Published : 10 Feb 2026, 02:37 PM
অ্যাপেন্ডিকসের অস্ত্রোপচার করার কারণে শারীরিকভাবে ‘অসুস্থ থাকায়’ আদালতে আসতে পারেননি চিত্রনায়িকা পরীমনি।
একারণে সাভারের বোট ক্লাবে মারধর, বিভিন্ন ধরনের হুমকি ও যৌন হয়রানির মামলায় তাকে জেরা হয়নি।
ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক শাহাদাৎ হোসেন হোসেন ভূঁইয়ার আদালতে পরীমনিকে জেরার দিন ধার্য ছিল মঙ্গলবার। তবে তিনি আদালতে না আসায় জেরার দিন পিছিয়ে আগামী ৯ অগাস্ট ধার্য করা হয়েছে।
পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) বলেন, “পরীমনির শরীর ভালো না। কয়েকদিন আগে অ্যাপেন্ডিকসের অপারেশন করেছে। অসুস্থ থাকায় আদালতে আসতে পারেনি। এ সময় আমরা সময় আবেদন করি। আদালত সময় আবেদন মঞ্জুর করে ৯ অগাস্ট পরবর্তী দিন ধার্য করেছেন।"
এর আগে গত বছরের ৯ সেপ্টেম্বর মামলাটি জেরার জন্য ছিল। ওই সময়ে পরীমনির দুই বাচ্চাকে টিকা দেওয়ায় তারা কিছুটা অসুস্থ থাকায় আদালতে আসেননি তিনি। এ কারণে ওইদিনও তার জেরা হয়নি।
এরও গত ২৬ মে এ মামলায় আদালতে আসেন পরীমনি। তবে আদালতে এসে অসুস্থ হয়ে পড়ায় জেরা হয়নি।
২০২১ সালের ৮ জুন পরীমনি সাভারের বিরুলিয়ায় তুরাগ তীরে ওই ক্লাবে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ তুললে শোরগোল পড়ে যায়।
ওই বছরের ১৩ জুন রাতে পরীমনি এক ফেইসবুক পোস্টে লেখেন, “আমি শারীরিক নির্যাতনের শিকার হয়েছি। আমাকে রেপ এবং হত্যা করার চেষ্টা করা হয়েছে। আমি এর বিচার চাই।”
ওই ঘটনায় প্রধানমন্ত্রীর কাছে বিচার চেয়ে লেখা এই পোস্ট দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পোস্টটি দেওয়ার ঘণ্টাখানেক পর গুলশানে নিজের বাড়িতে সংবাদ সম্মেলন করে অভিযোগ জানান পরীমনি। পরদিন ধর্ষণচেষ্টা, হত্যাচেষ্টা ও মারধরের অভিযোগে সাভার মডেল থানায় মামলা করেন এই চিত্রনায়িকা।
মামলা দায়েরের পরই রাজধানীর উত্তরার এক নম্বর সেক্টরের ১২ নম্বর রোডের বাসা থেকে ব্যবসায়ী নাসির উদ্দিন ও তার বন্ধু তুহিন সিদ্দিকী অমিকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ। তদন্ত শেষে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন ৭ সেপ্টেম্বর তিনজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন।
অভিযুক্তরা হলেন- নাসির উদ্দিন, তুহিন সিদ্দিকী অমি ও শহীদুল আলম। তারা জামিনে আছেন।
এরপর ২০২২ বছরের ১৮ মে অভিযোগ গঠনের মধ্য দিয়ে আসামিদের বিচার শুরুর আদেশ দেয় আদালত।
ওই বছরের ২৯ নভেম্বর পরীমনির আংশিক জবানবন্দি গ্রহণের মাধ্যমে সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া শুরু হয়।