১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে জমজমাট নাট্যোৎসব

প্রতিদিন সন্ধ্যা ৬টা ও ৭টা ৩০ মিনিটে নাটকের প্রদর্শনী চলছে।

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে জমজমাট নাট্যোৎসব
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে চলছে নাট্যোৎসব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2025, 10:40 PM

Updated : 26 Aug 2026, 12:41 PM

ময়মনসিংহের ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে জমে উঠেছে নাট্যোৎসব। নয় দিনের এই উৎসবের পর্দা নামবে সোমবার।

বিশ্ববিদ্যালয়টির থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের এই আয়োজনে ১৮টি নাটক মঞ্চায়িত হচ্ছে। প্রতিদিন সন্ধ্যা ৬টা ও ৭টা ৩০ মিনিটে প্রদর্শনী হচ্ছে।

বিভাগের সহকারী অধ্যাপক মো. মাজহারুল হোসেন তোকদার বলেন, ২০১৯-২০ শিক্ষাবর্ষের নাট্য নির্দেশনা (ব্যবহারিক) পরীক্ষার অংশ হিসেবেই এ উৎসব। এবারের উৎসবে প্রযোজনাগুলোতে উঠে এসেছে বাংলা সাহিত্য, বিশ্বসাহিত্য এবং সমকালীন জীবনের বহুমাত্রিক অভিজ্ঞতা।

“নবীন নাট্যনির্দেশকেরা তাদের সৃজনশীলতা, নাট্যদৃষ্টি ও পারফরমেন্সের দক্ষতায় প্রতিটি প্রযোজনাকে নান্দনিকভাবে মঞ্চায়ন করতে নিরলস পরিশ্রম করেছেন। এই উৎসব বিভাগের শিক্ষার্থীদের মেধা, সাংস্কৃতিক অনুশীলন ও থিয়েটারচর্চার একটি বিশাল প্রকাশ মাধ্যম হয়ে উঠবে বলে আমরা আশাবাদী।”

উৎসব শুরুর দিন গত রোববার মঞ্চায়িত হয় ‘ইতি বিনোদিনী’। নাটকটি রচনা করেন ব্রজেন্দ্র কুমার দে। নির্দেশনা দেন তৃপ্তি রাণী রায়। একই দিন মঞ্চায়িত হয় আবদুল্লাহ আল-মামুনের লেখা নাটক ‘কোকিলারা’। নির্দেশনা দেন মনিসা সাহা।

সোমবার আফিয়া জাহান প্রার্থনার নির্দেশনার মঞ্চায়িত হয় নাটক ‘তেজ’। এদিন রাধারমণ ঘোষের পদাবলী অবলম্বনে ‘ভার্সেস অব ব্লাড এন্ড ফায়ার’ এর নির্দেশনা দেন মো. শাকিল আহমেদ।

মঙ্গলবার জাফরিন হক তরুর রচনা ও নির্দেশনায় মঞ্চায়িত হয় ‘কোয়েশ্চান মার্ক’। এদিন ইউকিও মিশিমা রচিত ‘লেডি আওই’ মঞ্চায়িত হয় পিপাসা সাহা গৌরীর নির্দেশনায়।

বুধবার মঞ্চায়িত হয় মন্মথ রায় রচিত নাটক ‘বীক্ষণ’। এতে নির্দেশনা দেন পরাগ বর্মণ। একই দিন মঞ্চায়িত হয় মনোজ মিত্রের লেখা নাটক ‘পাখি’। নির্দেশনা দেন ইশরাত জান্নাত।

বৃহস্পতিবার মঞ্চায়িত হয় পাওলো কোয়েলহোর উপন্যাস অবলম্বনে নাটক ‘ভেরোনিকার নতুন জীবন’। এ নাটকের নির্দেশনা দেন রাফেল আফ্রাদ। একই দিন ফারহানা আমবেরীন লিওনার নির্দেশনায় মঞ্চায়িত হয় ‘অতসী মামী’ নাটক।

শুক্রবার পল্লব কুমার বিশ্বাসের নির্দেশনায় মঞ্চায়িত হয় ‘কাঁটাতারে প্রজাপতি’। একই দিন আরও মঞ্চায়িত হয় ‘জিনের বাদশা’, নির্দেশনা দেন ফাতেমা তুজ যাহরা।

মো. শাহীন আলমের নির্দেশনায় শনিবার মঞ্চায়িত হবে নাটক ‘লবিং’। এদিন সামিয়া সুলতানা চারুর নির্দেশনায় মঞ্চে আসবে ‘মৃত্যুঞ্জয়’ নাটক।

রোববার মঞ্চায়িত হবে হেনরিক ইবসেনের লেখা ‘ডলস হাউজ’। প্রিয়াংকা রাণী দাস এতে নির্দেশনা দিয়েছেন। সেদিন আরেকটি নাটক ‘গেম অব গ্রিড’ মঞ্চায়িত হবে লাবণী রাণী পন্ডিতের নির্দেশনায়।

উৎসবের সমাপনী দিন সোমবার মঞ্চায়িত হবে নাটক ‘দ্যা স্টেশনারি শপ অব তেহরান’। এতে নির্দেশনা দিয়েছেন সুমাইয়া খান কানিজ। এ ছাড়া হাবিবা আক্তার পিংকীর নির্দেশনায় মঞ্চায়িত হবে নাটক ‘মুক্তি’।