Published : 19 May 2025, 07:26 PM
তেইশতম জাতীয় সম্মেলনের ‘অসমাপ্ত ও অসম্পূর্ণ কাউন্সিল অধিবেশন’ সমাপ্ত করতে সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।
মঙ্গলবার বিকাল ৪টায় জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে এ সংবাদ সম্মেলন হবে বলে জানিয়েছেন উদীচীর সভাপতি অধ্যাপক বদিউর রহমান।
তিনি বলেছেন, “সংবাদ সম্মেলনে অসমাপ্ত কাউন্সিল সম্পন্ন করার লক্ষ্যে পরবর্তী কার্যক্রম বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে।”
গত ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় কমিটি ঘোষণাকে কেন্দ্র করে বিভক্ত হয়ে পড়ে উদীচী শিল্পী গোষ্ঠী। দুই পক্ষ সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে পৃথক নেতৃত্ব বেছে নেওয়ার ঘোষণা দেয়। এরপর থেকে দুই কমিটিই উদীচীর ব্যানারে পৃথক অনুষ্ঠান আয়োজন করে আসছে।
এবার কী ‘বিভক্ত উদীচী’ এক হবে- এমন প্রশ্নে অধ্যাপক বদিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ বিষয়ে সংবাদ সম্মেলনেই বিস্তারিত জানানো হবে।”
গত ৬-৮ ফেব্রুয়ারি তিন দিনব্যাপি ২৩তম জাতীয় সম্মেলন আয়োজন করেছিল উদীচী। শিশু একাডেমিতে ৮ ফেব্রুয়ারি সম্মেলনের সমাপনী পর্বে কমিটি গঠন নিয়ে আলোচনার মধ্যেই দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।
একপ ক্ষ বর্তমান কমিটিকে রাখার পক্ষপাতি হলেও অপর পক্ষ সাধারণ সম্পাদক বদলে জোরালো অবস্থান নেয়। বিভক্তি তৈরি হয় দেশের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম সংগঠনটির নেতাকর্মীদের মধ্যেও।
এক পক্ষ বর্তমান সভাপতি বদিউর রহমান ও সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে’কে পরের মেয়াদে দুই বছরের জন্য দায়িত্ব দিতে চাইলেও আরেক পক্ষ সাধারণ সম্পাদক পদে চান জামশেদ আনোয়ার তপনকে।
সম্মেলনের পর দুই পক্ষ সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে আলাদা কমিটির তথ্য জানায়।
সবশেষ কমিটির প্রচার ও তথ্যপ্রযুক্তি সম্পাদক কংকন নাগের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অধ্যাপক বদিউর রহমানকে সভাপতি এবং অমিত রঞ্জন দে’কে সাধারণ সম্পাদক বহাল রেখে নতুন কেন্দ্রীয় সংসদ গঠন করা হয়েছে।
অপরদিকে সবশেষ কমিটির সহসাধারণ সম্পাদক ইকবালুল হক খানের সই করা আরেকটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অধ্যাপক বদিউর রহমানকে সভাপতি ও জামসেদ আনোয়ার তপনকে সাধারণ সম্পাদক করে কেন্দ্রীয় সংসদের নতুন কমিটি গঠন করা হয়।
উভয় পক্ষই সভাপতি পদে অধ্যাপক বদিউর রহমানকে মেনে নেয় এবং তারা দাবি করে, তারা সংগঠনের গঠনতন্ত্র মেনেই কমিটি ঘোষণা করেছে। তবে সম্মেলনের পর থেকে উদীচীর কোনো কর্মসূচিতেই সভাপতি অধ্যাপক বদিউর রহমানকে আর দেখা যায়নি।
বিগত তিন মাসে বেশ কিছু কর্মসূচি আলাদা ব্যানারে আয়োজন করেছে দুই কমিটি।
সম্প্রতি বগুড়ায় উদীচীসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে জাতীয় সংগীত পরিবেশনায় বাধা দেওয়ার ঘটনায় প্রতিবাদ সমাবেশ আয়োজন করা হয়। দুই কমিটিই আলাদা আয়োজনে প্রতিবাদ কর্মসূচি পালন করে।
এবার অধ্যাপক বদিউর রহমানের ডাকা সংবাদ সম্মেলন থেকে বিভক্ত উদীচী ঐক্যে ফিরতে পারে বলে মনে করছেন সংস্কৃতিকর্মীরা।
১৯৬৮ সালের ২৯ অক্টোবর প্রতিষ্ঠার পর থেকেই গান-নাচ-কবিতা-নাটক-চলচ্চিত্রের মতো সৃজনশীল মাধ্যমকে হাতিয়ার করে সমাজের নানা অসঙ্গতি, শোষণ-বঞ্চনা-অত্যাচার-নির্যাতন-নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে চলেছে উদীচী।
সাংগঠনিক শৃঙ্খলা রক্ষা ও নেতৃত্বের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে প্রতি দুই বছর পরপর জাতীয় সম্মেলন আয়োজন করে উদীচী।
আগের খবর-
কমিটি নিয়ে বিভক্তি, উদীচীর সভাপতি বদিউর, সাধারণ সম্পাদক কে?