২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পূজায় মুখার্জি বাড়ির তারার মেলায়

মুম্বাইয়ের জুহুতে মুখার্জিবাড়ির সদ্যসদের প্রতিবছর এক ছাদের নিচে ফিরিয়ে আনে দুর্গোৎসব। সেই উৎসবে আলো ছড়ান বাড়ির তারকা মেয়ে-বউরা। বছরের এই পাঁচটি দিন তনুজা-কাজল-রানিদের নিয়ে পরিবারের বাকিরা মেতে ওঠেন আনন্দে। মুখার্জিদের এ পারিবারিক আয়োজন কেবল নিজেদের মধ্যে সীমাবদ্ধ থাকে না, তাদের নিমন্ত্রণে বহু তারকা অভিনয় শিল্পী, নির্মাতা, প্রয়োজকরা হাজির হন। কোভিড মহামারীতে দুবছর আয়োজনে ছেদ পড়েছিল; এবার জৌলুশ ফিরেছে। এবারের বিশেষ আকর্ষণ ব্রহ্মাস্ত্র টিমের নায়ক রণবীর। মুখার্জিদের পূজায় তারকাদের মিলনমেলার গল্প তুলে এনেছে এনডিটিভি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2022, 12:11 PM

Updated : 05 Oct 2022, 12:20 PM

Image

বছরে আর কখনও না হোক, পূজা এলে দুই চাচাতো বোন কাজল ও রানিকে এক ফ্রেমে পাওয়া যাবেই। একসঙ্গে তাদের ছবি তোলার জন্য আলোকচিত্রীরাও মুখিয়ে থাকেন। এবার সোনালি-ঘিয়ে সিল্কের শাড়ি আর গলায় বড় মালা পরেছিলেন রানি মুখার্জি। কিন্তু মিষ্টি রঙের শিফন শাড়িতে কাজলের মুখে কি বিরক্তির রেখা?

Image

সিল্কের পাজামা-পাঞ্জাবির উপরে হালকা নীল রঙের সুতোয় কাজ করা স্লিভলেস কোট চাপানো রণবীর কাপুরকে দেখা গেল কিছুটা ক্যাজুয়াল ভঙ্গিতে। অন্ত্বঃসত্ত্বা স্ত্রী অভিনেত্রী আলিয়া ভাটকে ছাড়াই এসেছিলেন মুখার্জি বাড়ির পূজায়। কিছুদিন আগে মুক্তি পাওয়া রণবীর অভিনীত ‘ব্রহ্মাস্ত্র:পার্ট ওয়ান শিবা’ ভালো ব্যবসা করছে।

Image

সাদা শিফন শাড়িতে ছিপছিপে মৌনি রায়ের সাজে আভিজাত্য এনে দিয়েছে ভারী গলার হার। একজন কত্থকশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করলেও টেলিভিশন সিরিয়াল ‘নাগিন’ তাকে আলোচনায় নিয়ে আসে। ব্রহ্মাস্ত্রে তার অভিনয়ও প্রশংসিত হচ্ছে।

Image

ভিড়ের মধ্যে ক্যামেরার ফ্রেমে মৌনির সঙ্গে বন্দি ব্রহ্মাস্ত্রের পরিচালক অয়ন মুখার্জি। তরুণ এই নির্মাতার পরনে গাঢ় মেরুন রঙের পাঞ্জাবি। অমিতাভ বচ্চন, শাহরুখ খান থেকে শুরু করে অনেক অভিনেতারই পছন্দের পরিচালক তিনি। বিশাল বাজেটে দীর্ঘ সময় নিয়ে ‘ব্রহ্মাস্ত্র:পার্ট ওয়ান শিবা’ নির্মাণ করে আপাতত তিনি আলোচনায়।

Image

টেলিভিশনের জন্য বিজ্ঞাপন নির্মাতা হয়ে ক্যারিয়ার শুরু করা অনুরাগ বাসু একসময় পরিচিতি পান চলচ্চিত্রকার ও প্রযোজক হিসেবে। ২০০৩ সালে ‘কুছ তো হ্যায়’ সিনেমা পরিচালনা করে ইন্ডাস্ট্রিতে নাম করেন। মুখার্জিদের বাড়ির পূজায় অনুরাগকে দেখা গেল সিল্কের পাঞ্জাবি-পাজামায়।

Image

রোববারের সপ্তমী পূজায় ভাতিজি ও মেয়ে কাজল, তানিশা এবং শর্বানীর সঙ্গে কথা বলছিলেন দেব মুখার্জি। তিনি নির্মাতা অয়ন মুখার্জির বাবা। দেব মুখার্জির তত্ত্বাবধানেই গত কয়েক বছর ধরে পারিবারিক এই পূজার আয়োজন হচ্ছে।

Image

চাচাতো বোন শর্বনী মুখার্জির সঙ্গে খুনসুটি আর আলাপচারিতায় হাস্যোজ্জ্বল কাজল ও তানিশা। শর্বানী হলেন দেব মুখার্জির মেয়ে এবং অয়নের বোন। এ বাড়ির পূজা আয়োজনে তার ভূমিকাও গুরুত্বপূর্ণ।

Image

এবারের দুর্গাপূজায় মুম্বাইয়ে আছেন হৃত্বিক রোশান। ঘুরছেন মণ্ডপেও। বলিউডের ‘ফিট’ নায়ক চোখে সোনালি শেডের গ্লাস আর বরাবরের ফ্যাশন টিশার্টেই দেবীদর্শন করেন সপ্তমীতে। ছবি তোলেন ভক্তদের সাথেও। মহামারীর পর অন্যদের মতই শুটিং শিডিউলে দারুণ ব্যস্ত হৃত্বিক। গেল শুক্রবারই দুধ্বর্ষ গ্যাংস্টার চরিত্রে ‘বিক্রম-বেদা’ সিনেমায় পর্দায় এসেছেন তিনি।