Published : 03 Oct 2025, 02:17 PM
যুক্তরাষ্ট্রের পপ তারকা টেইলর সুইফট তার আলোচিত ইরাস ট্যুরে বলেছিলেন, এমন একটি আঁটসাঁট অ্যালবাম তৈরি করার ইচ্ছা তার আছে, যেখানে এমন নেশার মত সুর থাকবে, যে নেশা থেকে বের হতে না পেরে শ্রোতা রেগে যাবে।
সুইফট গেল অগাস্টের মাঝামাঝিতে ঘোষণা দিয়েছিলেন ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ নামের তেমন একটি স্টুডিও অ্যালবাম আসছে।
অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ হয়েছে সুইফটের ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ নামের ১২তম অ্যালবামটি।
সিএনএন, বিবিসি বলছে, ১২টি গানের এই অ্যালবামে ভক্তদের জন্য তুমুল জনপ্রিয় হওয়ার মত গান রেখেছেন সুইফট। পপ ও ব্যালাড ধাঁচের গানের অ্যালবামের দৈর্ঘ্য দাঁড়িয়েছে ৪২ মিনিট। যা সুইফটের সাম্প্রতিক অ্যালবামগুলোর তুলনায় বেশ ছোটই বলা যায়।
এই অ্যালবামটি গায়িকার বিশেষ একটি কাজ, কারণ সুইফট এই কাজটি করেছেন সুইডিশ হিটমেকার ম্যাক্স মার্টিন আর শেলব্যাকের সঙ্গে। এই দুজন সুইফটের ‘শেক ইট অফ’ আর ‘২২’ এর মত হিট গান প্রযোজনা করেছেন।
'লাইফ অব আ শোগার্ল' অ্যালবামের সবগুলো গানের গীতিকার ও প্রযোজক হিসেবে টেইলর, ম্যাক্স মার্টিন ও শেলব্যাকের নাম দেওয়া হয়েছে।
অ্যালবামের প্রথম গানের নাম 'দ্য ফেইট অব ওফেলিয়া'। এই গানে কালজয়ী সাহিত্যিক উইলিয়াম শেকসপিয়ারের প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে।
অ্যালবামের কালার থিমও ছিল আলোচনায়। সুইফট নাম দিয়েছেন ‘পোর্তোফিনো অরেঞ্জ’।
অ্যালবাম মুক্তির আগে সোশাল মিডিয়ায় সুইফট বলেন, “আমি বুঝতে পারছি আবার সেই ইরাস ট্যুরের পোশাক বা কমলা কার্ডিগান বের করে আনার সময় হয়েছে। না, নাচ বাধ্যতামূলক নয়, তবে উৎসাহিত করছি সবাইকে।”
সুইফটের আগের অ্যালবাম ‘দ্য টর্চার্ড পোয়েটস ডিপার্টমেন্ট’ প্রকাশ হয় গত বছর। মুক্তির পর সেটি স্পটিফাইয়ের ইতিহাসে এক দিনে সবচেয়ে বেশি স্ট্রিম হওয়া অ্যালবামের রেকর্ড গড়ে তোলে।
এর পর গান নিয়ে বিশ্ব সফর ‘দ্য ইরাস ট্যুর’ করেন তিনি। যে ট্যুর সুইফটকে এনে দেয় অনন্য জনপ্রিয়তা। ২০ মাস ধরে ৫ মহাদেশের ৫৩টি শহরে ১৪৯টি শো করে ‘দ্য ইরাস ট্যুর’ হয়ে ওঠে ঐতিহাসিক।
বিশ্লেষকেরা বলছেন, রেকর্ড টিকেট বিক্রি, জাস্টিন ট্রুডো, প্রিন্স উইলিয়ামের মত রাজনীতিবিদের উপস্থিতি, টম ক্রুজের নাচ ছাড়াও সুইফটের এই কনসার্ট ট্যুর আরো নানা কারণেই অভূতপূর্ব। পপ কালচারে এমন প্রভাব বিস্তারকারী কনসার্ট অন্তত চলতি শতকে দেখা যায়নি বলে মত দিয়েছেন অনেকে।
তার পর আসে নতুন অ্যালবামের ঘোষণা। তাই ভক্তরাও উন্মুখ হয়েছিলেন।
এবছর সুইফট তার নিজের পুরোনো সব গানের স্বত্ব ফিরে পেয়েছেন। ন্যাশনাল ফুটবল লিগ খেলোয়াড় কানসাস সিটি চিফসের খেলোয়াড় ট্র্যাভিস কেলসির সঙ্গে বাগদানও সেরেছেন।
এর মধ্যে একটি পডকাস্টে এসে সুইফট অ্যালবাম ও বাগদানের ঘটনার যোগসূত্রতা নিয়ে বলেন, “অ্যালবামটা আমার জীবনের সবচেয়ে আনন্দময় আর নাটকীয় জায়গা থেকে এসেছে। সেই উদ্দীপনাটা সংগীতেও চলে এসেছে।”
এই অ্যালবামকে কেন্দ্র করে নির্মিত সিনেমা ‘দ্য অফিশিয়াল রিলিজ পার্টি অব আ শোগার্ল’ আসতে চলেছে। যা বক্স অফিসে ঝড় তুলবে বলে ধারণা করা হচ্ছে।