০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

‘বিগ বস’: ‘আমাকে ক্যামেরার সামনে আনার প্রয়োজন নেই’, চটেছেন সালমান

সালমানকে ‘বাবা’ বলে সম্বোধন করায়, তিনি পাল্টা জবাব দেন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 07 Sep 2026, 01:34 PM

Updated : 19 Sep 2026, 02:27 PM

ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। প্রতি সিজনেই কোনো না কোনো অভিযোগ বা ঘটনা সামনে আসে।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, নতুন খবর হল, শোয়ের প্রচারমূলক অংশের শুটিংয়ের সময় মেজাজ হারান সঞ্চালক তারকা অভিনেতা সালমান খান।

তার ক্ষোভ পাপারাজ্জিদের উপরে। ছবি তোলা নিয়ে বিরক্তি প্রকাশ করেন সালামন; এছাড়া তাকে ‘বাবা’ বলে সম্বোধন করায়ও তিনি পাল্টা জবাব দেন।

মুম্বাইয়ে ‘বিগ বস ২০’-এর সেটে গ্র্যান্ড প্রিমিয়ারের শুটিং করছিলেন সালমন। সেই সময়ই পাপারাজ্জিরা অভিনেতার ছবি তুলতে শুরু করেন। প্রথমে ক্যামেরার সামনে তিনি দাঁড়ান। কিন্তু পরপর ছবি তোলার অনুরোধ আসতে থাকায় এবং ক্যামেরাম্যানদের নির্দিষ্ট দূরত্ব না রাখার ঘটনায় ধীরে ধীরে বিরক্ত হয়ে ওঠেন অভিনেতা।

এই ঘটনার একটি ভিডিও ছড়িয়েছে সোশাল মিডিয়ায়।

সেখানে দেখা যায়, সালমান বলেন, “এটা আমার কাজ নয়। আমাকে ক্যামেরার সামনে আনার কোনো প্রয়োজন নেই।”

একইসঙ্গে তিনি পাপারাজ্জিদের মঞ্চ থেকে কিছুটা দূরত্ব বজায় রাখতেও বলেন।

এই সময় পাপারাজ্জিদের কেউ একজন সালমানকে ‘বাবা’ বলে ডেকে ওঠায় ভীষণ রেগে যান সালমান।

চিৎকার করে বলে ওঠেন, “আর কত ছবি, ছবি, ছবি লাগবে?”

শুক্রবার থেকে শুরু হতে চলেছে রিয়েলিটি শো ‘বিগ বস ২০’। এবারেও সঞ্চালনা করছেন সালমান খান। 

দেড় দশকের বেশি সময় ধরে এই শো সঞ্চালনা করছেন সালমান। সঞ্চালনার জন্য ১২০ থেকে ১৫০ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন বলিউডের এই তারকা। 

সালমানকে নিয়ে এরই মধ্যে কিছু বিতর্ক তৈরি হএছে। সোশাল মিডিয়ায় কেউ কেউ বলেন, সালমান সঞ্চালকের গুরু দায়িত্ব ‘ঠিকমত পালন করতে পারেন না’, তিনি নাকি ‘পক্ষপাতিত্ব’ করে ফেলেন। 

এও বলা হয়, বিগ বসে কী হচ্ছে, সেই খবরও ঠিকমত রাখেন না সালমান, উপস্থাপনা করেন চিত্রনাট্য মুখস্থ করে।

তবে এসব অভিযোগ উড়িয়ে দিয়ে ‘বিগ বস’ কর্তৃপক্ষ বলেছে, প্রতিটি সিজন শুরু হওয়ার আগে পুরো টিম সালমান খানের সঙ্গে একাধিক সাক্ষাতের মাধ্যমে শোর সবকিছু নিয়ে আলোচনা করে থাকেন। এবারেও তার ব্যতিক্রম হয়নি।

সালমানের সর্বশেষ সিনেমা ‘সিকান্দার’ মুক্তি পায় ২০২৫ সালে। এর মধ্যে অভিনেতাকে পাওয়া গেছে আসামের বন্যা দুর্গতদের পাশে। 

সালমান খান ফ্যান ক্লাব (এসকেএফসি) আসামের সঙ্গে সমন্বয় করে ক্ষতিগ্রস্ত এলাকায় ধাপে ধাপে ত্রাণসহায়তা পাঠানোর উদ্যোগ নেন তিনি।

অভিনেতার দাতব্য সংস্থা বিয়িং হিউম্যান এবং এসকেএফসি আসাম যৌথভাবে শিবসাগর জেলায় প্রস্তুত খাবারের প্যাকেট বিতরণ করে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে রেশনসামগ্রী ও ওষুধ বিতরণ করা হয়।