন'। তখনও জানি না শাফিন ভাইয়ের শরীর এত খারাপ। সম্ভবত ব্যস্ততা একটু বেশিই ছিল যেটা শরীরের উপর এসে পড়েছে।"
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি হাসপাতালে বৃহস্পতিবার ভোরে মারা যান শাফিন আহমেদ; তার বয়স হয়েছিল ৬৩ বছর।
‘চাঁদ তারা সূর্য নও তুমি’, ‘জ্বালা জ্বালা জ্বালা এই অন্তরে’, ‘ফিরিয়ে দাও’ গানের এ শিল্পী কনসার্টে অংশ নিতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। কিন্তু হার্ট অ্যাটাক হলে হাসপাতালে নিয়েও তাকে ফেরানো যায়নি। তার মৃত্যুতে বাংলাদেশের সংগীত অঙ্গনে নেমেছে শোকের ছায়া।
‘প্রথম প্রেমের মত’, ‘সে কোন দরদিয়া’, ‘ধিকি ধিকি’, যাদু, ‘পাহাড়ি মেয়ে’, ‘নীলা’, ‘কতকাল খুঁজব তোমায়’, ‘হৃদয়হীনা’, ‘স্বপ্নভঙ্গ’, ‘জ্বালা জ্বালা’, ‘শেষ ঠিকানা’, ‘পিয়াসী মন’, ‘বলব না তোমাকে’– এরকম বহু গান শাফিন আহমেদ রেখে গেছেন, যা এখনও ভক্তদের হৃদয়ে বাজে।
প্রিন্স মাহমুদের কথা ও সুরে শাফিন আহমেদের কণ্ঠে ‘আজ জন্মদিন তোমার’ গানটি প্রায় এক যুগ ধরে দর্শকের মন জয় করে আছে। এ ছাড়াও প্রিন্স মাহমুদের লেখা 'দুঃখ স্রোত', 'কী করে সব ভুলে যাই', 'জীবনে কী পাব' গানে কণ্ঠ দিয়েছেন শাফিন।
প্রিন্স মাহমুদ বলেন, “আমার লেখা বেশ কিছু গানে কণ্ঠ দিয়েছিলেন শাফিন। ‘আজ জন্মদিন তোমার' গান থেকে শুরু করে তার মিক্সড অ্যালবামের বেশ কিছু গান আমার লেখা।”
ফরিদ রশিদের হাত ধরে ১৯৭৯ সালে শাফিন আহমেদ গড়ে তোলেন ব্যান্ড দল ‘মাইলস’। প্রথম কয়েক বছর তারা বিভিন্ন পাঁচতারা হোটেলে ইংরেজি গান গাইতেন। এর মধ্যেই প্রকাশিত হয় দু’টি ইংরেজি গানের অ্যালবাম ‘মাইলস’ ও ‘এ স্টেপ ফারদার’। পরে মাইলসের বাংলা গানের প্রথম অ্যালবাম ‘প্রতিশ্রুতি’ বের হয় ১৯৯১ সালে।
ওই অ্যালবামের জনপ্রিয়তার পর বিটিভিতে বিভিন্ন গানের অনুষ্ঠানে দেখা যেতে থাকে মাইলসকে। ধীরে ধীরে মাইলস দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ডদলে পরিণত হয়।
শাফিনের মৃত্যুতে প্রিন্স মাহমুদ ছাড়াও বন্ধু-সহকর্মীদের অনেকেই শোক জানাচ্ছেন।
নগরবাউল জেমস বলেছেন, “চাঁদ তারা সূর্য নও তুমি, নও পাহাড়ি ঝরনা/ যদি বলি ফুল তবুও হবে ভুল, তোমার তুলনা হয় না’। বিনম্র শ্রদ্ধা বাংলাদেশের মাইলস ব্যান্ড তারকা শাফিন আহমেদের প্রতি। শোকস্তব্ধ দর্শক-শ্রোতাদের প্রতি রইল গভীর সমবেদনা। আসুন আমরা সকলে তার আত্মার চিরশান্তি কামনা করি।”
ব্যান্ড দল ওয়ারফেজের কণ্ঠশিল্পী বাবনা করিম বলেন, “শাফিন ভাই নাই, আমি বাকরুদ্ধ, অনুভূতিহীন।”
আরও পড়ুন-