Published : 27 May 2026, 06:47 PM
মধ্যবিত্ত জীবনের টানাপড়েন, এক বাবার অসহায়ত্ব, আর ছোট্ট এক মেয়ের স্বপ্নকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ঈদের বিশেষ নাটক ‘এক ভাগ কোরবানি’।
বুধবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইয়ে প্রচার হবে নাটকটি।
নাটকটি নির্মাণ করেছেন নাট্যকার ও নির্মাতা রেজানুর রহমান। প্রায় দুই যুগের বেশি সময় ধরে দুই ঈদেই চ্যানেল আইয়ের অনুষ্ঠানমালায় ঈদের আগের দিনের জন্য বিশেষ নাটক নির্মাণ করে আসছেন তিনি।
সেই ধারাবাহিকতায় এবার নির্মাণ করেছেন ‘এক ভাগ কোরবানি’।
নাটকে দেখা যাবে, মোশারফ হোসেন বিএ পাস করেও চাকরি না পেয়ে জীবিকার তাগিদে ঢাকার রাস্তায় ভাড়ায় মোটরসাইকেল চালান। গ্রামের বাড়িতে স্ত্রী ও ছোট্ট মেয়েকে নিয়ে তার সংসার।
চারপাশের মানুষদের কোরবানি দিতে দেখে একসময় মোশারফের মেয়েও আবদার করে, তাদের ঘরেও যেন এবার কোরবানি হয়। সামর্থ্য না থাকলেও মেয়ের মুখে হাসি ফোটাতে মোশারফ প্রতিশ্রুতি দেন, এবার তারা ভাগে কোরবানি দেবেন।
বাবার কথায় অগাধ বিশ্বাস ছোট্ট মেয়েটির। কোরবানি ঘিরে সে নিজের মত করে স্বপ্ন দেখতে শুরু করে। এমনকি এলাকার অসহায় মানুষদের একটি তালিকাও তৈরি করে, যাতে কোরবানির মাংস তাদের মধ্যে বিলিয়ে দিতে পারে।
তবে বাস্তবতা সহজ থাকে না। কোরবানির ভাগের টাকা জোগাড় করতে গিয়ে নানা সংকটে পড়েন মোশারফ। একপর্যায়ে সব সমস্যার সমাধান হয়েছে বলে মনে হলেও বাসায় ফেরার পথে ছিনতাইকারীর কবলে পড়ে হারিয়ে ফেলেন পুরো টাকা। সময়মত টাকা দিতে না পারায় কোরবানির দল থেকেও বাদ পড়ে যান তিনি।

বাবার প্রতিশ্রুতি ভেঙে যাওয়া মেনে নিতে পারে না তার মেয়ে। তার মনে জন্ম নেয় এক কঠিন প্রশ্ন। ছোটরা মিথ্যা বললে শাস্তি পায়, বড়রা পায় না কেন? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই এক রাতে একা ঢাকাগামী বাসে উঠে বসে মেয়েটি। এরপরই গল্প মোড় নেয় ভিন্ন দিকে।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাহাদাৎ হোসেন, নাজনীন হাসান চুমকি, শিশুশিল্পী তানায আজিম, হাফিজুর রহমান সুরুজ, সৈয়দ মোশাররফ, মণি কাঞ্চন ও মিন্টু সরদারসহ অনেকে।