১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

মায়ের কবরে শায়িত হলেন আতাউর রহমান

কেন্দ্রীয় শহীদ মিনারে তার প্রতি শেষ শ্রদ্ধা জানান নাট্যকর্মী, সাংস্কৃতিক সংগঠক, সহশিল্পী ও শুভানুধ্যায়ীরা।

মায়ের কবরে শায়িত হলেন আতাউর রহমান
আতাউর রহমানের প্রতি শেষ শ্রদ্ধা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2026, 08:14 PM

Updated : 26 Aug 2026, 03:36 PM

ঢাকার বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হয়েছেন অভিনেতা ও নির্দেশক আতাউর রহমান।

মঙ্গলবার সন্ধ্যায় বনানী কবরস্থানে মায়ের কবরে তাকে সমাহিত করা হয়।   

এর আগে বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে তার প্রতি শেষ শ্রদ্ধা জানান নাট্যকর্মী, সাংস্কৃতিক সংগঠক, সহশিল্পী ও শুভানুধ্যায়ীরা। 

সেখানে উপস্থিত ছিলেন মফিদুল হক, রামেন্দু মজুমদার, তারিক আনাম খান, সারা যাকের, লাকী ইনাম, লাইসা আহমেদ লিসা, খায়রুল আনাম শাকিল, ভাস্বর বন্দ্যোপাধ্যায়, পার্থ তানভির নভেদ, শংকর সাঁওজাল।

আরো ছিলেন আজাদ আবুল কালাম, জিতু আহসান, আসিফ মনির, মোহাম্মদ বারী, কামাল উদ্দিন, রওনক হাসান, মোসাদ্দেক হোসেন মান্না, অধ্যাপক সামিনা লুৎফা, নাসিরুল হক খোকন, তামান্না রহমান, আমিনুর রহমান মুকুল, কাওসার চৌধুরীসহ অনেকে। 

সোমবার রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর ধানমন্ডিতে পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আতাউর রহমান। স্বাধীনতা ও একুশে পদক পাওয়া এই অভিনেতার বয়স হয়েছিল ৮৪ বছর৷

মঙ্গলবার দুপুরে রাজধানীর মগবাজারে ইস্পাহানি সেঞ্চুরি আর্কেডের বাসার সামনে তার জানাজা হয়। 

জানাজায় উপস্থিত ছিলেন অভিনেতা মামুনুর রশীদ, জাহিদ হাসান, নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু ও গাজী রাকায়েতসহ সাংস্কৃতিক অঙ্গনের অনেকে।

দেশের সাংস্কৃতিক অঙ্গনের বেশ কয়েকটি মাধ্যমে কাজ করেছেন আতাউর রহমান। অভিনয়ের পাশাপাশি মঞ্চে নির্দেশনা করেছেন। লেখক হিসেবেও তার পরিচিতি রয়েছে।

১৯৪১ সালের ১৮ জুন নোয়াখালীতে জন্ম নেওয়া আতাউর রহমানকে বাংলাদেশের স্বাধীনতাপরবর্তী মঞ্চনাটক আন্দোলনের অন্যতম অগ্রদূত হিসেবে বিবেচনা করা হয়।

মঞ্চনাটকে অবদানের জন্য তিনি ২০০১ সালে একুশে পদক এবং ২০২১ সালে পান স্বাধীনতা পুরস্কার।

পরিবারে স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে রেখে গেছেন আতাউর রহমান।