১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সনদ স্থগিত, মুক্তি পাচ্ছে না মৌসুমীর ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’

সিনেমার একজন অভিনেত্রীর লিখিত অভিযোগ পাওয়ায়, চলচ্চিত্রটির সেন্সর সার্টিফিকেট স্থগিত করা হয়েছে।

সনদ স্থগিত, মুক্তি পাচ্ছে না মৌসুমীর ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’
‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ সিনেমার পোস্টার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2026, 06:39 PM

Updated : 26 Aug 2026, 03:36 PM

মুক্তির দুদিন আগে স্থগিত করা হয়েছে চিত্রনায়িকা মৌসুমী অভিনীত ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ সিনেমার সেন্সর সনদপত্র।  

বিষয়টি গ্লিটজকে নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি। 

তিনি বলেন, “আমরা সিনেমার একজন অভিনেত্রীর লিখিত অভিযোগ পাওয়ায় চলচ্চিত্রটির সেন্সর সার্টিফিকেট স্থগিত করেছি।” 

দুই বছর আগে নির্মাণ করা সিনেমাটি চলতি বছরের মার্চে সেন্সর সার্টিফিকেশন সনদ পেয়েছিল। আগামী শুক্রবার প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল।   

মুক্তির দুই দিন আগে স্থগিত কেন প্রশ্ন করলে মাসুমা রহমান তানি বলেন, “যখন ছাড়পত্র দেওয়া হয়েছিল সেসময় প্রাথমিক পর্যায়ে কোনো অভিযোগ না থাকায় চলচ্চিত্রটিকে সেন্সর দেওয়া হয়েছিল। 

“পরবর্তীতে অভিনেত্রী জেবা জান্নাত লিখিত অভিযোগে জানিয়েছেন, তার সঙ্গে এটি নাটক হিসেবে নির্মাণের চুক্তি করা হয়েছিল। নির্মাতা তাকে না জানিয়েই একে সিনেমা হিসেবে মুক্তির পরিকল্পনা করেন। চুক্তির শর্ত ভঙ্গের কারণেই সেন্সর স্থগিত করা হয়েছে।”  

সিনেমাটি পরিচালনা করেছেন হাসান জাহাঙ্গীর। এর আগে সিনেমাটি নিয়ে একই অভিযোগ তুলেছিলেন মৌসুমী ও তার স্বামী অভিনেতা ওমর সানি।  

তাদের অভিযোগ, মূলত একটি নাটক হিসেবে নির্মিত কাজকে 'সম্মতি ছাড়াই' পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে মুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে। 

সেসময় মৌসুমী বলেছিলেন, “‘কন্ট্রাক্ট ম্যারেজ'টা একদমই এক ঘণ্টার একটা নাটক ছিল। আর এক ঘণ্টার নাটক যেমন হয়, একটা ছোট গল্প, ঠিক ওইরকমই একটা ছোট গল্প। যেখানে প্রবাসে এক নারীর সংগ্রাম ও জটিল সম্পর্কের গল্প তুলে ধরা হয়।

“একটা মেয়ের এই দেশে আসার পর তার আমেরিকায় সংগ্রামের সময়টা এবং তার একজনের সাথে বিয়ে হয়, কন্ট্রাক্ট ম্যারেজ যাকে বলে। কিন্তু সে এই কন্ট্রাক্ট ম্যারেজ থেকে বের হতে পারে না। ওই লোকটা তাকে অনেকভাবে উত্ত্যক্ত করে, বিরক্ত করে-এ ধরনের একটা ছোট গল্প নিয়ে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ গল্পটা সাজানো ছিল।” 

মৌসুমী বলছেন, নির্মাতা হাসান জাহাঙ্গীরের অনুরোধে তিনি স্বল্প সময়ের জন্য এতে কাজ করেন। কিন্তু নির্ধারিত সময়ের চেয়েও বেশি দিন শুটিং করা হয়।

অভিনেত্রী বলেন, “আমি যেহেতু আমেরিকায় আছি, আমাকে অনুরোধ করার কারণে আমি কাজটা করি। দুদিন শুটিং করার কথা, কিন্তু কাজটা দুদিনে শেষ করতে পারিনি, আমি তিনদিন সময় দিয়ে করে দিলাম, যে ঠিক আছে কাজটা শেষ হোক। 

“তারপরে সে (হাসান জাহাঙ্গীর) আবার কিছুদিন পর আমাকে এসে বলল, ‘আপু এটা তো এক ঘণ্টার নাটকের চেয়ে একটু ফুটেজ বেশি হইছে, তো আমার এটা বিক্রি করতে গেলে যে খরচ হইছে, আমার টাকা উঠতেছে না, আমি এটা টেলিফিল্ম বানাতে চাচ্ছি’।”

টেলিফিল্মের বিষয়ে আপত্তি করেননি জানিয়ে মৌসুমী বলেন, “হাসান বলেন ‘ঢাকারও কিছু অংশ শুট করার পর এটা টেলিফিল্মের একটা ভালো ডিউরেশন হয়ে গেছে। তো এটা এখন যদি আমরা টেলিফিল্ম করি আপনার কোনো আপত্তি আছে?’ তখন আমি বললাম, ‘কোনো আপত্তি নেই। যদি গল্পটা সুন্দর হয় টেলিফিল্ম আকারে করতে পারো তোমরা’। কিন্তু আমাকে তো টেলিফিল্মের অ্যামাউন্টটা দিতে হবে। তখন ও বলল, ‘ঠিক আছে আমি সেটা অ্যারেঞ্জ করব আপনার জন্য’।”

এমনকি অতিরিক্ত কিছু দৃশ্যের জন্য আরও একদিন শুটিংয়ে অংশ নেওয়ার কথা বলেন মৌসুমী।

সনদপত্র স্থগিতের বিষয়ে জানতে হাসান জাহাঙ্গীরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার সাড়া মেলেনি।  

পরিচালনার পাশাপাশি ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন হাসান জাহাঙ্গীর। সঙ্গে রয়েছেন চিত্রনায়িকা মৌসুমী ও জেবা জান্নাত।

আরও পড়ুন

‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ নাটক না সিনেমা? নির্মাতার সঙ্গে দ্বন্দ্বে মৌসুমী ও ওমর সানি