Published : 04 Apr 2026, 01:17 PM
খেলনা নির্মাতা কোম্পানি ম্যাটেলের অ্যাকশন ফিগারের ওপর ভিত্তি করে নির্মিত ‘মাস্টারস অব দ্য ইউনিভার্স’ সিরিজের একই নামের সিনেমা মুক্তি পাচ্ছে জুনে। প্রকাশ হয়েছে সিনেমার ট্রেইলার।
ট্রেইলার ঘিরে ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন ভক্তরা। আশির দশকের আইকনিক হিরো হি-ম্যানকে পর্দায় আবারও দেখায় সুযোগ পেয়ে অনেকেই নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করছেন।
অ্যাকশন ও ফ্যান্টাসি ধাঁচের এই সিনেমা আশির দশকের স্মৃতি ফিরিয়ে আনবে এমনটাই প্রত্যাশা ভক্তদের।
ট্রেইলার প্রকাশ হবার পর সমালোচনা শুরু হয়েছে মূল ভিলেন স্কেলেটরকে নিয়ে। ‘মাস্টারস অব দ্য ইউনিভার্স’ সিরিজের নায়ক হি-ম্যানের চেয়ে জনপ্রিয়তায় কোনো অংশে পিছিয়ে নেই স্কেলেটর। অস্কারজয়ী অভিনেতা জ্যারেড লেটোকে দেখা যাবে স্কেলেটর রূপে।
ট্রেইলারে স্কেলেটরের কণ্ঠ হিসেবে শোনা যায় লেটোর গলার আওয়াজ। লেটো নিজের কণ্ঠকে কিছুটা পাল্টেছেন এই চরিত্রে অভিনয়ের জন্য। আর অনেক ভক্তই তা মেনে নিতে পারছেন না। ভক্তদের দাবি স্কেলেটরের কণ্ঠ আশির দশকের অ্যানিমেশন সিরিজে দরাজ ও উচ্চ ছিল, লেটোর স্বর তার থেকে অনেকটাই মার্জিত ও কোমল।

এক্সে এক ভক্ত লিখেছেন, ‘মাস্টারস অব দ্য ইউনিভার্স এবং জ্যারেড লেটোর অভিশাপ’।
আরেকজন লিখেছেন, “এই সিনেমাকে চিরবিদায়। লেটো সিনেমাতেই থাকুন না কেন (ব্লেডরানার বাদে), সেটা ডুবে যায়।” আরেক ভক্তের কথা, ‘ভিলেন হিসেবে কণ্ঠটা একেবারের সিরিয়াস না।’
এর আগে ‘সুইসাইড স্কোয়াড’ সিনেমাতে জোকার চরিত্রে অভিনয় করে ভক্তদের তোপের মুখে পড়েছিলেন লেটো। অনেকেই সেটার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন এবার। অবশ্য বেশ কয়েকজন ভক্ত লেটোর সমর্থনও করেছেন।
একজন লিখেছেন, ‘জোকার থেকে স্কেলেটরের যাত্রাটুকু হয় দুর্দান্ত হবে অথবা একেবারে বাজে।’ আরেক ভক্ত মন্তব্য করেছেন অভিনেতা অ্যালান ওপেনহাইমারের সঙ্গে তুলনা করে। তিনি লিখেছেন, ‘অ্যালান ওপেনহাইমারের মত এত ভালো না হলেও, আমার খুব একটা অপছন্দ হচ্ছে না।’
লেটো ছাড়াও ‘মাস্টারস অব দ্য ইউনিভার্স’ সিনেমায় হি-ম্যান চরিত্রে অভিনয় করছেন নিকোলাস গ্যালিটসিন।
এই সিনেমায় আরও দেখা যাবে ইদ্রিস অ্যালবা ও অ্যালিসিন ব্রিককে। আগামী ৫ জুন মুক্তি মাচ্ছে ‘মাস্টারস অব দ্য ইউনিভার্স’।