১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘বনলতা এক্সপ্রেস’: টিজারে এল গল্পের আভাস

তানিম নূর লিখেছেন, "রাতের পথে ছুটছে এক্সপ্রেস, যাত্রীদের অগণিত মজার গল্প নিয়ে। শেষমেশ ট্রেন কোন গন্তব্যে গিয়ে থামবে?"

‘বনলতা এক্সপ্রেস’: টিজারে এল গল্পের আভাস
‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার চরিত্ররা। ছবি: হইচইয়ের সৌজন্যে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2026, 04:11 PM

Updated : 26 Aug 2026, 03:05 PM

‘বনলতা এক্সপ্রেস' ট্রেনের বগির ভিতরে লুকিয়ে থাকা গল্পের আভাস দিলেন নির্মাতা তানিম নূর। 

ঈদে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটির এক মিনিট ২১ সেকেন্ডের টিজার প্রকাশ করেছে প্রযোজনা সংস্থা বুড়িগঙ্গা টকিজ। 

টিজারে বিভিন্ন বিচিত্র চরিত্রের সমাহার দেখানো হয়েছে, যারা একটি ট্রেন ভ্রমণের মাধ্যমে একে অপরের সঙ্গে যুক্ত হয়। তাতে মেশে হাস্যরস, রহস্য আর ড্রামা।

যাত্রীদের মধ্যে আছেন ডক্টর আরশাদ ও তার গর্বিত মা, অজানার সন্ধানে বের হওয়া এক রহস্যময়ী তরুণী চিত্রা, মন্ত্রী ও তার স্ত্রী, একজন বদমেজাজি স্বামী মিস্টার গফুর আজিজ, আরেকজন রয়েছেন বাকের ভাই, যিনি পুরো ট্রেন জার্নিতে সবার বিরক্তির কারণ হয়ে ওঠেন।  

এছাড়া সংগীতশিল্পী আহমেদ সানীকেও দেখা গেছে তার দল নিয়ে এক বগিতে গান করতে।  

টিজারে চরিত্রগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন একটা কণ্ঠ, নিজের পরিচয় না দিলেও কণ্ঠ শুনে বোঝা গেছে তিনি নুহাশ হ‌ুমায়ূন। সিনেমার একটি চরিত্রে তাকে অভিনয় করতেও দেখা যাবে। 

নন্দিত কথাসাহিত্যিক হ‌ুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ‘বনলতা এক্সপ্রেস’।

টিজারটি ফেইসবুকে পোস্ট করে নির্মাতা তানিম নূর লিখেছেন, "রাতের পথে ছুটছে এক্সপ্রেস, যাত্রীদের অগণিত মজার গল্প নিয়ে। শেষমেশ ট্রেন কোন গন্তব্যে গিয়ে থামবে?" 

সিনেমাটি নিয়ে তানিম নূর বলেন, "ট্রেন যেমন দেশের এক প্রান্তকে অন্য প্রান্তের সঙ্গে যুক্ত করে, তেমনি ‘বনলতা এক্সপ্রেস’ মানুষের হৃদয়ের বিচ্ছিন্ন গল্পগুলোকে এক সুতোয় গেঁথে দেয়। একটি ট্রেনের প্রতিটি বগিতে যেমন থাকে ভিন্ন ভিন্ন জীবনের হাসি-কান্না, তেমনি এই চলচ্চিত্রেও উঠে এসেছে সম্পর্ক, স্মৃতি ও মানবিকতার চিরচেনা আবহ।"  

নির্মাতার কথায়, পুরো বাংলাদেশকে এক ট্রেনযাত্রার অভিজ্ঞতায় এবং একটি অভিন্ন অনুভূতিতে বেঁধে ফেলার চেষ্টা রয়েছে এই সিনেমায়। 

'বনলতা এক্সপ্রেস' এ অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, ইন্তেখাব দিনার, শ্যামল মাওলা, সাবিলা নূর, শরীফুল রাজসহ অনেকে।

দেশের প্রেক্ষাগৃহে ঈদুল ফিতরে মুক্তির পাশাপাশি আন্তর্জাতিকভাবেও ৩ এপ্রিল থেকে সিনেমাটি প্রদর্শিত হবে।