২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭ আশ্বিন ১৪৩৩

পানির নিচে অ্যাকশনে চমকে দিলেন রাশমিকা

এই সিনেমায় রাশমিকা সামাজিক বাধা ও নানা প্রতিকূলতার সম্মুখীন হয়েও হার মানতে রাজি নন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 22 Sep 2026, 01:18 PM

Updated : 22 Sep 2026, 01:18 PM

নতুন সিনেমা ‘মাইসা’র টিজারে রাশমিকা মানদানা অন্য ধরনের রূপে দেখা দিয়েছেন

টিজারে হাতে কাস্তে, প্রতিপক্ষের সঙ্গে মারামারি, ঘাড় ভেঙে দেওয়া থেকে শুরু করে পানির নিচে লড়াই- সবই করছেন তিনি। ঝলক সামনে আসার পর সোশাল মিডিয়ায় প্রশংসায় ভাসছেন এই অভিনেত্রী।

এই সিনেমায় এমন একটি চরিত্র পেয়েছেন রাশমিকা। যিনি সামাজিক বাধা ও নানা প্রতিকূলতার সম্মুখীন হয়েও হার মানতে রাজি নন।

‘মাইসা’ পরিচালনা করেছেন নবাগত পরিচালক রবীন্দ্র পুল্লে। টিজারে রাশমিকাকে দেখা গেছে এক গোণ্ড জনগোষ্ঠীর তরুণীর চরিত্রে। জীবনের নানা প্রতিকূলতার মধ্যেও যে নারী হার মানতে রাজি নন, লড়াই করেই নিজের পথ তৈরি করেন।

টিজারের ভিডিওর শুরুতে রাশমিকার চরিত্রকে বলতে শোনা যায়, ‘আমি ক্লান্ত, আমি থেমে গেছি, আমি হেরে গেছি।’

তারপর বদলে যাওয়া দৃশ্যপটে দেখা যায়, হতাশা পেছনে ফেলে ঘুরে দাঁড়ান তিনি। সামনে যত বাধাই আসুক, লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

রাশমিকাকে দেখা গেছে, হাতে কাস্তে নিয়ে প্রতিপক্ষের ওপর ঝাঁপিয়ে পড়ছেন। একের পর এক অ্যাকশন দৃশ্যে কখনো প্রতিপক্ষের হাত-পা কেটে ফেলছেন। কখনো লাথিতে ঘাড় ভেঙে দেওয়ার মত আঘাতও করছেন।

মোটরসাইকেল চালানোর দৃশ্যও আছে রাশমিকার। তবে নজর কেড়েছে পানির নিচে প্রতিপক্ষের সঙ্গে রাশমিকার অ্যাকশন দৃশ্য।

এই চরিত্রের জন্য রাশমিকাকে শারীরিকভাবে কঠোর প্রস্তুতি নিতে হয়েছে। শুটিংয়ের সময় গুরুতর চোটও পেয়েছিলেন তিনি, বেশ কিছুদিন ছিলেন বিশ্রামে।

টিজার প্রকাশের পর দর্শকদের প্রতিক্রিয়াও ইতিবাচক। সোশাল মিডিয়ায় টিজার শেয়ার করে একজন লিখেছেন, “নারীকেন্দ্রিক সিনেমা এমনই হওয়া উচিত।”

আরেক দর্শকের মন্তব্য, “প্রথমবার মনে হচ্ছে কোনো নারী অভিনেত্রীকে গ্ল্যামারের জন্য নয়, অভিনয়দক্ষতার জন্য নেওয়া হয়েছে।”

সিনেমায় রাশমিকার সঙ্গে অভিনয় করেছেন ঈশ্বরী রাও, গুরু সোমসুন্দরম, রাও রমেশ, রাহুল রবীন্দ্রন, সামুথিরাকানি, শিবা কন্দুকুরি, কার্তিক রঞ্জিনি, তারক পন্নাপ্পা ও নিধি সিং।

‘মাইসা’ মুক্তি পাবে চলতি বছরে ২৭ নভেম্বর। তেলেগু, হিন্দি, তামিল, কন্নড় ও মালয়ালম ভাষায় সিনেমাটি প্রেক্ষাগৃহে আসছে।

অভিনেত্রীকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে ‘ককটেল ২’ সিনেমায়।