Published : 24 Aug 2026, 10:45 PM
ছাত্র রাজনীতির গল্পের সিনেমা 'দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল' এবার দেখা যাবে ঘরে বসে।
ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে বৃহস্পতিবার থেকে দেখা যাবে সিনেমাটি।
ফেইসবুকে এক পোস্টে চরকি লিখেছে, "চিরচেনা এক ইউনিভার্সিটি নিয়ে 'একটি সিলেবাসের বাহিরের সিনেমা'! যেখানে জ্ঞান না, রাজনীতিই মূখ্য। ২৭ অগাস্ট আসছে আকাশ হক পরিচালিত চরকি এক্সক্লুসিভ ফিল্ম দ্যা ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’।"
ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষাজীবন শুরুর সময় গণরুমের তিক্ত অভিজ্ঞতাসহ নিজের দেখা চারপাশের পরিবেশ থেকেই অনুপ্রাণিত হয়ে সিনেমাটি নির্মাণ করেছেন পরিচালক আকাশ হক।
চিত্রনাট্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতি, ক্ষমতার পালাবদল, ক্যাডার রাজনীতি, অর্থের লেনদেন এবং ক্ষমতার দ্বন্দ্বে তরুণদের জড়িয়ে পড়ার নানা চিত্র উঠে এসেছে। বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও বাস্তব রূপ কীভাবে সমাজ ও রাষ্ট্রের প্রতিচ্ছবি হয়ে ওঠে, তা হাস্যরসের মাধ্যমে তুলে ধরা হয়েছে এতে।
রাজনীতির বাস্তব রূপ ও নেতার অনুগত হওয়ার অদ্ভুত সব 'পন্থা' ফুটিয়ে তুলতে সিনেমাটিতে ব্যবহার করা হয়েছে 'সহমত ভাই' নামের একটি বিশেষ গান।
তাবিব মাহমুদের লেখা, সুর ও কণ্ঠের এবং শুভ্র রাহার মিউজিক কম্পোজিশনে র্যাপ ধাঁচের এই গানটি সিনেমাটিতে বাড়তি মাত্রা যোগ করেছে বলে জানিয়েছেন নির্মাতা।
চলতি বছরের ১২ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। এরপর বিভিন্ন চলচ্চিত্র উৎসবেও দেখানো হয়।
প্রেক্ষাগৃহ ও চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পর দর্শকদের প্রতিক্রিয়া নিয়ে আকাশ হক বলেন, "মানুষ সিনেমাটার হিউমার খুব ভালোভাবে গ্রহণ করেছেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনেকেই আমাকে বলেছেন 'ভাই, এই চরিত্রটা তো আমাদের বিশ্ববিদ্যালয়ের অমুক ভাইয়ের মত।' অনেকেই এটাকে সাহসী কাজ বলেছেন। তবে আমার কাছে সাহসী হওয়ার চেয়েও গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে, কথাটা বলা দরকার ছিল।"
বিশ্ববিদ্যালয়ের পরিসরে রাজনীতি কেন্দ্রিক গল্প বাছার বিষয়ে তিনি বলেন, "বিশ্ববিদ্যালয়ের রাজনীতি আমার কাছে শুধু ছাত্ররাজনীতির গল্প নয়; এটা বাংলাদেশের বৃহত্তর ক্ষমতার কাঠামোর একটা ছোট সংস্করণ। এখানকার ক্ষমতার খেলা, পদ পাওয়ার প্রতিযোগিতা, গ্রুপিং এগুলো সমাজ ও রাষ্ট্রেরও প্রতিচ্ছবি। তাই বিশ্ববিদ্যালয়কে নিয়ে সিনেমা করতে গিয়ে রাজনীতিকে এড়িয়ে যাওয়াটা অস্বাভাবিক মনে হয়েছে।"
রাজনীতি নিয়ে হাস্যরসাত্মক চলচ্চিত্র নির্মাণের ঝুঁকি নিয়ে নির্মাতা জানিয়েছেন, তার মনে ভয় কিছুটা থাকলেও পুরো যাত্রাটা তার কাছে মজার ছিল।
তিনি বলেন, "আমি কোনো নির্দিষ্ট ব্যক্তি বা দলকে টার্গেট করিনি। একটি কালচার, সিস্টেম এবং মানসিকতা নিয়ে কথা বলতে চেয়েছি। আমার লক্ষ্য ছিল বাস্তবতার সঙ্গে যতটুকু সম্ভব দায়িত্বশীল থাকা। সেন্সর বোর্ড আমাদের হতাশ করেনি, রীতিমতো প্রশংসাই করেছে।"
প্রেক্ষাগৃহে প্রদর্শিত হলেও এখনও অনেক দর্শকের কাছে সিনেমাটি পৌঁছায়নি জানিয়ে আকাশ হক বলেন, "চরকির মাধ্যমে দেশ-বিদেশের দর্শকের কাছে সিনেমাটি পৌঁছাবে। আশা করছি দর্শকরা এটি পছন্দ করবেন।"
এই সিনেমায় অভিনয় করেছেন দেবদ্যুতি আইচ, রকি খান, ববি বিশ্বাস, আখতারুজ্জামান আজাদ, আবু সায়ীদ, ইফাদ হাসান, চয়ন মন্ডল, এস এ জীবন, মেহেদী হাসান সোহানসহ আরও অনেকে।
পরিচালনার পাশাপাশি সিনেমাটির প্রযোজনা, চিত্রনাট্য, সম্পাদনা ও চিত্রগ্রহণের কাজও নিজেই করেছেন আকাশ হক।