তিশা-শ্যামলের টেলিফিল্ম ‘মায়াডোর’ ফের পর্দায়
রাফাত বলেন, "চিত্রনাট্যে সমাজের প্রচলিত কুসংস্কার, পারিবারিক চাপ এবং এর বিপরীতে একজন নারীর নীরব সংগ্রামের চিত্র তুলে ধরা হয়েছে।”
একগুচ্ছ অভিনয়শিল্পীকে নিয়ে নির্মিত টেলিফিল্ম 'মায়াডোর' আবারও প্রচারে আসছে।
ইমরাউল রাফাতের রচনা ও পরিচালনায় চ্যানেল আইয়ে দেখা যাবে টেলিফিল্মটি। এক বিজ্ঞপ্তিতে স্টেশনটি জানিয়েছে, বুধবার ৩ টা ৫ মিনিটে প্রচার হবে ‘মায়াডোর’।
টেলিফিল্মের চিত্রনাট্য, বিয়ের বেশ কয়েক বছর পার হলেও সন্তান না হওয়ার পারিবারিক মনস্তাত্ত্বিক টানাপোড়েন এবং সামাজিক নেতিবাচক দৃষ্টিভঙ্গিকে কেন্দ্র করে নির্মিত হয়েছে। সমাজ ও পরিবারের সূক্ষ্ম চাপ কীভাবে একজন নারীর জীবনকে দুর্বিষহ করে তুলতে পারে, চিত্রনাট্যে সেটাই তুলে ধরা হয়েছে।
টেলিফিল্মটি নিয়ে নির্মাতার ভাষ্য, এই দেশে কোনো দম্পতি দীর্ঘ সময় নিঃসন্তান থাকলে সমস্ত দায়ভার এবং সামাজিক লোকলজ্জার তির্যক দৃষ্টিভঙ্গি এসে পড়ে নারীর ওপর। পারিবারিক অনুষ্ঠান থেকে শুরু করে দৈনন্দিন জীবনযাত্রায় একজন নারীকে যে ধরনের মানসিক যন্ত্রণা ও অবহেলার মুখোমুখি হতে হয়, তা এই গল্পের প্রধান উপজীব্য।
রাফাত বলেন, "টেলিফিল্মটির চিত্রনাট্যে অত্যন্ত সংবেদনশীলতার সঙ্গে তুলে ধরা হয়েছে সমাজের প্রচলিত কুসংস্কার, পরিবারের ভেতরের মানসিক মনস্তাত্ত্বিক চাপ এবং এর বিপরীতে একজন নারীর নীরব সংগ্রামের চিত্র। এটি কেবল একটি সাধারণ বিনোদনমূলক নাটক নয়; বরং সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং দৃষ্টিভঙ্গি বদলের বার্তা দেওয়া হয়েছে।"
টেলিফিল্মের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা, শ্যামল মাওলা, পার্থ শেষ, আইশা খান, সমু চৌধুরী, চিত্রলেখা গুহসহ অনেকে।
চলতি বছরের কোরবানির ঈদ ঘিরে টেলিফিল্মটি প্রচার হয়েছিল।
