১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বাউল রশিদ উদ্দিনের হারানো স্বীকৃতির খোঁজে প্রামাণ্যচিত্র

‘এই যে দুনিয়া কিসেরও লাগিয়া’ অথবা ‘শুয়াচান পাখি আমি ডাকিতেছি তুমি ঘুমাইছো নাকি'র মত অনেক জনপ্রিয় গানের রচয়িতা বাউল রশিদ উদ্দিন।

বাউল রশিদ উদ্দিনের হারানো স্বীকৃতির খোঁজে প্রামাণ্যচিত্র
শাকুর মজিদ। ছবি: পরিচালকের সৌজন্যে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2026, 05:22 PM

Updated : 26 Aug 2026, 05:35 PM

বাউল কবি রশিদ উদ্দিনের ‘গান লুটের কাহিনী নিয়ে’ এক শেকড়সন্ধানী প্রামাণ্যচিত্র ‘ভাটিবাংলার অধিরাজ’ নির্মাণ করেছেন শাকুর মজিদ।

‘এই যে দুনিয়া কিসেরও লাগিয়া’ অথবা ‘শুয়াচান পাখি আমি ডাকিতেছি তুমি ঘুমাইছো নাকি'র মত অনেক জনপ্রিয় গানের রচয়িতা বাউল রশিদ উদ্দিন। 

অথচ এসব গান আজও ‘অন্যদের রচনা হিসেবে প্রচলিত হয়ে এসেছে’ বলে নির্মাতা শাকুর মজিদ বিজ্ঞপ্তিতে বলেন।

এই বাউলকে তার গানের অধিকার ফিরিয়ে দিতেই এ প্রামাণ্যচিত্র বলে মন্তব্য করেন তিনি।

শাকুর মজিদ বলেন, "যার গানে গড়ে উঠেছে প্রজন্মের পর প্রজন্মের ভাবজগৎ, সেই মানুষটি আজ ইতিহাসের আড়ালে। তার সৃষ্টিকর্ম থেকে তাকে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। এই প্রামাণ্যচিত্রের মূল উদ্দেশ্য হল রশিদ উদ্দিনকে তার প্রাপ্য সম্মান ও স্বীকৃতি ফিরিয়ে দেওয়া, লোকসংগীতের ইতিহাসের একটি বিস্মৃত অধ্যায়কে পুনরুদ্ধার করা এবং সৃজনশীল ব্যক্তির মেধাস্বত্ব ও অধিকার সংরক্ষণের প্রসঙ্গটি সামাজিক আলোচনায় আনা।"  

শুক্রবার সন্ধ্যায় ‘ভাটিবাংলার অধিরাজ’ নামে এ প্রামাণ্যচিত্রের উদ্বোধনী প্রদর্শনী হয় বনানীর ভিউ ফাইন্ডার কার্যালয়ে।    

ভাটিবাংলার লোকসংগীতের এক বিস্মৃতপ্রায় সাধক বাউল কবি রশিদ উদ্দিন। ১৮৮৯ সালের ২১ জানুয়ারি নেত্রকোণার বাহিরচাপড়া গ্রামে জন্ম নেওয়া এই সাধক ছিলেন ভাটিবাংলার বহু কিংবদন্তি বাউলের ওস্তাদ। 

শাহ আব্দুল করিম, উকীল মুন্সি, জালাল খাঁ এমন অনেক বিখ্যাত শিল্পী ছিলেন তার প্রত্যক্ষ শিষ্য।

২০২৫ সালের ১১ নভেম্বর বাহিরচাপড়া গ্রামে বাউল রশিদ উদ্দিনের বাড়িতে গিয়ে তার হাতে লেখা পুরনো পাণ্ডুলিপি দেখার সুযোগ হয় নির্মাতা শাকুর মজিদের। সে সময় উত্তরাধিকারীরা তাকে জানিয়েছেন, রশিদ উদ্দিনের বহু গান বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তি নিয়ে গিয়ে নাম বদলে নিজেদের নামে প্রচার করেছেন। ফলে বহু জনপ্রিয় লোকগানের প্রকৃত রচয়িতা আজও সাধারণ মানুষের কাছে অজানা রয়ে গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “এই ঐতিহাসিক অবিচারের অনুসন্ধানেই নির্মিত হয়েছে প্রামাণ্যচিত্র ‘ভাটিবাংলার অধিরাজ: বাউল কবি রশিদ উদ্দিনের অধিকারহীনতার সন্ধানে।”

প্রামাণ্যচিত্রটি রশিদ উদ্দিনের জীবন, সাধনা, শিষ্য-পরম্পরা, হারিয়ে যাওয়া পাণ্ডুলিপি, গান বিকৃতি, ভ্রান্ত ক্রেডিট এবং উত্তরাধিকারীদের সংগ্রামের কাহিনী তুলে ধরা হয়েছে।