১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শতাব্দীর প্রেম, জানতেও পারেননি অমিত

শতাব্দী বলেন, “আমার প্রেম ছিল কেবল আমার দিক থেকে। অমিতজি কোনোদিনই কিছু জানতেন না। হয়ত এখন জানবেন।”

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2025, 08:29 PM

Updated : 26 Aug 2026, 01:36 PM

একটা সময়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও তাপস পালের সঙ্গে জুটি বেঁধে কলকাতার সিনেমার জনপ্রিয়তা পাওয়া অভিনেত্রী শতাব্দী রায় ভালোবেসেছিলেন খ্যাতনামা এক গায়ককে।

যে ভালোবাসা ছিল কেবল শতাব্দীর দিক থেকেই; অপর পক্ষ জানতেও পারেননি ঘুণাক্ষরেও। 

ভারতের পশ্চিমবঙ্গের এই অভিনেত্রী সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’কে তার এক তরফা প্রেমের কথা জানিয়ে বলেছেন, ওই গায়ক হলেন কিংবদন্তী গায়ক কিশোর কুমারের ছেলে সংগীতশিল্পী অমিত কুমার।

অমিত কুমারের গান শুনেই তার প্রেমে পড়েছিলেন বলে জানিয়েছেন শতাব্দী।

তিনি বলেন, “আমার প্রেম ছিল কেবল আমার দিক থেকে। অমিতজি কোনোদিনই কিছু জানতেন না। হয়ত এখন জানবেন।”

পরে পারিবারিকভাবে বিয়ের পিঁড়িতে বসেন শতাব্দী। বিয়ের পর থেকে অভিনয়ের সঙ্গে দূরত্ব তৈরি হয় শতাব্দীর। একটা সময় পরে রাজনীতিতে যোগ দেন। এছাড়াও লেখালিখি করেন তিনি।

এদিকে কদিন আগে এক সাক্ষাৎকারে অমিত কুমার বলেছেন, তার বিয়ের একটি ঘটনা কিশোর কুমারকে মানসিকভাবে এতটা আঘাত করেছিল যে, তার হার্ট অ্যাটাক হয়েছিল। 

অমিতের কথায়, তার বিয়ে নিয়ে কিশোর কুমার খুবই খুশি ছিলেন। তিনি চেয়েছিলেন ছেলে জীবনে থিতু হোক। গায়কের পরিকল্পনা ছিল. মুম্বাই থেকে সিনেমা-সংগীত ইন্ডাস্ট্রির অনেককে অমিতের বিয়েতে অতিথি হিসেবে নিয়ে যাবেন।

কিন্তু আকস্মিক একটি খবরে ওই বিয়ে বাতিল করতে হয় কিশোর কুমারকে।

অমিত বলেন, “আমরা জানতে পারি ভদ্রমহিলা বিবাহিত ছিলেন। যা বাবার মনে গভীর আঘাত হানে। তিনি অসুস্থ হয়ে পড়েন। ওই ঘটনার কিছুদিনের মধ্যে বাবার হার্ট অ্যাটাক হয়।”