Published : 14 Jul 2026, 01:20 AM
ফুটবল নিয়ে দলাদলি-তর্কাতর্কিতে সাধারণের মত জড়িয়ে পড়েছেন বিনোদন জগতের মানুষেরাও। তবে চিত্রনায়ক ওমর সানি ও অভিনেতা উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের মধ্যে ফুটবল নিয়ে কথাবার্তা আলোচনার জন্ম দিয়েছে।
আর্জেন্টিনার তারকা লিওনেল মেসিকে নিয়ে ওমর সানির কদিন আগে করা মন্তব্যের জেরে জয় ফেইসবুকে একটি পোস্ট দিয়েছেন।
তাতে জয় লিখেছেন, “ওমর সানি ভাই মেসিকে প্রতিবন্ধী বলেছে। ৯০ দশকে দেখতাম সিনেমাতে মৌসুমী ওমর সানিকে চাবুক মারত। কেন মারত এখন বুঝেছি।”
এর পাল্টা জবাব সানি দিয়েছেন ফেইসবুকে সোমবার রাত ১১টার দিকে।
জয়ের উদ্দেশ্যে তিনি বলেন, “শোন শাহরিয়ার নাজিম জয়, তোর আপা মৌসুমী শুটিংয়ে তুলার তৈরি চাবুক ব্যবহার করেছে। আর তোরে মারার জন্য অরজিনাল চাবুক অর্ডার দিছি, তুই রেডি থাকবি। সাবজেক্ট: খেলাধুলা, ফান।”
জয় ও সানি-দুজনের পোস্টেই হাজার হাজার মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন। মন্তব্যও করেছেন বহু মানুষ।
সে সব মন্তব্যে বোঝা যাচ্ছে, বিষয়টি ব্যক্তিগত বিরোধ নয়, বরং ফুটবল বিশ্বকাপ এবং খোলোয়াড়দের ঘিরে বন্ধুত্বপূর্ণ ঠাট্টা, রসিকতা হিসেবেই দেখা হচ্ছে।