Published : 28 Nov 2025, 04:09 PM
ক্যানসার আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেছেন গিটারিস্ট ও ফিডব্যাকের প্রতিষ্ঠাতা সদস্য সেলিম হায়দার।
শুক্রবার আজিমপুর কবরস্থানে তাকে সমাহিত করা হয়েছে।
রাজধানীর এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মারা যান তিনি; সেলিম হায়দারের বয়স হয়েছিল ৬৯ বছর।
তার মৃত্যুর খবর জানিয়ে ফিডব্যাক ব্যান্ডের ফোয়াদ নাসের গ্লিটজকে বলেন, “শুক্রবার বাদ জুমা সেলিমের জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।"
ফোয়াদ নাসের বলেছেন, তার সহযোদ্ধা সেলিম হায়দার প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত ছিলেন। কিছুদিন আগে হাসপাতালে ভর্তি ছিলেন৷ সুস্থ হয়ে বাসায়ও ফেরেন। তবে বৃহস্পতিবার শারীরিক অবস্থার অবনতি হলে ফের তাকে হাসপাতালে ভর্তি করা হয়৷ সেখান থেকে আর ফিরলেন না তিনি।
গেল ২৪ নভেম্বর ফেইসবুকে এক পোস্টে সেলিম হায়দার লিখেছেন, “আমি কিছুদিন যাবৎ অসুস্থ ছিলাম, আপনাদের দোয়ায় এখন সুস্থতার পথে । দ্রুত সুস্থ হয়ে উঠবো। আপনাদের মাঝে আগের মত ফিরে আসব এবং স্টেজে দেখা হবে।"
সেই পোস্টের তিনদিনের মাথায় চিরবিদায় নিলেন সেলিম হায়দার।
সেলিম হায়দার মূলত লিড গিটারিস্ট। তবে বেজ ও রিদম গিটার, অ্যাকুস্টিক ড্রামস এবং কিবোর্ডেও ছিলেন পারদর্শী। তিনি ফিডব্যাকের প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে একজন। এছাড়াও দীর্ঘ ত্রিশ বছর কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার সঙ্গে গিটার বাজিয়েছেন তিনি।
সেলিম হায়দারের মৃত্যুতে শোক প্রকাশ করে রুনা লায়লা লিখেছেন, “আজ বাংলাদেশ একজন অত্যন্ত প্রতিভাবান শিল্পীকে হারাল। সেলিম হায়দার গত তিরিশ বছরেরও বেশি সময় ধরে আমার সঙ্গে বাজিয়েছেন। আমরা একসঙ্গে প্রায় পুরো পৃথিবী ভ্রমণ করেছি, অসংখ্য কনসার্ট করেছি—অগণিত স্মৃতি জড়িয়ে আছে আমাদের সংগীতে। তিনি আমার দলের অবিচ্ছেদ্য একজন সদস্য ছিলেন—প্রতিটি সুর, প্রতিটি গান তার ছিল মুখস্থ, আর কাজে অপরিসীম নিবেদিতপ্রাণ ছিলেন। জানতাম, তিনি অসুস্থ।"
রুনা লায়লা আরও লিখেছেন, " নিয়মিত খোঁজ নিতাম। মন থেকে আশা করতাম, প্রার্থনা করতাম। তিনি সুস্থ হয়ে আবার আমার কনসার্টে বাজাবেন। কিন্তু তা আর হল না, সেলিম হায়দারকে আমি খুব তাড়াতাড়ি হারালাম। তার চলে যাওয়ায় আমি হতবাক, মর্মাহত। এই আকস্মিক বিদায়ের কোনো সান্ত্বনা খুঁজে পাচ্ছি না।"
সেলিম হায়দারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সংগীতাঙ্গনের অনেকে।
একটি ছবি পোস্ট করে বাপ্পা মজুমদার লিখেছেন, "সেলিম হায়দার ভাই ও চলে গেলেন। শান্তিতে থাকুন ভাই।"
সংগীতশিল্পী নকীব খান লিখেছেন, "খুবই দুঃখজনক খবর। আমাদের প্রিয় সংগীতশিল্পী সেলিম হায়দারের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আরেকজন গুণী সংগীতশিল্পীকে হারালাম। উনার পরিবারের প্রতি গভীর সমবেদনা রইল।"
সেলিম হায়দারের সংগীত পরিচালনায় দুইটি জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ফিডব্যাকের ‘এইদিন চিরদিন রবে’ ও ‘ঐ দূর থেকে দূরে’।