২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

ভালোবাসা দিবসে কি বিয়ের পিঁড়িতে বসবেন ধানুশ-ম্রুণাল?

এ দুই তারকার প্রেমের গুঞ্জন চলছিল বেশ কিছু দিন ধরে।

ভালোবাসা দিবসে কি বিয়ের পিঁড়িতে বসবেন ধানুশ-ম্রুণাল?
ধানুশ ও ম্রুণাল ঠাকুর।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2026, 07:03 PM

Updated : 26 Aug 2026, 05:35 PM

ভারতের দক্ষিণী সিনেমার অভিনেতা ধানুশ ও হিন্দি সিনেমার অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের প্রেমের গুঞ্জন শেষ, এবার তাদের ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে। 

শোনা যাচ্ছে, ভালোবাসা দিবস আগামী ১৪ ফেব্রুয়ারিতেই জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন এই দুই তারকা।  

এনডিটিভি লিখেছে, গত বছরের শুরু থেকেই ম্রুণাল ঠাকুর ও ধানুশের প্রেমের গুঞ্জন চলছিল। সংবাদমাধ্যম ‘ফ্রি প্রেস জার্নাল’ তাদের প্রতিবেদনে দাবি করেছে, আগামী ১৪ ফেব্রুয়ারি ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের নিয়ে একান্ত আয়োজনে বিয়ে করতে পারেন ধানুশ ও ম্রুণাল। 

যদিও এ বিষয়ে এখন পর্যন্ত দুজনের কেউই আনুষ্ঠানিক মন্তব্য করেননি।  

গত বছর ম্রুণাল অভিনীত 'সন অব সরদার ২’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে হাজির হয়েছিলেন ধানুশ। সেখান থেকেই সোশাল মিডিয়ায় তাদের নিয়ে বেশ আলোচনার শুরু হয়। 

সে সময় ম্রুণাল জানিয়েছিলেন, ‘সন অব সরদার ২’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে ধানুশের উপস্থিতির বিষয়টি ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে, যা উচিত নয়। অভিনেতা অজয় দেবগনের আমন্ত্রণেই সেখানে গিয়েছিলেন ধানুশ।  

এরপর দুজনকে আরও কিছু অনুষ্ঠানেও একসঙ্গে পাওয়া যায়। দিনেদিনে দুই অভিনয়শিল্পীর ঘনিষ্ঠতা নিয়ে কৌতূহল বাড়ে ভক্তদের।

এছাড়া ধানুশের ‘তেরে ইশক মে’ সিনেমার সঙ্গে যুক্ত না থাকা সত্ত্বেও ম্রুণাল ওই সিনেমার র‍্যাপআপ পার্টিতে যান, যা নিয়েও অনুরাগীরা প্রশ্ন তোলেন। গেল ১ অগাস্ট ম্রুণালের জন্মদিনের পার্টিতেও উপস্থিত ছিলেন ধানুশ।

ম্রুণাল অবশ্য বরাবরই বলে এসেছেন, “ধানুশ তার কেবলই একজন ভালো বন্ধু।”   

এদিকে নিউজ ১৮ এর একটি প্রতিবেদনে লেখা হয়েছে, দক্ষিণী সিনেমায় কাজ করতে গিয়েই ধানুশের সঙ্গে ম্রুণালের ঘনিষ্ঠতা বাড়ে। সম্পর্কটি এখনও নতুন হওয়ায়, এখনই তা প্রকাশ্যে আনতে চান না তারা। তবে একসঙ্গে বাইরে বের হওয়া বা ক্যামেরাবন্দি হতে তারা স্বচ্ছন্দ। তাদের বন্ধুমহলও এই সম্পর্ককে ইতিবাচকভাবে দেখছে।    

কেবল তাই নয়, ধানুশের দুই বোন কার্তিকা কার্তিক ও বিমলা গীতাকে ইনস্টাগ্রামে ফলো করছেন ম্রুণাল।

ধানুশ এর আগে অভিনেতা রজনীকান্তর কন্যা নির্মাতা ঐশ্বরিয়া রজনীকান্তকে বিয়ে করেন। ২০২২ সালে তারা আলাদা থাকার সিদ্ধান্ত নেন। ২০২৪ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। ২০ বছরের দাম্পত্য জীবনে তাদের দুই সন্তান রয়েছে।