Published : 28 May 2026, 02:21 PM
চারতলা ভবনের ছাদ থেকে নিচে পড়েই পশ্চিমবঙ্গের পরিচালক অনীক দত্তে মৃত্যু হয়েছে, তবে তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
পরিচালকের মরদেহের ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদনে এমন তথ্য দিয়েছেন চিকিৎকরা।
দক্ষিণ কলকাতার হিন্দুস্তান পার্ক এলাকায় বুধবার চারতলা ভবনের ‘ছাদ থেকে পড়ে গেলে’ দ্রুত ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয় অনীককে। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়।
ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, অনীক দত্তের দেহে এবং মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। বাঁ দিকের মাথার খুলির হাড় ভাঙা। বাঁ দিকের পাঁজর ভেঙেছে, কোমরের গাড় এবং বাঁ দিকের পায়ে গুরুতর আঘাত পেয়েছেন তিনি। বাঁ দিকের মুখ, পিঠ ও কোমরে তীব্র ঘর্ষণের চিহ্ন মিলেছে। এমনকি, ফুসফুসে রক্ত জমাট বেঁধেছিল বলেও প্রাথমিক প্রতিবেদন।
পরিচালক চার তলার ছাদ থেকে পড়ে যাওয়ার সময় ওই ভবন সংলগ্ন গাছের ডালসহ ভেঙে মাটিতে পড়েন। মরদেহ আপাতত এসএসকেএম হাসপাতালে রাখা হয়েছে।
ওই ভবনের ছাড় থেকে একটি ‘সুইসাইড নোট’ উদ্ধার করেছে পুলিশ। যে নোটটি অনীক লিখেছেন তার সুইডেন প্রবাসী মেয়ের উদ্দেশে।
তবে ওই নোটে কাউকে দোষারোপ করেননি অনীক। ছাদে একটি ম্যাগাজিনের মধ্যে একটি খাম থেকে মিলেছে সেই সুইসাইড নোট।
হিন্দুস্তান পার্কের ওই ভবনে অনীকের সাবেক স্ত্রী থাকেন। তবে সেদিন তার ফ্ল্যাও যাননি অনীক।
অনীক দত্তের মেয়ের ঐশী দত্তের দেশে ফেরার কথা রয়েছে বৃহস্পতিবার। শেষ শ্রদ্ধা জানানোর জন্য পরিচালকের মরদেহ রাখা হতে পারে নন্দনে। শুক্রবার কেওড়াতলা মহাশ্মশানে অনীককে দাহ করা হবে বলে জানিয়েছে তার পরিবার।
বিজ্ঞাপন জগত থেকে চলচ্চিত্র পরিচালনায় আসা অনীক দত্ত ২০১২ সালে ‘ভূতের ভবিষ্যৎ’ সিনেমার মাধ্যমে দর্শকপ্রিয়তা অর্জন করেন।
তার আরও কিছু কাজের মধ্যে আলোচিত হয়েছে ‘আশ্চর্য প্রদীপ’, ‘মেঘনাদ বধ রহস্য’, ‘ভবিষ্যতের ভূত’, ‘বরুণবাবুর বন্ধু’ এবং সত্যজিৎ রায়ের জীবন অবলম্বনে নির্মিত ‘অপরাজিত’। অনীকের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘যত কাণ্ড কলকাতাতেই’।
সাবেক স্ত্রীর বাসার ‘ছাদ থেকে পড়ে’ চলচ্চিত্র পরিচালক অনীক দত্তের মৃত্যু