১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

‘বনলতা এক্সপ্রেস’ অস্ট্রেলিয়ায়, প্রথম সপ্তাহের শো ‘হাউজফুল’

অস্ট্রেলিয়ায় সিনেমাটির ১৯টি শো চালানোর পরিকল্পনা রয়েছে বঙ্গজ ফিল্মসের।

‘বনলতা এক্সপ্রেস’ অস্ট্রেলিয়ায়, প্রথম সপ্তাহের শো ‘হাউজফুল’
'বনলতা এক্সপ্রেস' সিনেমার পোস্টার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2026, 01:14 AM

Updated : 10 Sep 2026, 12:47 PM

দেশের পর বিদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ঈদের সিনেমা 'বনলতা এক্সপ্রেস' দর্শকদের ‘জনপ্রিয়তা কুড়িয়েছে’। 

তানিম নূর পরিচালিত এই সিনেমাটি শুক্রবার থেকে অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে চলছে। 

পরিবেশনা সংস্থা বঙ্গজ ফিল্মসের প্রতিষ্ঠাতা তানিম আল মিনারুল মান্নান গ্লিটজকে বলেন, অস্ট্রেলিয়ায় সিনেমাটির ১৯টি শো চালানোর পরিকল্পনা নিয়েছেন তারা।

মান্নান বলেন, "শুক্রবার রাত থেকে অস্ট্রেলিয়ার ব্যাংকস টাউন, ক্যাম্পবেল টাউন, ক্যারোসল-সহ শহরটির বিভিন্ন প্রেক্ষাগৃহে চলছে ‘বনলতা এক্সপ্রেস’। খুবই ভালো ওপেনিং হয়েছে। প্রথম সপ্তাহের প্রায় সব শো হাউজফুল।"

চলন্ত ট্রেনের মধ্যে একদল যাত্রীর বৈচিত্র্যময় যাত্রাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে 'বনলতা এক্সপ্রেস'।

'উৎসব' খ্যাত নির্মাতা তানিম নূর এই সিনেমার কাহিনীতে যাত্রাপথের নানা ঘটনার মধ্য দিয়ে স্মৃতি, রাজনীতি ও মন্ত্রীর কবিতা পাঠ, সম্পর্ক, বিচ্ছেদ ও মানুষের আবেগের দিক তুলে ধরেছেন। পাশাপাশি দেখা গেছে পেশাদার দায়িত্ববোধের একটি দৃশ্যও।

নন্দিত কথাসাহিত্যিক হ‌ুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ‘বনলতা এক্সপ্রেস’।

বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, সাবিলা নূর, শরিফুল রাজ, জাকিয়া বারী মম, চঞ্চল চৌধুরী, আজমেরী হক বাঁধন, শ্যামল মাওলা, ইন্তেখাব দিনার, শামীমা নাজনীন, আরেফিন জিলানী, সাবরিন আজাদ, লাবণ্য চৌধুরী, তামিম করিম, সিফাত রহমান, এ কে আজাদ সেতুসহ আরও অনেকে।

তানিম নূর বলেছেন, সিনেমাটি "শতভাগ খাঁটি বাংলাদেশি' এখানে দেশের সংস্কৃতি, মূল্যবোধ ও জীবনধারার প্রতিফলন উঠে এসেছে।

সিনেমায় রয়েছে বেশ কিছু মৌলিক গান। এছাড়া 'অর্থহীন' ব্যান্ডের দর্শকপ্রিয় গান ‘চাইতেই পার’ এবং প্রয়াত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর 'উড়াল দিব আকাশে' গানটিও ব্যবহার করেছেন তানিম নূর।

মুক্তির আগে ‘ইউ’ গ্রেডে এ সনদ পায় ‘বনলতা এক্সপ্রেস’। অর্থাৎ সব ধরনের দর্শকের দেখার জন্য ছাড়পত্র দেওয়া হয় এই সিনেমাটিকে।