‘রাক্ষস’ সিনেমার গানে বলিউডি অভিনেত্রী
গানটির কোরিওগ্রাফি করছেন হিন্দি সিনেমার কোরিওগ্রাফার আদিল শেখ।
সিয়াম আহমেদ ও কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জির ‘রাক্ষস’ সিনেমায়
আইটেম গানে অভিনয় করেছেন হিন্দি সিনেমার অভিনেত্রী নাতালিয়া জেনোশেক।
মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমার দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে।
এক বিজ্ঞপ্তিতে, রাক্ষস সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জির অন্যতম কর্ণধার আজিম হারুন বলেন, "আমাদের রাক্ষস সিনেমার একটি আইটেম গানে পারফর্ম করেছেন বলিউড অভিনেত্রী নাতালিয়া। তিনি গানটিতে সিয়াম আহমেদের সঙ্গে নেচেছেন। তিনি এবারই প্রথম কোনো বাংলা সিনেমায় অভিনয় করলেন।"
প্রযোজনা সংস্থার আরেকজন কর্ণধার শাহরীন আখতার সুমি জানিয়েছেন, গানটির কোরিওগ্রাফি করছেন হিন্দি সিনেমার কোরিওগ্রাফার আদিল শেখ।
সংগীত পরিচালনা করেছেন জি এম আশরাফ। গানটিতে কণ্ঠ দিয়েছে জি এম আশরাফ ও দোলা।
সুমি বলেন, "অনেক বড় বাজেটে আইটেম গানটি তৈরি করছি। একটি গানকে জনপ্রিয় করতে আয়োজনে কোনো কার্পণ্য করিনি আমরা। আশা করছি দর্শকেরা গানটি পছন্দ করবে। আর আমাদের বিশ্বাস, এবারের ঈদের সেরা সিনেমা হবে রাক্ষস।"
নাতালিয়া একজন ইউরোপিয়ান বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী। বলিউডের ‘হাউজফুল ৫’, ‘মাস্তি ৪’ ও ‘৩৬৫ ডেইজ’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। কাজ করেছেন হলিউডের সিনেমাতেও। এ ছাড়া সালমান খানের উপস্থাপনায় টিভি শো ‘বিগ বস’ এ অংশ নিয়েছিলেন নাতালিয়া।
গত বছর শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমাটি প্রযোজনা করেছিল রিয়েল এনার্জি। এ বছর ঈদে তারা নিয়ে আসছে ‘রাক্ষস’ সিনেমা।
এর আগে সিনেমাটি নিয়ে নির্মাতা মেহেদী বলছিলেন, “ভালোবাসার জন্য একজন মানুষ কতটা ভায়োলেন্ট হয়ে উঠতে পারে, সেই গল্পই বলবে ‘রাক্ষস’।”
সিনেমাটি নিয়ে সিয়াম আহমেদ বলেন, "আমি যতদিন ধরে এই ইন্ডাস্ট্রিতে কাজ করছি, আমার একটা চিন্তা মাথায় থাকে, আমি যেন আমার দর্শকদের বিরক্ত না করে ফেলি। আর প্রতিটা কাজ, প্রতিটা চরিত্রে নিজেকে চ্যালেঞ্জ করা, যেন আগের কাজটা থেকে এই কাজটা আরও ভালো হয়।
"এই চরিত্রের জন্য আমাকে দীর্ঘ নয় মাস ধরে কঠোর পরিশ্রম করতে হয়েছে। আমি যখন গল্পটা শুনেছি এবং চরিত্রটা অনুভব করেছি, তখন মনে হয়েছে, এটা হচ্ছে জীবনের থেকেও বড় একটা চরিত্র। এখানে অনেক ভায়োলেন্স আছে, কিন্তু দিন শেষে দর্শক এই চরিত্রটা বুঝতে পারবে। আশা করছি সিনেমাটি দর্শকের ভালো লাগবে।"
শ্রীলঙ্কা ও মালয়েশিয়াতে ‘রাক্ষসের’ দৃশ্যধারণ হয়েছে।
আরও পড়ুন:
