Published : 27 Sep 2025, 12:49 PM
এ বছর চলচ্চিত্রের বৈশ্বিক মঞ্চ অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে লিসা গাজী পরিচালিত সিনেমা ‘বাড়ির নাম শাহানা’।
একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস) আয়োজিত ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগ (বিদেশি ভাষার চলচ্চিত্র হিসেবে পরিচিত) প্রতিযোগিতার জন্য নির্বাচন করা হয়েছে সিনেমাটি।
শনিবার বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের তত্ত্বাবধানে গঠিত ‘অস্কার বাংলাদেশ কমিটি’ এক সংবাদ সম্মেলনে ‘বাড়ির নাম শাহানা’ চলচ্চিত্রকে অস্কারে পাঠানোর ঘোষণা দেয়।
বিচ্ছেদের পরও নিজের মত করে বাঁচতে চাওয়া এক নারীর অদম্য লড়াইয়ের গল্পে গত ১৯ সেপ্টেম্বর বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি।
এর আগে লন্ডন, শিকাগো, মেলবোর্ন, বার্মিংহাম, রোম, মুম্বাইয়ে প্রদর্শিত হয়েছে সিনেমাটি। এটি প্রযোজনা করেছে গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড ও কমলা কালেক্টিভ।
নির্মাতা লীসা গাজী বলেন, “আমার প্রথম পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র ‘বাড়ির নাম শাহানা’ অস্কারে যাচ্ছে। আমি আপ্লুত এবং গভীরভাবে কৃতজ্ঞ। এই খবরটি অবিশাস্য মনে হচ্ছে।”
বাংলাদেশ থেকে অস্কারের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে পাঠানোর জন্য এবার জমা পড়ে পাঁচটি সিনেমা। জুরি সদস্যরা বিচার-বিশ্লেষণ করে অস্কারের জন্য সর্বসম্মতিক্রমে ‘বাড়ির নাম শাহানা’ সিনেমাকে মনোনয়ন দেয়।
বাংলাদেশের অস্কার কমিটির সভাপতি জহিরুল ইসলাম বলেন, “আমরা স্বচ্ছ প্রক্রিয়ায় সবচেয়ে ভালো সিনেমাটি মনোনীত করার চেষ্টা করেছি।”
সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ (বিএফএফএস) আগ্রহী চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজকদের ফরম সংগ্রহ এবং জমা নেওয়া হয়। জমা পড়া প্রতিটা সিনেমা ছিল নারীকেন্দ্রিক।
গত ১৬ সেপ্টেম্বর ছিল সিনেমা জমা দেওয়ার শেষ তারিখ। জমা পড়া সিনেমা পাঁচটি সিনেমা হল- ‘সাবা’ (পরিচালক: মাকসুদ হোসাইন; প্রযোজনা সংস্থা: ভেরাইটি পিকচারস লিঃ), ‘বাড়ির নাম শাহানা’ (পরিচালক: লীসা গাজী; প্রযোজনা সংস্থা: কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড), ‘নকশিকাঁথার জমিন’ (পরিচালক: আকরাম খান; প্রযোজনা সংস্থা: নিমগ্ন ফিল্মস), ‘প্রিয় মালতী’ (পরিচালক: শঙ্খ দাশগুপ্ত; প্রযোজনা সংস্থা: ফিল্মি ফিচার) ও ‘ময়না’ (পরিচালক: মনজুরুল ইসলাম মেঘ; প্রযোজনা সংস্থা: অপরাজিতা এন্টারটেইনমেন্ট)।
একাডেমি কর্তৃক নির্ধারিত নিয়ম অনুযায়ী, বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ (বিএফএফএস)-এর তত্ত্বাবধানে মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে 'অস্কার বাংলাদেশ কমিটি' গঠিত হয় এবং বাংলাদেশ থেকে এন্ট্রি নির্বাচন ও পাঠানোর দায়িত্ব পায়।
কমিটির বাকি সদস্যের মধ্যে রয়েছেন- সাজ্জাদ শরীফ (চলচ্চিত্র সমালোচক), রাশেদ জামান (চলচ্চিত্র গ্রাহক), শাহরিন আক্তার সুমি (চলচ্চিত্র প্রযোজক), শাহীন দিল-রিয়াজ (চলচ্চিত্র পরিচালক), এস এম ইমরান হোসেন (চলচ্চিত্র শিক্ষক)।
গত ২৪ ও ২৫ সেপ্টেম্বর জমা পড়া চলচ্চিত্রগুলোর স্ক্রিনিংয়ে অস্কার কমিটির সদস্যরা যাচাই-বাছাই ও পর্যালোচনা করেন।
সত্য কাহিনী অবলম্বনে নির্মিত 'বাড়ির নাম শাহানা' চলচ্চিত্রটি নব্বইয়ের দশকের বাংলাদেশের এক রক্ষণশীল মফস্বলের আবহের বিপরীতে দৃঢ়চেতা এক নারীর বেঁচে থাকার পথ অন্বেষণ করে।
চলচ্চিত্রটির প্রধান চরিত্র দীপা, যিনি কোনোভাবেই চান না বিচ্ছেদের পর পরিবার বা সমাজ তার জীবনকে নিয়ন্ত্রণ করুক। রক্ষণশীল শহরে বড় হওয়ার পরও দীপা সমাজের কূপমণ্ডূকতা পুরোপুরি অস্বীকার করে নিজের মত করে বেঁচে থাকতে চায়।
সিনেমার বেশির ভাগ চিত্রগ্রহণ করা হয়েছে বাংলাদেশে, কিছু অংশের শুটিং হয়েছে যুক্তরাজ্যের একটি ছোট শহরে।
সিনেমায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দীকা। এ ছাড়া আছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, লুৎফর রহমান জর্জ, ইরেশ যাকের, কাজী রুমা, কামরুন্নাহার মুন্নীসহ অনেকে।
লীসা গাজীর সঙ্গে যৌথভাবে সিনেমাটির চিত্রনাট্য করেছেন আনান সিদ্দীকা।