Published : 22 Apr 2026, 08:23 PM
ক্যান্সারের সঙ্গে লড়ছেন দেশের বিনোদন অঙ্গনের তিন শিল্পী।
নাট্যকার ও পরিচালক মাতিয়া বানু শুকুর আট মাস আগে ক্যান্সার ধরা পড়েছে। আর দুই মাস ধরে খাদ্যনালির ক্যান্সারে ভুগছেন ছোট পর্দার অভিনেতা তারিকুজ্জামান তপন।
এছাড়া চলচ্চিত্রের নৃত্য পরিচালক জাকির হোসেনও কোলন ক্যান্সারের চিকিৎসা নিচ্ছেন।
পরিচালক শুকুর অসুস্থতার খবর দিয়েছেন তার স্বামী নির্মাতা নূরুল আলম আতিক।
তিনি বলেছেন, প্রায় আট মাস আগে মাতিয়া বানু শুকুর শরীরে ক্যান্সার ধরা পড়ে। এখন তার চিকিৎসা চলছে।
দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে মাতিয়া বানু বাংলাদেশের ছোট পর্দা এবং চলচ্চিত্রে সৃজনশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে মধ্যবিত্ত জীবন ও সামাজিক বাস্তবতার গল্পগুলো তার নির্মাণে নিপুণভাবে ফুটে ওঠে।
তিনি ২০২১ সালের ‘লাল মোরগের ঝুঁটি’ সিনেমার জন্য প্রযোজক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এ ছাড়া ‘গোল্লাছুট’, ‘যেখানে সীমান্ত তোমার’ এবং ‘প্রজ্ঞা পারমিতা’ এর মত জনপ্রিয় টেলিফিল্ম, ধারাবাহিক নাটক রচনা ও পরিচালনা করেছেন।
খাদ্যনালির ক্যান্সারে আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন।
অভিনেতার স্ত্রী সাবিনা হেলেন গ্লিটজকে বলেন, “তপনের অবস্থা ভালো না। চিকিৎসকরা বলেছেন, ক্যানসারটি চতুর্থ পর্যায়ে আছে। তিনটি কেমোথেরাপি দেওয়া হয়েছে। ওজন কমে যাওয়ায় কেমোথেরাপি দেওয়া যাচ্ছে না। কিছুই খেতে পারেন না। শরীরের অবস্থা ভালো না।”
টেলিভিশন নাটক ও সিনেমা দুই মাধ্যমেই কাজ করেছেন তারিকুজ্জামান তপন। কমেডি চরিত্রে অভিনয় করতেন তিনি।
তপনের অভিনীত চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘আলতা বানু’, ‘ঠিকানা’, ‘যা ছিল অন্ধকারে’। আর টেলিভিশন নাটকের মধ্যে রয়েছে ‘জোড়া শালিক’, ‘হাতছানি’, ‘অল্পে গল্পে’ ও ‘মৃত্তিকার যাত্রা’।
নৃত্য পরিচালক জাকির হোসেনের দেশে কেমোথেরাপি চলছে। তার ক্যান্সারের খবরটি দিয়েছেন অভিনেতা জয় চৌধুরী।
তিনি গ্লিটজকে বলেন, “জাকির হোসেনের দুই মাস আগে ক্যানসার ধরা পড়েছে। তিনি কোলন ক্যানসারে আক্রান্ত। দেশেই চিকিৎসা চলছে। দেশের বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। জাকির ভাই যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন তার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।”
দীর্ঘদিন ধরে চলচ্চিত্রে নৃত্য পরিচালনার সঙ্গে যুক্ত জাকির। আগের বহু সিনেমায় নৃত্য নির্দেশনা দিয়েছেন তিনি।