২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

নজরুল প্রয়াণ দিবস: শিল্পকলায় গান-নৃত্য-আবৃত্তিতে জাতীয় কবিকে শ্রদ্ধাঞ্জলি

‘তোরা সব জয়ধ্বনি কর’ শীর্ষক অর্কেস্ট্রা বাদনের মধ্য দিয়ে দুইদিনের এ আয়োজনের উদ্বোধনী সন্ধ্যার পর্দা ওঠে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2026, 10:56 PM

Updated : 19 Sep 2026, 02:27 PM

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে রাজধানীর শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে দুইদিনের অনুষ্ঠানমালা।

একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ‘তোরা সব জয়ধ্বনি কর’ শীর্ষক অর্কেস্ট্রা বাদনের মধ্য দিয়ে আয়োজনের উদ্বোধনী সন্ধ্যার পর্দা ওঠে।

অনুষ্ঠানের শুরুতে শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীরা ‘আমারে দেব না ভুলিতে’ গানের সঙ্গে পরিবেশন করেন সমবেত নৃত্য। এরপর একাডেমির কণ্ঠশিল্পীরা গেয়ে শোনান ‘শঙ্কাহীন লক্ষ কণ্ঠে বাজিছে শঙ্খ ওই’।

অনুষ্ঠানে নজরুল সংগীত পরিবেশন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ও সরকারি সংগীত কলেজের শিক্ষার্থীরা।

একক সংগীত পরিবেশন করেন সালাউদ্দিন আহমেদ, ফেরদৌস আরা, রাহাত আরা গীতি, ফাতেমা তুজ জোহরা, শহীদ কবির পলাশ, নাশিদ কামাল, ছন্দা চক্রবর্তী, অলোক সেন, রোদসী এবং ইউসুফ আহমেদ খান।

নৃত্য পর্বে ফারহানা চৌধুরী বেবীর পরিচালনায় ‘বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস’, কবিরুল ইসলাম রতনের পরিচালনায় ‘নৃত্যালোক সাংস্কৃতিক সংগঠন’, সামিনা হোসেন প্রেমার পরিচালনায় ‘ভাবনা’, সোহেল রহমানের পরিচালনায় ‘শিখর কালচারাল সংগঠন’, অমিত চৌধুরীর পরিচালনায় ‘কায়া আশ্রম’, সাজু আহমেদের পরিচালনায় ‘কত্থক নৃত্য সম্প্রদায়’ এবং অনিক বোসের পরিচালনায় ‘স্পন্দন’-এর শিল্পীরা সমবেত নৃত্য পরিবেশন করেন।

অনুষ্ঠানের নজরুলের কবিতা আবৃত্তি করেন টিটো মুন্সী, ফারহানা তৃণা ও এনামুল হক জুয়েল।

উৎসবের দ্বিতীয় দিনে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে বসবে সাংস্কৃতিক পরিবেশনার দ্বিতীয় আসর।