Published : 29 Jul 2026, 06:55 PM
‘এইসব দিনরাত্রি’সহ আরও বহু নাটকের পেছনের কারিগর মুস্তাফিজুর রহমান রাজধানীর বানানী কবরস্থানে শায়িত হয়েছেন।
জানাজা শেষে বুধবার বিকালে তাকে দাফন করা হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
বিটিভির সাবেক মহাপরিচালক মুস্তাফিজুর রহমান পরে বাংলাভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করেন। সেখান থেকে পরে গাজী টেলিভিশনেও যোগ দেন।
গত রোববার উত্তরায় নিজের বাসায় মারা যান মুস্তাফিজুর রহমান। তার বয়স হয়েছিল ৮২ বছর।
দুই ছেলে রানা মুস্তাফিজ ও অভি মুস্তাফিজ দেশের বাইরে থাকায় গত কদিন তার মরদেহ রাখা হয় মহাখালীর একটি হাসপাতালে।
বাংলাদেশ টেলিভিশনের সাবেক উপ মহাপরিচালক, লেখক খ ম হারূন জানান, দুই সন্তান দেশে ফেরার পর বুধবার মুস্তাফিজুর রহমানের জানাজা হয়।
এদিন সকাল ১০টায় তার কফিন নেওয়া হয় তার দীর্ঘদিনের কর্মস্থল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনে।
সেখানে খ ম হারূন ছাড়াও সাবেক পরিচালক নওয়াজিশ আলী খান, সাবেক বার্তা পরিচালক হাসিম রেজা, সাবেক উপ মহাপরিচালক মেনকা হাসান, বর্তমান মহাপরিচালক মাহবুবুল আলমসহ বিটিভিতে তার সহকর্মী ও শুভানুধ্যায়ীরা শ্রদ্ধা নিবেদন করেন।
বিটিভিতে জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হয় চ্যানেল আই প্রাঙ্গণে। সেখানে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরসহ বিনোদন জগতের কয়েকজন ছিলেন।
এরপর উত্তরা ৩ নম্বর সেক্টর জামে মসজিদে আরেকবার জানাজা শেষে মুস্তাফিজুর রহমানকে বিকালে বনানী কবরস্থানে দাফন করা হয় বলে তার স্ত্রী নজরুলসংগীত শিল্পী রওশন আরা মুস্তাফিজ জানান।
১৯৮৫ সালে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ দর্শকদের জন্য নিয়ে আসেন ধারাবাহিক নাটক ‘এইসব দিনরাত্রি’। ওই নাটকের পাণ্ডুলিপি পড়ে প্রযোজনার দায়িত্ব নিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। নাটকটি অসামান্য জনপ্রিয়তা পাওয়ার কৃতিত্ব মুস্তাফিজুর রহমানকে দিতে চান খ ম হারূন।
তিনি বলেন, “হুমায়ূন তখন সদ্য বিদেশ থেকে ফিরেছেন। এক পর্বের নাটক হিসেবে ‘এইসব দিনরাত্রি’ লিখেছিলেন। পাণ্ডুলিপি পড়ে মুস্তাফিজ ভাই বললেন নাটকটি ধারাবাহিক করলে কেমন হয়? বললেন, ‘তুমি এটা ধারাবাহিক করে লিখতে পারবা, চরিত্রগুলোকে ওরকমভাবে সাজাও’।
“হুমায়ূনের তখন আর্থিকভাবে আরেকটু স্বচ্ছল হওয়া প্রয়োজন ছিল। তিনিও লিখলেন। নাটকও সবাই পছন্দ করল। হুমায়ূনও জনপ্রিয় হলেন, পরিচিতি হলেন।”
খ ম হারূন বলেন, “হুমায়ূনের জনপ্রিয়তার পেছনে তিনিই (মুস্তাফিজুর রহমান) নেপথ্য কারিগর।”
হুমায়ূন আহমেদের গল্প ‘শঙ্খনীল কারাগার’ থেকে সিনেমা পরিচালনা করেছিলেন মুস্তাফিজুর রহমান। সিনেমার চিত্রনাট্যও তারই করা।
খ ম হারূনের ভাষায়, মুস্তাফিজুর রহমান টেলিভিশন ‘বুঝতেন’। এই মাধ্যম নিয়ে তার আগ্রহ ছিল। বহু মানুষকে তৈরি করার চেষ্টা করেছেন বর্তমান সময়ের মিডিয়ার উপযোগী হওয়ার জন্য।
‘এইসব দিনরাত্রি’ ছাড়াও মুস্তাফিজুর রহমান ‘পারলে না রুমকি’, ‘সময় অসময়’সহ আরও বহু জনপ্রিয় নাটক প্রযোজনা করেছেন।
পুরনো খবর