Published : 17 Dec 2025, 11:40 PM
দীর্ঘ সংগীতজীবনের সহযাত্রীকে হারিয়ে শোক, স্মৃতি আর আক্ষেপের কথা উঠে এল গিটারিস্ট ও ফিডব্যাকের প্রতিষ্ঠাতা সদস্য সেলিম হায়দারের স্মরণসভায়।
বুধবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে 'স্মরণে ও সম্মানে সেলিম হায়দার' শিরোনামে এ অনুষ্ঠান আয়োজন করে বাংলাদেশ মিউজিশিয়ান্স ফাউন্ডেশন (বিএমএফ)।
বিএমএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি গাজী আবদুল হাকিমের সভাপতিত্বে এবং ফেরদৌস বাপীর সঞ্চালনায় স্মরণসভার শুরুতেই দোয়া ও মোনাজাত হয়।
এরপর সেলিম হায়দারকে নিয়ে স্মৃতি চারণ করেন সংগীতশিল্পী রুনা লায়লা, রফিকুল আলম, আবিদা সুলতানা, ফোয়াদ নাসের ও লাবু রহমানের মতো সংগীত বোদ্ধারা।
রুনা লায়লা বলেন, "সেলিম হায়দারের মত অত্যন্ত প্রতিভাবান একজন শিল্পীকে হারানো দেশের সঙ্গীতাঙ্গনের অপুরণীয় ক্ষতি। তিরিশ বছরের বেশি সময় ধরে উনি আমার সঙ্গে বাজিয়েছেন। অসংখ্য স্মৃতি। কত কত দেশ ভ্রমণ করেছি, অসংখ্য কনসার্ট, অগণিত স্মৃতি আছে উনার সঙ্গে। আমার প্রতিটা সুর, প্রতিটা গান উনি জানতেন। এমন একজন সহযোদ্ধা ও প্রিয় মানুষকে হারানোর শূন্যতা পূরণ হওয়ার নয়।"
ফুয়াদ নাসের বলেন, "আমরা একসঙ্গেই সংগীতাঙ্গনে পথচলা শুরু করেছিলাম। ফিডব্যাক ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্যদের একজন হিসেবে তিনি ছিলেন সেই শুরুর দিনের সহযাত্রী। দীর্ঘ পঞ্চাশ বছর ধরে তিনি শুধু আমার সতীর্থই নন, সংগীতজীবনের একটা অংশ ছিলেন। উনার সঙ্গে জড়িয়ে আছে অগণিত স্মৃতি। সেলিম হায়দারকে হারানোর শূন্যতা ভাষায় প্রকাশ করা অসম্ভব।"
রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার অভাব নিয়ে আক্ষেপ প্রকাশ করে গাজী আবদুল হাকিম বলেম, "সেলিম হায়দার শুধু বাংলাদেশে নয়, উপমহাদেশের সেরা গিটারিস্টদের একজন। হাজার হাজার গানে গিটার বাজিয়েছেন। উনার মৃত্যুতে সরকারি বা বেসরকারি কেউ কোনো উদ্যোগ নেয়নি, কেউ কিছু জানল না এমন একজন মানুষ চলে গেছেন।
“একজন মিউজিশিয়ান হিসেবে এটা খুব কষ্টের। একজন মিউজিশিয়ান সারাজীবন নীরবে বাজিয়ে যায়। তাদের জন্যই একটা গান সুন্দর হয়। একস্টিক মিউজিশিয়ানগুলো হারিয়ে যাচ্ছে।”
তিনি বলেন, "আমি মনে করি সরকারি পৃষ্ঠপোষকতা দরকার। আমাদের পাশের দেশ শিল্পীদের কদর দেয়, মিউজিশিয়ান তৈরি করে। এত বড় বড় মিউজিশিয়ান আমাদের দেশে আছে, চলে যায়, আমরা খবরও রাখি না। মিউজিশিয়ান লালন করতে হয়, এসব দায়িত্ব রাষ্ট্রকে নিতে হয়।"
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমির সংগীত আবৃত্তি ও নৃত্য বিভাগের পরিচালক মেহজাবীন রহমান, মনোয়ার হোসেন টুটুল ও ইউনিভার্সেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তী।
গত ২৮ নভেম্বর ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন সেলিম হায়দার।
মূলত লিড গিটারিস্ট হিসেবে পরিচিত হলেও বেজ ও রিদম গিটার, অ্যাকুস্টিক ড্রামস এবং কিবোর্ডেও পারদর্শী ছিলেন তিনি।
দীর্ঘ তিন দশক সংগীতশিল্পী রুনা লায়লার গানে গিটার বাজিয়েছেন তিনি।
সংগীত পরিচালক হিসেবেও তার অবদান স্মরণীয়। ফিডব্যাক ব্যান্ডের জনপ্রিয় গান ‘এই দিন চিরদিন রবে’ ও ‘ঐ দূর থেকে দূরে’ দুটি গানের সংগীত পরিচালনা করেছিলেন সেলিম হায়দার।