১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পর্দায় সিয়ামের বিধ্বংসী রূপ, ‘রাক্ষস’ এল ট্রেইলারে

দুই মিনিট ১৩ সেকেন্ডের ট্রেইলারে এক অন্ধকার এবং প্রতিশোধপরায়ণ সিয়ামকে দেখা গেছে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2026, 12:01 PM

Updated : 26 Aug 2026, 03:09 PM

ঈদে মুক্তির অপেক্ষায় থাকা অভিনেতা সিয়াম আহমেদের সিনেমা ‘রাক্ষস’ এর ট্রেইলার প্রকাশ পেয়েছে। 

শুক্রবার মধ্যরাতে ফেইসবুকে ট্রেইলার পোস্ট করে সিয়াম লিখেছেন, 'রাক্ষস মাঝরাতেই আসে,আর তখনই শুরু হয় কোপ।"

দুই মিনিট ১৩ সেকেন্ডের ট্রেইলারে এক অন্ধকার এবং প্রতিশোধপরায়ণ সিয়ামকে দেখা গেছে। 

ভিডিওতে সিয়ামের কণ্ঠে শোনা গেছে প্রেমিকার জন্য এক আবেগঘন সংলাপ। সিয়াম বলেন, "পৃথিবীতে ভালোবাসা বলতে আমি তোরেই বুঝি। তোরে ভালোবেসে আমি এমন একটা জায়গায় চলে গেছি—তোর হাসিতে আমি হাসতাম, তোর খুশিতে আমি খুশি হইতাম।" 

এই ভিডিওতে অ্যাকশন ও সহিংসতার দৃশ্যই বেশি উঠে এসেছে। 

এছাড়াও, মেহেদী হাসান হৃদয় পরিচালিত 'বরবাদ' সিনেমার আলোচিত জিল্লুকেও দেখা গেছে ট্রেইলারে। 

সিনেমাটি নিয়ে বিজ্ঞপ্তিতে প্রযোজক শাহরিন আক্তার সুমি বলেন, "অনেক দিন ধরে পর্দায় ক্রেজি লাভ স্টোরি দেখা যায় না। ‘রাক্ষস’ একটি পাগলাটে প্রেমের গল্প। সেই সঙ্গে এতে রয়েছে ফ্যামিলি ড্রামা। আমাদের বিশ্বাস সিনেমাটি এবারের ঈদে দর্শক পছন্দের শীর্ষে থাকবে।"

রিয়েল এনার্জির প্রযোজনায় এর আগে ‘বরবাদ’ নির্মিত হয়েছিল।

এই প্রযোজক জানিয়েছেন, ‘বরবাদ’ সিনেমার চেয়ে তিন গুণ সংহিসংতা আছে এই সিনেমায়। তার বিশ্বাস, দর্শক সিনেমাটি ভালোভাবে নেবে এবং যারা একবার রাক্ষস দেখবে, তারা বারবার দেখতে চাইবে।

এর আগে সিনেমাটি নিয়ে নির্মাতা মেহেদী বলছিলেন, “ভালোবাসার জন্য একজন মানুষ কতটা ভায়োলেন্ট হয়ে উঠতে পারে, সেই গল্পই বলবে ‘রাক্ষস’।”

সিনেমাটি নিয়ে সিয়াম আহমেদ বলেন, "আমি যতদিন ধরে এই ইন্ডাস্ট্রিতে কাজ করছি, আমার একটা চিন্তা মাথায় থাকে, আমি যেন আমার দর্শকদের বিরক্ত না করে ফেলি। আর প্রতিটা কাজ, প্রতিটা চরিত্রে নিজেকে চ্যালেঞ্জ করা, যেন আগের কাজটা থেকে এই কাজটা আরও ভালো হয়।

"এই চরিত্রের জন্য আমাকে দীর্ঘ নয় মাস ধরে কঠোর পরিশ্রম করতে হয়েছে। আমি যখন গল্পটা শুনেছি এবং চরিত্রটা অনুভব করেছি, তখন মনে হয়েছে, এটা হচ্ছে জীবনের থেকেও বড় একটা চরিত্র। এখানে অনেক ভায়োলেন্স আছে, কিন্তু দিন শেষে দর্শক এই চরিত্রটা বুঝতে পারবে। আশা করছি সিনেমাটি দর্শকের ভালো লাগবে।"

'রাক্ষস' সিনেমার আইটেম গানে অভিনয় করছেন হিন্দি সিনেমার অভিনেত্রী নাতালিয়া জানোসজেক।

সিনেমায় সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।

অভিনয়শিল্পী নিয়ে আরও অনেক চমক রয়েছে বলে জানিয়েছেন প্রযোজক সুমি। 

মুক্তির জন্য ছাড়পত্র পেতে খুব শিগগিরই সিনেমাটি সেন্সরেও জমা পড়বে বলে জানিয়েছেন প্রযোজক। 

 আরও পড়ুন: 

'রাক্ষসসিনেমার গানে বলিউডি অভিনেত্রী

ভায়োলেন্সে মোড়া 'রাক্ষস', এল 'ফার্স্ট লুক'