Published : 12 Apr 2026, 11:51 AM
সংবাদমাধ্যমে প্রচারিত মৃত্যুর খবরকে গুজব বলে উড়িয়ে ভক্তদের আশ্বস্ত করেছেন অভিনেতা মাইকেল জে. ফক্স।
তিনি সুস্থ আছেন বলে বার্তাও দিয়েছেন ‘ব্যাক টু দ্য ফিউচার’ খ্যাত এই তারকা।
পিপল ম্যাগাজিন বলছে, সিএনএন গেল বুধবার ভুল করে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছে, যেখানে বলা হয় মাইকেল জে. ফক্সের স্মৃতির প্রতি উৎসর্গ করে ভিডিওটি বানানো হয়েছে। এটি সিএনএনের পোর্টাল ও বিভিন্ন প্ল্যাটফর্মে প্রকাশ করা হয়। সেখান থেকেই ছড়িয়ে পড়ে ফক্সের মৃত্যুর গুজব।
এরপর নিজের থ্রেডস অ্যাকাউন্টে ফক্স এক পোস্টে ভক্তদের আশ্বস্ত করেন।
তিনি লিখেছেন, “টিভি খুলে যখন দেখি সিএনএনের খবরে বলা হচ্ছে, আমি মারা গেছি; তখন ঠিক কী প্রতিক্রিয়া জানাব বুঝে উঠতে পারিনি।”
৬৪ বছর বয়সী ফক্স বার্তার শেষে লেখেন, ‘আমি ভালো আছি’।
সিএনএন ভিডিওটি সরিয়ে নিয়েছে ও বিনোদন ম্যাগাজিন এন্টারটেইনমেন্ট উইকলিকে জানিয়েছে, “ওই ভিডিও প্যাকেজটি ভুলে প্রকাশ করা হয়েছে। আমরা এটি আমাদের সবগুলো প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নিয়েছি। আমাদের পক্ষ থেকে মাইকেল জে. ফক্স ও তার পরিবারের কাছে ক্ষমা প্রার্থনা করে চিঠি পাঠানো হয়েছে।”

১৯৯১ সালে পার্কিনসনস রোগ ধরা পড়ে ফক্সের। তিন দশকেরও বেশি সময় ধরে এই রোগের বিরুদ্ধে সচেতনতা চালিয়ে যাবার কাজ করছেন ফক্স। ১৯৯৩ সালে এ লক্ষ্যে তিনি ‘মাইকেল জে. ফক্স ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করেন।
যার মাধ্যমে এই রোগের গবেষণার জন্য প্রায় দুই বিলিয়ন ডলার তহবিল সংগ্রহ করেছেন ফক্স।
অসুস্থ হলেও মাঝে মধ্যেই পর্দায় দেখা যায় তাকে। সবশেষ কাজ করেছেন কমেডি-ড্রামা সিরিজ ‘শ্রিঙ্কিং’ এর তৃতীয় মৌসুমে। ফক্সের মুখপাত্র বিনোদন ম্যাগাজিন টিএমজিকে বুধবার জানিয়েছে, “মাইকেল সুস্থ আছেন। তিনি গতকাল প্যালিফেস্টে উপস্থিত ছিলেন। তিনি মঞ্চে উঠেছেন ও সাক্ষাৎকার দিয়েছেন।”
পিপল ম্যাগাজিনের পক্ষ থেকে সিএনএন ও ফক্সের মুখপাত্রের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হলে তারা তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেননি।
১৯৮০ সালে মাত্র ১৯ বছর বয়সে ‘মিডনাইট এক্সপ্রেস’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় ফক্সের। পাঁচ বছর পর আইকনিক সাই-ফাই সিনেমা ‘ব্যাক টু দ্য ফিউচার’ এ মার্টি ম্যাকফ্লাই চরিত্রে অভিনয় করে তারকাখ্যাতি পান তিনি।
ব্লকবাস্টার হিট এই সিনেমার পরের দুটি সিক্যুয়েলেও অভিনয় করেন ফক্স।