১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অপর্ণা সেন নাকি মৃণাল সেনের মেয়ে, বললো এআই

“গুগল এআইয়ের কাছে আমি চির কৃতজ্ঞ। এআই আমার আপন বোনকে খুঁজে এনে দিয়েছে।“

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2025, 08:57 PM

Updated : 26 Aug 2026, 01:13 PM

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির কল্যাণে ভারতের প্রখ্যাত চলচ্চিত্রকার মৃণাল সেন সম্পর্কে বেরিয়ে এসেছে এক অভিনব তথ্য। তা হল মৃণাল সেনের একজন কন্যা সন্তান আছেন, তিনি হলেন ভারতীয় অভিনেত্রী অপর্ণা সেন!

কোনো কিছু জানতে অথবা লেখালেখি, ছবি তৈরি, ভিডিও সম্পাদনা বা ভয়েসওভারের কাজে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারস্থ হওয়া হালের দুনিয়ায় সাধারণ ঘটনায় দাঁড়িয়েছে। এছাড়া প্রশ্নের উত্তরে এআই প্রযুক্তি যা জানায় তা অনেকেই নির্ভুল বলে ধরে নেন। সেই এইআই জানালো এমন একটি ভুল তথ্য।

কলকাতার সংবাদমাধ্যম লিখেছে, ফেইসবুকে মৃণাল সেনের একমাত্র সন্তান তার ছেলে কুনাল সেন বিষয়টি নিয়ে রসিকতা করে একটি পোস্ট দিয়েছেন। 

যুক্তরাষ্ট্রের শিকাগোয় বসবাস করা অধ্যাপক কুনাল লিখেছেন, “গুগল এআইয়ের কাছে আমি চির কৃতজ্ঞ। এআই আমার আপন বোনকে খুঁজে এনে দিয়েছে। আমার যে একজন বোনও আছেন, এত বছরেও জানতে পারিনি। অদ্ভুত বিষয়, সেই বোনকে আমি ছোটবেলা থেকেই চিনি। 

“কিন্তু জানতেই পারিনি তার আর আমার এমন মধুর সম্পর্কও আছে। রিনাদি, (অপর্ণা সেন) এমন এক ক্ষণিকের আবিষ্কারকে আমাদের উদযাপন করা উচিত।“

পাশাপাশি এআইয়ের সার্চের যে উত্তর এসেছে, সেই ছবিও ফেইসবুকে দিয়েছেন কুনাল। 

তাতে লেখা আছে, “মৃণাল সেনের কন্যা অপর্ণা সেন। তিনি একজন বিখ্যাত পরিচালক, চিত্রনাট্যকার এবং অভিনেত্রী। মূলত বাংলা সিনেমায় কাজ করেই সুনাম অর্জন করেছেন। তাকে অনেকে অপর্ণা দাশগুপ্ত হিসেবেও চেনেন। মৃণাল সেনের আরও এক সন্তান আছেন। তিনি পুত্র কুণাল সেন।“

কুণালের পোস্টের কমেন্টে কেউ লিখেছেন, “জীবনানন্দ দাশের কবিতার নায়িকা বনলতা সেনও তার (অপর্ণা সেন) সম্পর্কে কেউ না কেউ হয়। মিস ইউনিভার্স সুস্মিতা সেন তার কে?”

কারো ভাষ্য এআইয়ের উপর ভরসা করলে সব তছনছ হবে। 

কেউ আবার বিষয়টিকে হেসে উড়িয়ে দিয়েছেন।

১৯২৩ সালের ১৪ মে বাংলাদেশের ফরিদপুরে জন্ম মৃণাল সেনের। রূপালি জগতে নির্মাতা হিসেবে তার অভিষেক ঘটে ১৯৫৫ সালের ‘রাতভোর’ সিনেমায়। তবে এরপরের দুই চলচ্চিত্র ‘নীল আকাশের নীচে’ ও ‘বাইশে শ্রাবন’ তাকে এনে দেয় আর্ন্তজাতিক পরিচিতি।

মৃণাল সেনের একমাত্র সন্তান হলেন কুণাল। বাবাকে তিনি সম্বোধন করতেন ‘বন্ধু’ নামে। 

আর অভিনেত্রী অর্পণা সেন হলেন চলচ্চিত্র নির্মাতা ও সমালোচন চিদানন্দ দাশগুপ্তের মেয়ে।