১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভায়োলেন্সে মোড়া ‘রাক্ষস’, এল ‘ফার্স্ট লুক’

নির্মাতা মেহেদী বলছেন, “ভালোবাসার জন্য একজন মানুষ কতটা ভায়োলেন্ট হয়ে উঠতে পারে, সেই গল্পই বলবে ‘রাক্ষস’।”

ভায়োলেন্সে মোড়া ‘রাক্ষস’, এল ‘ফার্স্ট লুক’
‘রাক্ষস’ সিনেমার অভিনয়শিল্পীরা।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2025, 08:09 PM

Updated : 26 Aug 2026, 05:21 PM

সিয়াম আহমেদ ও কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জিকে নিয়ে ‘রাক্ষস’ নির্মাণ প্রায় শেষ করে এনেছেন ‘বরবাদ’ সিনেমা দিয়ে আলোচনায় আসা নির্মাতা মেহেদী হাসান হৃদয়।

বুধবার এফডিসিতে রাক্ষস সিনেমার ফার্স্ট লুক টিজার প্রকাশ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এক মিনিট ২৬ সেকেন্ডের এই টিজারে দেখা গেল ধবধবে সাদা ঘরের মেঝে জুড়ে ছোপ ছোপ রক্তের দাগ। তার মাঝে রক্তে ভরা একটি বাথটাব, সেখানে নিথর পড়ে আছে একটি বাঘ। 

বাথটাবের পাশে সাদা স্যুট-বুটে দণ্ডায়মান নায়ক সিয়াম আহমেদ। এক হাতে চায়নিজ কুড়াল, আর অন্য হাতে পিস্তল নিয়ে গুলি ছুড়ছেন মৃত বাঘটির দিকে। 

এ সময় সিয়ামের মুখে শোনা যায়, 'খাইয়া দিমু'। 

নির্মাতা মেহেদী বলছেন, “ভালোবাসার জন্য একজন মানুষ কতটা ভায়োলেন্ট হয়ে উঠতে পারে, সেই গল্পই বলবে ‘রাক্ষস’।”

সিনেমাটি নিয়ে সিয়াম আহমেদ বলেন, "আমি যতদিন ধরে এই ইন্ডাস্ট্রিতে কাজ করছি, আমার একটা চিন্তা মাথায় থাকে, আমি যেন আমার দর্শকদের বোর না করে ফেলি। আর প্রতিটা কাজ, প্রতিটা চরিত্রে নিজেকে চ্যালেঞ্জ করা, যেন আগের কাজটা থেকে এই কাজটা আরও ভালো হয়।  

"এই চরিত্রের জন্য আমাকে দীর্ঘ নয় মাস ধরে কঠোর পরিশ্রম করতে হয়েছে। আমি যখন গল্পটা শুনেছি এবং চরিত্রটা অনুভব করেছি, তখন মনে হয়েছে, এটা হচ্ছে জীবনের থেকেও বড় একটা চরিত্র। এখানে অনেক ভায়োলেন্স আছে, কিন্তু দিন শেষে দর্শক এই চরিত্রটা বুঝতে পারবে। আশা করছি সিনেমাটি দর্শকের ভালো লাগবে।" 

কাজের অভিজ্ঞতা ভালো ছিল জানিয়ে অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি বলেন, "রোমান্টিক সিনেমার সুস্মিতা ও রাক্ষসের সুস্মিতার মধ্যে অনেক পার্থক্য আছে। চার বছর আগে আমার একটা সিনেমা রিলিজ হয়েছিল, এরপর এই দীর্ঘ সময়। আমি অভিনয়েও এই কয় বছরে অনেকটা পরিণত হয়েছি। 

“রাক্ষসে আমার চরিত্রটা অন্যরকম। এই সিনেমার পুরো অভিজ্ঞতা খুবই ভালো, অনেকটা স্বপ্নের মত। আমার মনেই হয়নি বাইরের একটা দেশে এসে সিনেমা করেছি। এত আপ্যায়ন, এত যত্ন। নিজেদের ঘরের মানুষ ভাবা। সব মিলিয়ে এই টিম এত সুন্দর কাজ করে বেশ ভালো লেগেছে।"  

‘রাক্ষস’ সিনেমার কিছু দৃশ্যধারণ এখনো বাকি। শ্রীলঙ্কা ও মালয়েশিয়াতে তা করা হবে।