১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কলকাতায় বুবলীর প্রথম ‘ফ্ল্যাশব্যাক’

এটি কলকাতায় বুবলীর প্রথম সিনেমা। তার সঙ্গে থাকছেন কৌশিক গাঙ্গুলি ও সৌরভ দাস।

কলকাতায় বুবলীর প্রথম ‘ফ্ল্যাশব্যাক’

শবনম বুবলী

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2024, 03:45 PM

Updated : 14 Jan 2024, 03:45 PM

কলকাতায় ‘ফ্ল্যাশব্যাক’ নামের একটি সিনেমায় অভিনয় করছেন বাংলাদেশের নায়িকা শবনম বুবলী। ইতিমধ্যেই শেষ হয়েছে সিনেমাটির কলকাতা পর্বের শুটিং, পরবর্তী শুটিং হবে ডুয়ার্সে।

রাশেদ রাহা ও খায়রুল বাসার নির্ঝরের গল্পে সিনেমাটিতে বুবলীর সঙ্গে আরও অভিনয় করছেন পশ্চিমবঙ্গের পরিচালক-অভিনেতা কৌশিক গাঙ্গুলি ও অভিনেতা সৌরভ দাস। 

সিনেমার গল্পে দেখা যাবে- মঞ্চ নাটকের এক সময়ের স্বনামধন্য ব্যক্তিত্ব অঞ্জন। বহুদিন হল সব ছেড়েছুড়ে অনেকটাই অদৃশ্য তিনি। এখনও অঞ্জন অভিনয় করেন, তবে মঞ্চে কিংবা পর্দায় নয়, বাস্তবে।

Image

কৌশিক গাঙ্গুলি

বাস্তবের দৃশ্য চলতে চলতে তার অভিনয়ের চিত্রনাট্য লেখা হতে থাকে। এভাবেই হঠাৎ একদিন অঞ্জনের সঙ্গে দেখা হয়ে যায় ডিকে ও শ্বেতার। ডিকে স্বভাবে ভবঘুরে। আর শ্বেতা ইয়াং ফিল্মমেকার। পাহাড়ের প্রেক্ষাপটে তাদের কয়েকটি দিন সিনেমার চিত্রনাট্যের চেয়েও রোমাঞ্চকর হয়ে ওঠে।

চলচ্চিত্রে শ্বেতা চরিত্রে দেখা যাবে বুবলীকে। অঞ্জন চরিত্রে কৌশিক গাঙ্গুলী এবং ডিকে চরিত্রে সৌরভ দাস অভিনয় করছেন।

বুবলীকে নেয়ার কারণ জানিয়ে নির্মাতা রাশেদ রাহা বলেন, “শ্বেতা চরিত্রটির জন্য আমাদের বিবেচনায় অনেকেই ছিল, তবে আমাদের মনে হয়েছে বুবলী ভালো করবে। সে যথেষ্ট পরিশ্রমী ও দায়িত্বশীল। এখন পর্যন্ত তার যতগুলো দৃশ্য সম্পন্ন হয়েছে আমরা সন্তুষ্ট ও ভীষণ আশাবাদী।”

Image

সৌরভ দাস

এই সিনেমার মধ্য দিয়ে প্রথম কলকাতার কোনো সিনেমায় অভিনয় করছেন জানিয়ে বুবলী বলেন, “সবাই আমাকে সবসময়ের মত আপনাদের দোয়া ও ভালোবাসায় রাখবেন।”

কলকাতায় রোববার সন্ধ্যায় সিনেমাটির সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে। সেখানেই এ সিনেমা নিয়ে বিস্তারিত কথা বলবেন বলেও জানান বুবলী।

থ্রিলারধর্মী সিনেমাটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন খায়রুল বাসার নির্ঝর। সিনেমাটি মুক্তি পাবে ভারতের বড় পর্দায়।

প্রযোজনায় আছেন নারায়ণ চট্টোপাধ্যায় ও কাজী জাফরিন মুন। এটি নিবেদন করছে ব্লু হোয়েল এন্টারটেইনমেন্ট ও বিগ আর এন্টারটেইনমেন্ট।